ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

শুধু কোচ বদলে ইউনাইটেডের খরচ ১২৯ মিলিয়ন ডলার


শুধু কোচ বদলে ইউনাইটেডের খরচ ১২৯ মিলিয়ন ডলার

স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ যেন একটি মিউজিক্যাল চেয়ার হয়ে উঠেছে। একজন কোচ আসেন, কিছুদিন দায়িত্ব পালন করেন, পরে ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। নতুন কোচ খুঁজতে গিয়ে গত ১৩ বছরে ক্লাবটির খরচ কম হয়নি। কোচ নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ বাবদ ইউনাইটেডের খরচ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার।

স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। ইউনাইটেডের তালিকায় সর্বশেষ বিদায় নেওয়া নাম মাইকেল ক্যারিক, যিনি অষ্টম স্থায়ী কোচ হিসেবে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। কোচদের নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ হিসাব করলে ক্লাবটির মোট ব্যয় দাঁড়িয়েছে ১২৯ মিলিয়ন ডলারে। উল্লেখ্য, এই অঙ্কের মধ্যে কোচদের বেতন অন্তর্ভুক্ত নয়।

হোসে মরিনিও সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁকে বরখাস্ত করার পর ইউনাইটেডকে দিতে হয়েছিল ২৬.২ মিলিয়ন ডলার। এরপর রালফ রাংনিকের বিদায়েও বড় অঙ্কের খরচ হয়। ২০২১-২২ মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার সময় তাঁকে দেওয়া হয়েছিল ১৯.৬ মিলিয়ন ডলার। যদিও তাঁর স্বল্পমেয়াদি কোচের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হল অব ফেমে ২০২৭ সালে স্থান পাচ্ছেন ডেভিড বেকহাম

রুবেন আমোরিমের নিয়োগ ও বিদায়ের অভিজ্ঞতা ছিল সবচেয়ে ব্যয়বহুল। স্পোর্টিং সিপি থেকে তাঁকে আনতে ইউনাইটেডকে ১৪.৭ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে দায়িত্ব হারানোর পর তিনি ক্ষতিপূরণ হিসেবে আরও ১৩.৪ মিলিয়ন ডলার পান। অর্থাৎ তাঁর পেছনে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৮.১ মিলিয়ন ডলার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনাইটেডের কোচদের মধ্যে প্রিমিয়ার লিগে তাঁর জয়ের হার ছিল সবচেয়ে কম।

ক্লাবটি কোচ নিয়োগে অন্যদের পেছনেও অর্থ ব্যয় করেছে। ওলে গুনার সুলশারের জন্য মোলদেকে ১.৩ মিলিয়ন ডলার এবং এরিক টেন হাগের জন্য আয়াক্সকে ২.১ মিলিয়ন ডলার দিতে হয়েছিল। তাঁদের বিদায়ের ক্ষতিপূরণ ছিল যথাক্রমে ১৩.৪ ও ১৩.৯ মিলিয়ন ডলার। লুই ফন গাল পেয়েছিলেন ১১.২ মিলিয়ন ডলার, আর ডেভিড ময়েসের বিদায়ে খরচ হয়েছিল ৬.৫ মিলিয়ন ডলার।

ক্যারিকের বিদায়ে ইউনাইটেডের খরচ তুলনামূলকভাবে কম হচ্ছে। মে মাসে চুক্তি করার সময় রাখা ব্রেক ক্লজের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়ের বেতন বাবদ ৬.৭ মিলিয়ন ডলার দিতে হবে তাঁকে। ২০১৪ সালে ময়েসের বিদায়ের পর এটিই কোনো কোচকে বরখাস্ত করতে ইউনাইটেডের দেওয়া সর্বনিম্ন ক্ষতিপূরণ।

সব মিলিয়ে কোচদের নিয়োগে ১৮.১ মিলিয়ন এবং বরখাস্তে ১১০.৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে ইউনাইটেড। অর্থাৎ নতুন কোচ আনার চেয়ে বিদায় জানাতে অনেক বেশি অর্থ খরচ হয়েছে তাদের। ২০১৬ সালে পল পগবাকে জুভেন্টাস থেকে ফিরিয়ে আনতে যে ১১৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিল ক্লাবটি, কোচদের পেছনে খরচ তার চেয়েও বেশি।

আরও পড়ুন: বার্সা-ব্রাজিলের টানাটানিতে এবার মুখ খুললেন রাফিনিয়া

এখন ক্যারিকের উত্তরসূরি খুঁজছে ইউনাইটেড। প্রতিবেদনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন কোচ। তবে তাঁর চুক্তিতে ১০ মিলিয়ন ডলারের বাইআউট ক্লজ রয়েছে। কোচিং স্টাফকে সঙ্গে আনতে হলে ইউনাইটেডকে আরও অর্থ খরচ করতে হতে পারে।

বিকল্প হিসেবে আলোচনায় আছেন উনাই এমেরি, ইয়ুলিয়ান নাগলসমান ও আন্তোনিও কন্তেও। অ্যাস্টন ভিলার কোচ এমেরিকে পেতে প্রায় ২৭ মিলিয়ন ডলার দাবি করতে পারে তাঁর বর্তমান ক্লাব। নাগলসমান ও কন্তে বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকায় তাঁদের নিয়োগে ক্ষতিপূরণ দিতে হবে না। নিউক্যাসল ছেড়ে যাওয়া এডি হাওয়েকেও বিবেচনায় রাখতে পারে ইউনাইটেড; তাঁকে নিয়োগ দিলে প্রায় ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফার্গুসনের পর একের পর এক কোচ বদল করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ নিয়োগের আগে তাদের সামনে বড় প্রশ্ন হলো—আর কত অর্থ খরচ করলে মিলবে সঠিক উত্তর?

আরও পড়ুন: স্বার্থের সংঘাত এড়াতে নেইমারের বাবার সান্তোস ক্লাবে এজেন্ট নিবন্ধন স্থগিতের আবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে শ্রমিক নেতা মোহাম্মদ রাসেল হত্যা: স্ত্রী ও শালীসহ ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নোয়াখালীতে শ্রমিক নেতা মোহাম্মদ রাসেল হত্যা: স্ত্রী ও শালীসহ ৩ জন আটক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল (৩২) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫) কে আটক করেছে এসআরবি-১১।

আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছেন, পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভের ফলস্বরূপ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

শুক্রবার সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা, সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

গত কয়েক বছর ধরে মুক্তার সেলিমের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এর ফলস্বরূপ মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে মুক্তা সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তা তাকে তাদের বাড়িতে আসতে বলেন। রাত ১০টার দিকে রাসেল মুক্তার বাড়িতে আসেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুক্তা এবং অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মৃতদেহটি একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও অন্য আসামিরা।

গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেয়া অবস্থায় রাসেলের মৃতদেহ উদ্ধার করে। পরে রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুরের কাউখালীতে শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে স্থানীয় হাট-বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন শাকসবজির সরবরাহ। বাজারে নানা ধরনের সবজির পর্যাপ্ত উপস্থিতি দেখা গেলেও দাম এখনো পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি। কিছু সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও অধিকাংশ পণ্যের চড়া দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারের সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, কাঁচাবাজারের প্রায় প্রতিটি দোকানেই শীতকালীন ও মৌসুমি সবজির সমাহার। তবে সরবরাহ বাড়লেও বাজারে তার কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুলা ৩০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, শালগম ৬০ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কচুর গাটি ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১০০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়।
ব্যবসায়ীদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্থানীয় উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। ফলে কাউখালীর বাজারে বিক্রি হওয়া সবজির বড় একটি অংশ খুলনা, যশোর ও বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি মাধ্যমে আনতে হচ্ছে। এর ফলে পরিবহন খরচ ও ক্রয়ের বাড়তি প্রভাব সরাসরি পড়ছে খুচরা বাজারে।
দক্ষিণ বাজারের সবজি বিক্রেতা মোঃ আলামিন জানান, স্থানীয়ভাবে উৎপাদন কম থাকায় বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বেশি দামে সবজি কিনে আনতে হয়। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় উৎপাদন ও সরবরাহ আরও বৃদ্ধি পেলে সবজির দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তিনি।
বাজারে সবজির পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দাম প্রত্যাশিত হারে না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা সরোয়ার হোসেন অভিযোগ করেন, বাজারে সবজির কোনো কমতি নেই, অথচ দাম সেই তুলনায় কমেনি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের সুবিধামতো কাঁচামালের দাম ওঠানামা করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যান্য ক্রেতাদের মতে, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণের সুযোগ পাচ্ছেন। এর ফলে নির্দিষ্ট ও সীমিত আয়ের মানুষকে প্রতিনিয়ত বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে।
সাধারণ মানুষের দাবি, বাজারে সবজির সরবরাহ ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট মহলের এমন নজরদারি নিশ্চিত হলেই কেবল নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান কিনলেন ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান কিনলেন ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসল

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডে একটি ঐতিহাসিক প্রাসাদ কিনেছেন। এই প্রাসাদটি ওয়াটারফোর্ড কাউন্টিতে অবস্থিত স্ট্রানক্যালি ক্যাসল, যা এখন তাদের সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, এই সম্পত্তিটি প্রায় ৪৪০ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এখানে একটি তিনতলা প্রাসাদ রয়েছে, যা গথিক পুনর্জাগরণ স্থাপত্যশৈলীতে নির্মিত। প্রাসাদের পাশ দিয়ে বয়ে গেছে ব্ল্যাকওয়াটার নদী। মেটার ইউরোপীয় প্রধান কার্যালয় থেকে প্রাসাদটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

সরকারি স্থাপত্যবিষয়ক নথি অনুযায়ী, প্রাসাদটি ১৮৩০ সালের দিকে ব্ল্যাকওয়াটার নদীর দিকে মুখ করে নির্মিত হয়। ২০০৩ সালে ভবনটির ব্যাপক সংস্কার করা হয়। জাকারবার্গের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এবং তার পরিবার ঐতিহাসিক বাড়িটির দেখাশোনার দায়িত্ব পেয়ে আনন্দিত। তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।

আয়ারল্যান্ডে মেটার প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের ইউরোপীয় প্রধান কার্যালয়ও দেশটিতে অবস্থিত। তুলনামূলক সুবিধাজনক করব্যবস্থার কারণে এসব প্রতিষ্ঠান আয়ারল্যান্ডকে বেছে নিয়েছে।

আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী, প্রাসাদের মূল ভবন ও এর সঙ্গে থাকা সর্বোচ্চ এক একর জমির জন্য জাকারবার্গ দম্পতি ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার ইউরো প্রদান করেছেন। ২০২৬ সালের ১৭ আগস্ট আয়ারল্যান্ডের সম্পত্তির মূল্য নিবন্ধনে এই বিক্রির তথ্য নথিভুক্ত করা হয়। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। তবে সম্পত্তির পুরো মূল্য আরও বেশি হতে পারে, কারণ নিবন্ধনে উল্লেখ করা দামের মধ্যে ৪৪০ একর জমির পুরো মূল্য অন্তর্ভুক্ত নেই।

স্ট্রানক্যালি ক্যাসলের ইতিহাস প্রায় ১৮৩০ সাল থেকে শুরু হয়। প্রাসাদটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। গথিক পুনর্জাগরণ স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটিতে ঐতিহ্যবাহী নকশা বিদ্যমান। আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রাসাদটি মূলত জন কিলির জন্য নির্মাণ করা হয়েছিল, যিনি আয়ারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ছিলেন। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইন ভবনটির নকশা তৈরি করেন। ঐতিহাসিক নকশা এবং বিশাল আকারের জন্য প্রাসাদটি সুপরিচিত।

এই তিনতলা প্রাসাদের চারপাশে বিস্তীর্ণ জমি রয়েছে, যেখানে বনভূমি ও খোলা জায়গা বিদ্যমান। আইরিশ ফার্মার্স জার্নালের তথ্য অনুযায়ী, সম্পত্তিটির ভেতর দিয়ে বয়ে যাওয়া ব্ল্যাকওয়াটার নদীর তীরে একটি ব্যক্তিগত নৌকা ভেড়ানোর ঘাটও রয়েছে। গত দুই দশকে প্রাসাদটিতে বড় ধরনের সংস্কার করা হয়েছে। আগের মালিক মাইকেল ও জিয়ানকার্লা অ্যালেন-বাকলি দীর্ঘ সময় ধরে ঐতিহাসিক এই সম্পত্তির দেখাশোনা ও সংস্কার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হামলার প্রতিবাদে রাজধানীতে খেলাফত আন্দোলনের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


সৌদি আরবে হামলার প্রতিবাদে রাজধানীতে খেলাফত আন্দোলনের মিছিল

বাংলাদেশ খেলাফত আন্দোলন, সৌদি আরবে হুতিদের হামলার বিরুদ্ধে রাজধানীতে একটি মিছিল করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের পূর্ব সমাবেশে, বায়তুল মোকাররম উত্তর গেটে বক্তারা উল্লেখ করেন, সৌদিতে হুতি গোষ্ঠীর হামলা একটি সন্ত্রাসী কার্যক্রমের উদাহরণ। বক্তারা ওই সময় সেদেশের জানমাল রক্ষার জন্য এবং হুতিদের প্রতিরোধে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%