ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইকবাল ও নিৎশের সংলাপে আধুনিক মানুষের সংকট


ইকবাল ও নিৎশের সংলাপে আধুনিক মানুষের সংকট

সম্ভবত গত পাঁচশ বছরে, অর্থাৎ ইবনে খালদুন-এর আল-মুকাদ্দিমার পরে মুসলিম চিন্তার জগতে রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থগুলোর একটি হলো মুহাম্মদ ইকবাল-এর The Reconstruction of Religious Thought in Islam। এই বইয়ে ইকবাল ইসলামের দার্শনিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে আধুনিক বিজ্ঞান, দর্শন এবং জ্ঞানতত্ত্বের আলোকে পুনর্ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল কেবল আধুনিকতার সমালোচনা করা নয়; বরং দেখানো যে ইসলামি চিন্তার ভেতরেই এমন এক জীবন্ত ও গতিশীল বিশ্বদৃষ্টি রয়েছে, যা আধুনিক জ্ঞানকে আত্মস্থ করতে পারে, আবার তার সীমাবদ্ধতাও অতিক্রম করতে পারে।

বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের বুদ্ধিবৃত্তিক জগতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটছিল। আলবার্ট আইনস্টাইন-এর আপেক্ষিকতা তত্ত্ব নিউটনীয় বিশ্বদৃষ্টিকে চ্যালেঞ্জ করছিল; কোয়ান্টাম মেকানিক্স বস্তুজগত সম্পর্কে দীর্ঘদিনের নিশ্চয়তাকে প্রশ্নবিদ্ধ করছিল; অন্যদিকে ফ্রিডরিখ নিৎশে, অঁরি বার্গসঁ ও ইমানুয়েল কান্ট-এর মতো দার্শনিকরা মানুষের জ্ঞান, সত্য ও নৈতিকতার ভিত্তি নতুনভাবে ভাবতে বাধ্য করছিলেন।

এখানে উল্লেখ্য আলবার্ট আইনস্টাইনের পূর্বে বিজ্ঞানীরা নিউটনের বিশ্বদৃষ্টিকে ধ্রুব সত্য হিসেবে বিশ্বাস করতো। নিউটন বলেছিলেন মহাবিশ্ব ছিল একটি বিশাল যন্ত্র, যেখানে স্থান ও সময় সবার জন্য একই, নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। যদি কোনো বস্তুর বর্তমান অবস্থান ও গতি জানা যায়, তাহলে ভবিষ্যতও নির্ভুলভাবে গণনা করা সম্ভব।

আরও পড়ুন: অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করা মহানবীর শিক্ষা

কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এসে এই ধারণাকে চ্যালেঞ্জ করল। তিনি দেখালেন স্থান ও সময় আলাদা কোনো স্থির জিনিস নয়; এরা একসঙ্গে ‘space-time’ গঠন করে। সময় সবার জন্য একভাবে প্রবাহিত হয় না। একজন দ্রুতগতিতে চলমান পর্যবেক্ষকের জন্য সময় অন্যজনের তুলনায় ধীরে যেতে পারে। মহাকর্ষ কোনো অদৃশ্য বল নয়; বরং ভর ও শক্তি space-time-কে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকা পথে বস্তু চলাচল করে। ফলে মহাবিশ্ব আর একটি স্থির যান্ত্রিক কাঠামো নয়; বরং এটি একটি গতিশীল, সম্পর্কভিত্তিক এবং ক্রমাগত পরিবর্তনশীল বাস্তবতা।

ইকবালের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কারণ কুরআনের বিশ্বদৃষ্টিও স্থবির নয়, বরং সৃজনশীল ও প্রক্রিয়ামূলক। কুরআনের বিশ্বদৃষ্টিও গতিশীলতা, পরিবর্তন এবং সৃষ্টিশীলতার কথা বলে। তাই আধুনিক বিজ্ঞান ও ইসলামের মধ্যে অপরিহার্য কোনো সংঘর্ষ নেই।

কিন্তু একই সঙ্গে তিনি লক্ষ্য করলেন যে ইউরোপীয় সভ্যতা বিজ্ঞানে অসাধারণ সাফল্য অর্জন করলেও মানুষের জীবনকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক ভিত্তি হারাতে বসেছে। তিনি লিখেছিলেন:

‘Europe today is the greatest hindrance in the way of man's ethical advancement.’ ‘আজকের ইউরোপ মানবজাতির নৈতিক অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্তরায়।’

আরও পড়ুন: হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

ইকবালের বক্তব্য ছিল না যে পশ্চিমের বিজ্ঞান ব্যর্থ; বরং তার উদ্বেগ ছিল এই আবিষ্কারগুলো অসাধারণ হলেও এগুলোকে পরিচালিত করার মত গাইডিং লাইফ ফিলোসফি পশ্চিমের নাই, the West lacked the spiritual warmth needed to guide mankind, ‘পশ্চিমের মানুষকে পরিচালনা করার মত আধ্যাত্মিক কোমলতা নেই’।

ইউরোপীয় এপিস্টোমোল্যজির এই দিকটি সমালোচনা করে ইকবাল বলেন মানুষের জ্ঞান শুধু যুক্তিনির্ভর নয়, মানুষ কেবলমাত্র যুক্তিবাদী বিঙ নয়—মেটাফিজিক্স বা আধ্যাত্মিকতা মানুষের অভিজ্ঞতার অপরিহার্য অংশ।

এই প্রেক্ষাপটে ইকবালের সঙ্গে নিৎশের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিৎশের উবারমানের খুদীর প্রাসঙ্গিকতা। তিনি বলেন,

‘খুদি কো কর বুলন্দ এতনা, কে হর তাকদির সে পহলে

আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা

খুদা বান্দে সে খুদ পুছ্ছে, বতা তেরি রজা কিয়া হ্যায়।’

বাংলায় এর ভাবার্থ, নিজ সত্তাকে এমন উচ্চতায় উন্নীত করো যে, ভাগ্য নির্ধারণের আগেই আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন, বলো বান্দা তোমার ইচ্ছা কী?

এটা নিৎশের, uberman asserts his will & take control in his destiny এর প্রতিধ্বনি। নিৎশের 'rejection of fatalism' & 'role of will power' তত্ত্বের সাথে ইকবালের বিরোধের জায়গা হল নিৎশের জরাথ্রুস্ট ক্রিশ্চিয়ান মোরালিটিকে রিজেক্ট করে ধর্মের ভাঙন ও শূন্যতা (Nihilism) কাটিয়ে উঠে মানুষকে নিজের ভাগ্য ও মূল্যবোধ নিজে তৈরি কর অথা নিজের শক্তিতে বলিয়ান হয়ে uberman (Overman) বা অতিমানবে পরিণত হয়। কিন্তু ইকবালের খুদী শুধু নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়; আত্মসচেতনতা, আত্মগঠন, এবং নৈতিক দায়িত্বের মধ্য দিয়ে ব্যক্তিসত্তাকে শক্তিশালী করা।

অর্থাৎ, আল্লাহর সঙ্গে সম্পর্ক, মেটাফিজিক্যাল মোরালিটির শৃঙ্খলা, ও মানবিক দায়িত্বের ভেতরেই খুদী বিকশিত হয় এবং সেই শক্তিকে সমাজের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় কাজে লাগায়।

আরও পড়ুন: কবর, আখিরাতের প্রথম ধাপ: ইসলামের মৌলিক আকিদা

খুদীর বৈশিষ্টে রাজনৈতিক সাম্য, সংহতি ও স্বাধীনতা গুরুত্বপূর্ণ যেটা নিৎশের উবারম্যানে অনুপস্থিত। অর্থাৎ, নিৎশের উবারম্যান শেষ পর্যন্ত স্ব-নির্ধারিত মূল্যবোধের দিকে যায়, আর ইকবালের খুদী শুধু নিজে শক্তিমান হয় তাই নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্বও বহন করে।

এখানে গুরুত্বপূর্ণ হলো ইকবাল নিৎশেকে প্রতিযোগী হিসেবে দেখেন নাই। ইকবাল নিৎশের অনেক প্রশ্নকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছিলেন। বিশেষত মানুষের সৃজনশীল শক্তি, নিষ্ক্রিয় ভাগ্যবাদ (fatalism)-এর সমালোচনা, এবং আত্মগঠনের গুরুত্ব। কিন্তু নিৎশের ইনফেমাস gott ist tot পরবর্তী মূল্যবোধ সৃষ্টির প্রকল্পকে তিনি কুরানিক মোরালিটির শৃঙ্খলা ভিত্তিতে পুনর্গঠন করতে চেয়েছেন উবারম্যান যে বিপদে পরতে যাচ্ছে, ইকবাল সে ব্যাপারে সচেতন ছিলেন। ইকবাল বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন এমন এক সভ্যতা নিয়ে, যেখানে মানুষ প্রযুক্তিগত শক্তি অর্জন করেছে কিন্তু নৈতিক পরিপক্বতা অর্জন করেনি। তিনি সতর্ক করে লিখেছিলেন: ‘People who have no hold over their process of thinking are likely to be ruined by liberty of thought. If thought is immature, liberty of thought becomes a method of converting men into animals.’

অর্থাৎ, ‘যাদের চিন্তাপ্রক্রিয়ার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ নেই, তারা চিন্তার স্বাধীনতার কারণেই ধ্বংস হতে পারে। চিন্তা যদি অপরিণত হয়, তবে চিন্তার স্বাধীনতা মানুষকে পশুতে পরিণত করার একটি উপায় হয়ে দাঁড়ায়।’

এখানে তার উদ্বেগ আধুনিক স্বাধীনতার বিরুদ্ধে নয়; বরং নৈতিক ভিত্তিবিহীন স্বাধীনতার বিরুদ্ধে। তিনি মনে করতেন, মেটাফিজিক্স থেকে বিচ্ছিন্ন আত্মশক্তি যেমন সৃজনশীল হতে পারে, তেমনি ভয়ংকর ধ্বংসাত্মকও হতে পারে। বিংশ শতাব্দীর ফ্যাসিবাদ, বিশ্বযুদ্ধ এবং প্রযুক্তিনির্ভর গণবিধ্বংসী সহিংসতা পরবর্তীকালে তার এই আশঙ্কাকেই অনেকাংশে সত্য প্রমাণ করেছে।

আরও পড়ুন: ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

ইকবালের প্রাসঙ্গিকতা এখানেই। তিনি এমন এক প্রশ্নের উত্তর খুঁজছিলেন যা এখনও আধুনিক মানুষের কেন্দ্রীয় প্রশ্ন: কীভাবে আধুনিক, বৈজ্ঞানিক, স্বাধীন ও সৃজনশীল মানুষ হওয়া যায়, কিন্তু একই সঙ্গে আধ্যাত্মিক, নৈতিক ও অর্থপূর্ণ জীবনও বজায় রাখা যায়। ইকবাল একমাত্র দার্শনিক যিনি এই প্রশ্নের একটা ভারসাম্যপূর্ণ উত্তর দিয়েছিলেন।

লেখক:

ডক্টোরাল ফেলো, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

আরও পড়ুন: পাঁচটি গুনাহ ও তার ভয়াবহ পরিণতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কারে আদালতের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কারে আদালতের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠের সংস্কারের পরিকল্পনা বর্তমানে সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।

শনিবার (১৪ নভেম্বর) রাতে আদালত কর্তৃক জারি করা আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, মাঠটি জনসাধারণের জন্য খোলা রাখতে হবে।

বিচারক আনা সি. রেইস মন্তব্য করেছেন যে, ইস্ট পোটোম্যাক গলফ লিংকসকে ট্রাম্পের পছন্দ অনুযায়ী একটি বৃহৎ পরিসরের গলফ মাঠে রূপান্তরিত করার উদ্যোগ পরিবেশ আইন এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণের নিয়ম লঙ্ঘনের সম্ভাবনা সৃষ্টি করছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, সংস্কারের আগে জনসাধারণকে পরিকল্পনা সম্পর্কে অবহিত করা এবং তাদের মতামত নেওয়ার বাধ্যবাধকতা পালন করেনি জাতীয় উদ্যান বিভাগ।

আদালত আরও জানায়, যদি মাঠটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়, তাহলে স্থানীয় গলফ খেলোয়াড় এবং ঐতিহ্য সংরক্ষণকর্মীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। তবে বিচারকের আদেশের ফলে গলফ মাঠের উন্নয়ন পরিকল্পনা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়নি।

এর আগে, ট্রাম্প ১৫ নভেম্বর থেকে মাঠটি বন্ধ করে সংস্কার কাজ শুরু করার কথা ঘোষণা করেছিলেন। এই বিষয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন এবং সংরক্ষণকর্মীদের মধ্যে আইনি বিরোধ চলছিল। এর আগে, মাঠের চার শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় প্রশাসনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগাম পানি শুকিয়ে হাওরের কৃষকদের বীজতলা তৈরিতে সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


আগাম পানি শুকিয়ে হাওরের কৃষকদের বীজতলা তৈরিতে সমস্যা

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদ মৌসুম শুরু হওয়ার আগেই হাওর-বিলের পানির পরিমাণ দ্রুত কমতে শুরু করেছে। কোথাও কোথাও বীজতলা তৈরির পূর্বেই ধান রোপণের জমিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ফলে জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এর ফলে হাওরপাড়ের কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার পাশাপাশি বিলের মাছ ধরার জন্য বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। দ্রুত পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে চলতি মৌসুমে বোরো উৎপাদন মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তারা।

কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বছর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার আগেভাগেই হাওরের পানি কমতে শুরু করেছে। অনেক স্থানে বীজতলা শুকিয়ে যাচ্ছে। কিছু কৃষক জলাধার থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি এনে বীজতলা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি সময়মতো চারা উৎপাদন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

টগার হাওরের কৃষক মতিউর রহমান জানান, হাওরে এখনও বীজতলা তৈরির কাজ শেষ হয়নি। এর মধ্যে ধান রোপণের জমি শুকিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জমিতে আইল বেঁধে আগেভাগেই সেচ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, "গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারেননি। এর মধ্যে জমি চাষের শুরুতেই খরচ বেড়ে যাওয়ায় এবার আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।"

মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি ও বোয়ালা হাওরের কৃষক আব্দুল মান্নান বলেন, "৬৩ বছর বয়সেও হাওরের পানি এত দ্রুত শুকিয়ে যেতে দেখিনি। আগে পানি সেচে জমি শুকিয়ে বীজতলা তৈরি করতাম। এবার বীজতলা তৈরির মতো পানিও আশপাশে নেই। অন্যদিকে ধান রোপণের জমিতেও ফাটল ধরেছে।" তিনি বলেন, হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদের খরচ বাড়বে। পাশাপাশি ফসল উৎপাদনেও বাড়তি দুর্ভোগ পোহাতে হবে।

কৃষক ও ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার বলেন, সময়মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমছে। এতে কৃষকেরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারেন। বিশেষ করে যেসব হাওরে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নেই, সেসব এলাকায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, অনাবৃষ্টির কারণে এক ধরনের কালো রঙের পোকার সংক্রমণ বেড়েছে। বীজতলা তৈরি করলেও পোকার আক্রমণে ভালো চারা পাওয়ার বিষয়ে শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষি বিভাগের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, "একসময় আমাদের হাওরগুলো ছিল গামলার মতো। পলি জমে সেগুলো এখন প্লেটের আকৃতি ধারণ করেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় হাওরগুলো নাব্য হারাচ্ছে। ফলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে এবং কৃষকেরা সংকটে পড়ছেন।" কৃষকের স্বার্থে হাওরগুলো খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানান তিনি।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষে কৃষকেরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। পাশাপাশি হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের প্রস্তাব সমন্বয় সভায় দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কোন কোন হাওরে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং কোথায় বাঁধ দিয়ে পানি আটকে রাখা প্রয়োজন, সে বিষয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের অভিনয়জীবন ১৩ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা ও অর্জন থাকলেও, তাঁর মনে একটি আক্ষেপ রয়ে গেছে। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের পুরো সময় জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের কাছ থেকে কাজের প্রশংসা কিংবা অনুপ্রেরণামূলক কোনো মন্তব্য পাননি।

সম্প্রতি তিনি চার মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরে এসেছেন। সাগর জাহানের পরিচালনায় ‘অতল ভালোবাসা’ নাটক দিয়ে তিনি কাজে ফিরেছেন। বিরতির সময়টা তিনি একেবারে অলসভাবে কাটাননি। নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি তিনি চারটি চিত্রনাট্যও লিখেছেন। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে তাঁর কথোপকথন হয়েছে।

জোভান জানান, প্রতিবছর ঈদুল আজহার পর তিনি কাজ থেকে কিছুদিনের বিরতি নেওয়ার চেষ্টা করেন। সাধারণত দেড় থেকে দুই মাসের এই বিরতি এবার নানা কারণে চার মাসের বেশি সময় ধরে চলেছে। এ সময় তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তবে কাজের ব্যস্ততা থেকে দূরে থাকাকে তিনি নিজের জন্য প্রয়োজনীয় মনে করেন। এতে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার সুযোগ মেলে।

বিরতির সময় তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং মেক্সিকো, তুরস্ক ও শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন। অবসরে তিনি বেশ কিছু সিনেমা ও সিরিজ দেখেছেন। এর মধ্যে ‘স্কুইড গেম’, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মনস্টার’ এবং ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ তাঁর ভালো লেগেছে। আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটিও তিনি দেখেছেন।

অভিনয়ের পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লেখার প্রতি তাঁর আগ্রহ রয়েছে। অবসরকে কাজে লাগিয়ে তিনি একসঙ্গে চারটি চিত্রনাট্য লিখেছেন। ভবিষ্যতে গতানুগতিক গল্পের বাইরে নতুনত্ব আছে, এমন কাজেই বেশি মনোযোগ দিতে চান। এ কারণে তিনি পছন্দ না হওয়া বেশ কিছু কাজ ফিরিয়েও দিয়েছেন।

তবে সাক্ষাৎকারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতি না পাওয়ার বিষয়টি। জোভানের ভাষ্য, জুনিয়র শিল্পীদের ভালো কাজের প্রশংসা করতে তিনি নিজে আগ্রহী। কারও অভিনয় ভালো লাগলে তিনি ব্যক্তিগতভাবে তাঁকে জানাতে চেষ্টা করেন। কিন্তু নিজের ১৩ বছরের ক্যারিয়ারে তিনি জ্যেষ্ঠদের কাছ থেকে এমন উৎসাহ পাননি।

জোভান বলেন, সিনিয়রদের কাছ থেকে কখনো ‘তোমার কাজ ভালো হয়েছে’ এমন কথা তিনি শোনেননি। তাঁর প্রত্যাশা ছিল, কাজ ভালো না হলে জ্যেষ্ঠরা ভুল ধরিয়ে দেবেন এবং ভালো হলে প্রশংসা করবেন। কিন্তু সেই অনুপ্রেরণাটুকুও তিনি পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা

গোপন ভোট, রঙিন ব্যালট পেপার, প্রাথমিক ভোটাভুটি এবং পর্দার আড়ালে সমঝোতার প্রচেষ্টা। এর সঙ্গে রয়েছে বিশ্বের পাঁচ ক্ষমতাধর দেশের ভেটো দেওয়ার ক্ষমতা। এসব প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে নির্বাচন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যা নির্ধারণ করবে বিশ্বসংস্থাটির সর্বোচ্চ প্রশাসনিক পদে কে বসবেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। এর আগে নতুন মহাসচিব নির্বাচনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দফায় দফায় প্রাথমিক ভোটাভুটি পরিচালনা করছে।

মহাসচিব হওয়ার জন্য বর্তমানে আটজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ অন্তর্ভুক্ত আছেন।

নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হবে কোনো প্রার্থীকে। পাশাপাশি পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটো পাওয়া চলবে না। এরপর নিরাপত্তা পরিষদের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হলে নতুন মহাসচিবের নিয়োগ চূড়ান্ত হবে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয়, এবারের প্রতিযোগিতায় কারা রয়েছেন এবং ভোটাভুটিতে কী পরিস্থিতি তৈরি হয়েছে—এসব বিষয় তুলে ধরেছে আলজাজিরা।

মহাসচিব নির্বাচন করেন কারা

মহাসচিব নির্বাচনের সিদ্ধান্ত কার্যত জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই নেয়। এই পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। প্রতিটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে।

এ ছাড়া পরিষদে ১০টি অস্থায়ী সদস্যদেশ রয়েছে। বর্তমানে এসব দেশ হলো বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া। অস্থায়ী সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন এবং নির্দিষ্ট সময় পরপর সদস্যপদ পরিবর্তন হয়।

জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীকে মহাসচিব হিসেবে মনোনীত করে সাধারণ পরিষদে সুপারিশ পাঠায়। এরপর সাধারণ পরিষদের সব সদস্যদেশের ভোটে সেই সুপারিশ অনুমোদিত হয়।

এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সুপারিশ করা কোনো প্রার্থীকে সাধারণ পরিষদ প্রত্যাখ্যান করেনি। অর্থাৎ তাত্ত্বিকভাবে সব সদস্যদেশের মতামত দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে যায়নি সাধারণ পরিষদ।

এ কারণে মহাসচিব নির্বাচনে পাঁচ স্থায়ী সদস্যের প্রভাব সবচেয়ে বেশি। প্রার্থীর জন্য অস্থায়ী সদস্যদের সমর্থন নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী সদস্যদের কারও ভেটো না পাওয়াও বাধ্যতামূলক।

১৯৫০ সালে একবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। নিরাপত্তা পরিষদে মতবিরোধের কারণে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদ পরিষদের সুপারিশ ছাড়াই তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদ প্রথমে অনানুষ্ঠানিক ও গোপন ভোটাভুটির আয়োজন করে। এই ভোটাভুটিকে বলা হয় ‘স্ট্র পোল’ বা প্রাথমিক ভোট। এতে সদস্যদেশগুলো প্রতিটি প্রার্থীর বিষয়ে তিন ধরনের মতামত জানায়—সমর্থন, বিরোধিতা অথবা কোনো মতামত নেই।

ভোট গোপন রাখার কথা থাকলেও প্রায়ই কোন প্রার্থী কতটি সমর্থন, বিরোধিতা কিংবা নিরপেক্ষ ভোট পেয়েছেন, সেই তথ্য ফাঁস হয়ে যায়।

পরবর্তী ধাপের ভোটাভুটিতে রঙিন কাগজের ব্যালট ব্যবহার করা হয়। এর মাধ্যমে পাঁচ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্যের ভোট আলাদা করে চিহ্নিত করা যায়। ফলে কোন প্রার্থীর প্রতি কোন সদস্যদেশের অবস্থান কী, তা আরো স্পষ্ট হয়।

প্রাথমিক ভোটে কোনো প্রার্থী অন্তত নয়টি সমর্থনসূচক ভোট পেলে এবং পাঁচ স্থায়ী সদস্যের কারো বিরোধিতা বা ভেটো না থাকলে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের জন্য ভোটাভুটি হয়। এরপর নিরাপত্তা পরিষদ ওই প্রার্থীর নাম সাধারণ পরিষদে পাঠায়। সাধারণ পরিষদে তা অনুমোদিত হওয়ার কথা।

যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন কিননমন্ট বলেন, ঐতিহ্যগতভাবে মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ছিল ‘বদ্ধ ও গোপনীয়’। তবে নাগরিক সমাজের সংগঠন এবং সদস্যদেশগুলোর প্রচারণার কারণে প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা উন্মুক্ত হয়েছে।

আলজাজিরাকে তিনি বলেন, ‘তবে নিরাপত্তা পরিষদ এখনো তাদের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখে। অনেক দেশের কাছে এই রাজনৈতিক সংস্কৃতি পুরোনো ও অচল বলে মনে হয়।’

কিননমন্টের মতে, ভোটের গোপনীয়তা বজায় রাখার পেছনে একটি যুক্তি হলো, কোনো দেশ একজন প্রার্থীকে ভোট দিলেও শেষ পর্যন্ত অন্য কেউ মহাসচিব নির্বাচিত হতে পারেন। সে ক্ষেত্রে নির্বাচিত প্রার্থী তার বিরুদ্ধে ভোট দেওয়া দেশটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন।

আলজাজিরার জাতিসংঘবিষয়ক প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, নির্বাচনপ্রক্রিয়াটি যেভাবে তৈরি করা হয়েছে, গোপনীয়তার বিষয়টি মূলত তারই অংশ।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, এমনকি চলতি বছরেও নিরাপত্তা পরিষদে নির্বাচনপ্রক্রিয়া আরো স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু পাঁচ স্থায়ী সদস্য বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চায়।

এবারের আট প্রার্থী কারা

প্রাথমিক প্রতিযোগিতায় কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে আটজন মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। অন্যদিকে গ্রিনস্প্যান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান।

গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির উদ্যোগ বা ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়েছিল। এর বড় একটি অংশ গিয়েছিল উন্নয়নশীল দেশগুলোতে।

অন্যদিকে ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রোসি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে জাতিসংঘের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার বিভিন্ন প্রতিবেদন ও সমালোচনা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে ইরান তার সমালোচনা করেছে। তেহরানের অভিযোগ, গ্রোসির কিছু প্রতিবেদনকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েছে।

অন্য ছয় প্রার্থী হলেন— জাতিসংঘের সাবেক সাধারণ পরিষদ সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গারসেস (ইকুয়েডর), সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা জাকি নুসেইবেহ, তুরস্কের ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার প্রধান ফেরিদুন হাদি সিনিরলিওগলু, গায়ানার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, ইকুয়েডরের রাজনীতিক ইভোনে এ-বাকি, উগান্ডার রাজনীতিক ওলারা ওতুনু।

এখন পর্যন্ত ভোটাভুটিতে এগিয়ে গ্রিনস্প্যান।

২০২৬ সালে এ পর্যন্ত আট দফা প্রাথমিক ভোটাভুটি হয়েছে। তবে কোনো প্রার্থীই এখন পর্যন্ত এমন অবস্থানে পৌঁছাতে পারেননি, যার বিরুদ্ধে কোনো সদস্যদেশ বিরোধিতার ভোট দেয়নি।

গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে স্বচ্ছ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দাবিতে কাজ করছে ‘ওয়ান ফর এইট বিলিয়ন’ নামের একটি প্রচারাভিযান। বিশ্বের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই উদ্যোগকে সমর্থন করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অষ্টম দফার ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন গ্রিনস্প্যান।

গত সপ্তাহের ভোটে তিনি ১২টি সমর্থনসূচক ভোট, তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রোসি পেয়েছেন ৯টি সমর্থন, ৪টি বিরোধিতা এবং ২টি নিরপেক্ষ ভোট। এরপর রয়েছেন বার্কেট। তার পক্ষে পড়েছে ৮টি সমর্থন, ৫টি বিরোধিতা ও ২টি নিরপেক্ষ ভোট।

তবে পাঁচ স্থায়ী সদস্য কীভাবে ভোট দিয়েছেন কিংবা তাদের কেউ ভেটো প্রয়োগ করেছেন কি না, তা স্পষ্ট নয়। মহাসচিব হিসেবে মনোনয়ন পেতে হলে পাঁচ স্থায়ী সদস্যের কারো কাছ থেকে বিরোধিতার ভোট পাওয়া যাবে না।

জেন কিননমন্টের মতে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ বাড়ছে। তাদের ভেটোর কারণে অনেক সময় নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়ে।

তিনি বলেন, ‘মহাসচিব নিয়োগের বিষয়টি কোনো একটি সংঘাতের মতো নয়। তবে শেষ পর্যন্ত এই ব্যক্তিরই জাতিসংঘ সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষক এবং বিশ্বের মানুষের মুখপাত্র হওয়ার কথা। কারণ, এই সনদ তাদের নামেই রচিত হয়েছে।’

কিননমন্টের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমনকি বিশ্বের অধিকাংশ দেশ কোনো প্রার্থীকে সমর্থন করলেও একটি দেশ কীভাবে তাকে আটকে দেওয়ার ক্ষমতা পেতে পারে?

নির্বাচনপ্রক্রিয়ায় সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো বলেন, এ ব্যবস্থা সংস্কারের আলোচনা থাকলেও এর জন্য পাঁচ স্থায়ী সদস্যকে নিজেদের কিছু ক্ষমতা ছাড়তে হবে।

তিনি বলেন, ‘তাদের কেউই ক্ষমতা ছাড়তে চায় না। কারণ, জাতিসংঘের সদস্যদেশ ১৯৩টি হলেও পরবর্তী মহাসচিব কে হবেন, তা নির্বাচনের ক্ষেত্রে মূল ক্ষমতা এই পাঁচ স্থায়ী সদস্যের হাতেই।’

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কী হবে

নির্ধারিত সময়ের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী ঘটবে, তা স্পষ্ট নয়। জাতিসংঘ সনদে বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে উত্তরসূরি নির্বাচিত না হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা নেই।

এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। তারা চাইলে নতুন মহাসচিবকে স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়ার সুপারিশ করতে পারে। আবার সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থীকে বেছে নিতে পারে। ১৯৯৬ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে কফি আনানকে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সমঝোতা হয়েছিল।

নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতিসংঘের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা সাময়িকভাবে সংস্থাটির কার্যক্রম পরিচালনার দায়িত্বও পেতে পারেন।

এ বিষয়ে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রশ্ন করা হয়েছিল, নতুন মহাসচিব নির্বাচিত না হলে তিনি দায়িত্বে থাকবেন কি না। আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো জানান, গুতেরেস এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।

এলিজোন্দোর ভাষ্য অনুযায়ী, গুতেরেস বলেছেন, আগামী ১ জানুয়ারি তিনি পর্তুগালে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আশা করছেন এবং সেটিই প্রত্যাশা করছেন। কিন্তু নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা কেউ জানেন না। কারণ, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।

জেন কিননমন্টের মতে, নির্বাচনপ্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও গণতান্ত্রিক করার একটি উপায় হতে পারে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দুই বা তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করা। এরপর সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর ভোটে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%