০১:২৯ পি.এম
অপুর সরলতা থেকে ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা—দুটি ভিন্ন চরিত্রের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। কখনো প্রেমিক, কখনো গোয়েন্দা, কখনো সাধারণ জীবনের পরিচিত মানুষ—পর্দায় প্রতিটি চরিত্রে তার নিজস্ব ছাপ ছিল। আজ ১৫ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৮৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দেখতে দেখতে ছয় বছর পেরিয়ে গেলেও অভিনয়ের মাধ্যমে আজও দর্শকদের কাছে ফিরে আসেন সৌমিত্র।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন তিনি। পরে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অপুর চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি।
এরপর সত্যজিৎ রায়ের সঙ্গে গড়ে ওঠে এক দীর্ঘ শিল্পী-নির্মাতার জুটি। ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনি সংকেত’, ‘ঘরে বাইরে’সহ নির্মাতার ১৪টি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। প্রতিটি চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। তবে বাঙালি দর্শকদের কাছে তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়গুলোর একটি গোয়েন্দা ফেলুদা। ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় প্রদোষ চন্দ্র মিত্রের চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ।
আরও পড়ুন: ১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান
শুধু চলচ্চিত্রে নয়, মঞ্চেও তার সমান দাপট ছিল। অভিনয়ের পাশাপাশি কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন, নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন। সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় তার বিচরণ তাকে শুধু অভিনেতা নয়, একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি পেয়েছেন বহু সম্মাননা। ২০০৪ সালে পদ্মভূষণ এবং ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া ফ্রান্সের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।
২০২০ সালের ১৫ নভেম্বর তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। কিন্তু অপু কিংবা ফেলুদা—দুই চরিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অভিনয় ছাপ রেখে গেছে, তা সময়ের সঙ্গে মুছে যাওয়ার নয়। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তার সিনেমা, সংলাপ ও অভিনয় আজও সমান আকর্ষণীয়। তাই ছয় বছর পরও তিনি কেবল স্মৃতির মানুষ নন, বাংলা সিনেমার জীবন্ত এক অধ্যায়।
আরও পড়ুন: সালমান-মাধুরীর সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন