বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪০ পি.এম
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ‘তর্কবিতর্ক’ সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে এই ঘটনা ঘটে।
এদিন সংসদ অধিবেশনের কার্যসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তখন বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’
নাহিদ ইসলাম জবাব দেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
স্পিকার তখন বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো…স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’
নাহিদ ইসলাম তখন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’
স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন...’
নাহিদ ইসলাম তখন বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’
স্পিকার জবাব দেন, ‘আপনার মাইক তো অন আছে।’
এরপর নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগের ফলে ওই বাড়িতে থাকা গবাদি পশু আগুনে পুড়ে মারা গেছে।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন যে, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, যেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা তার বোধগম্য নয়।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা তা এখন স্পষ্ট। এর আগে পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া সারা দেশে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটছে; এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বলতব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই নাকি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না, আর গতকাল তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা উন্নতির ফিরিস্তি দিয়েছেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’
সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট তারা হলেও দ্বিতীয় টার্গেট সরকারে থাকা ব্যক্তিরাই হবেন। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জানান, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না।
আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ