০৫:১৮ পি.এম
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসা’সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকির মধ্যে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে ‘বাঁচ গেয়ে’ (বেঁচে গেলাম) লিখেছেন। তবে কেন তিনি এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি।
অমিতাভ গত ১৫ নভেম্বর রাতে পোস্টটি করেন। এর আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত সন্দেহে বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ নামে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার পাশাপাশি মুম্বাইয়ে অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তকারীদের ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিশানা করার পরিকল্পনা হতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: জনি ডেপের ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শীর্ষে
এদিকে, গত এক মাসে অমিতাভের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিন দফায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকিটি আসে ২৩ অক্টোবর, দ্বিতীয়টি ৬ নভেম্বর এবং তৃতীয়টি ১২ নভেম্বর। এসব ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিমানবন্দর ও কয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়।
শুধু তাই নয়, আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে প্রতিটি হুমকির পর সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
নিরাপত্তার স্বার্থে অমিতাভের বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড স্থাপন করা হয়েছে। গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে তাদের অভিবাদন জানান অভিনেতা। তবে ৮ ও ১৫ নভেম্বরের সাক্ষাতে তাকে আর কাচের আড়ালে দেখা যায়নি। ১৫ নভেম্বর ছেলে অভিষেক বচ্চনকেও বাবার পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা যায়।
অন্যদিকে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক এবং বিদেশে অবস্থানরত গ্যাং সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ওমর সানী: অনন্ত জলিল সংকট সামলে ফেলবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন