ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সর্বজনীন পেনশনে সুখবর, গ্রাহকেরা লাভবান হবেন ১১.৬৮% থেকে ১১.৭২% মুনাফায়


সর্বজনীন পেনশনে সুখবর, গ্রাহকেরা লাভবান হবেন ১১.৬৮% থেকে ১১.৭২% মুনাফায়

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল

আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং জমার সময়কালের ভিত্তিতে অর্জিত মুনাফা তাদের নিজ নিজ পেনশন হিসাবে (করপাস হিসাবে) যোগ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, "সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে এ স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং কার্যক্রম আরও গতিশীল হবে।"

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব যোগ করা হয়েছে।

আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ, ভালো ফলনের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ, ভালো ফলনের আশা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চলতি মৌসুমে শিম চাষ নিয়ে কৃষকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এ বছর উপজেলায় প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। মাঠজুড়ে সবুজ শিমগাছ, সাদা ফুল ও গাছে ঝুলন্ত শিম দেখে স্থানীয় চাষিরা এবার বাম্পার ফলনের প্রত্যাশা করছেন। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার শিমখেতে গিয়ে দেখা গেছে, কৃষকেরা গাছের নিবিড় পরিচর্যা ও আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। গাছে প্রচুর ফুল ও কচি শিম আসায় তাঁদের মধ্যে দারুণ আশাবাদ তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর বজায় থাকলে এ মৌসুমে শিম চাষ থেকে বিপুল লাভের আশা করছেন তাঁরা।

উপজেলার জগদীশপুর এলাকার শিমচাষি সাইফুল ইসলাম বলেন, "বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই বাজারদর শেষ পর্যন্ত বজায় থাকলে শিম চাষে এবার ভালো সফলতা আসবে বলে আশা করছি।"

স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় সবজি হিসেবে শিম চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে বীজ, সার, শ্রমিকের মজুরি ও জমি পরিচর্যার খরচ মেটানোর পর ন্যায্যমূল্য পাওয়ার ওপরই কৃষকের প্রকৃত লাভ নির্ভর করছে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি অর্থাৎ মোট ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। শিম চাষে কৃষকদের এই আগ্রহ কৃষি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। কৃষকেরা যাতে উৎপাদিত শিমের ন্যায্যমূল্য পান, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি কৃষি বিভাগ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে শিমের ন্যায্য দাম বজায় থাকলে এবার আর্থিকভাবে লাভবান হবেন মাধবপুরের কৃষকেরা-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের গুঞ্জন পেরিয়ে বিয়ের পিঁড়িতে অনিরুদ্ধ-কাব্য?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


প্রেমের গুঞ্জন পেরিয়ে বিয়ের পিঁড়িতে অনিরুদ্ধ-কাব্য?

দক্ষিণ ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা আলোচনা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তবে এবার তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। গ্রিসে বিয়ের আয়োজন এবং চেন্নাইয়ে জমকালো সংবর্ধনার খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছে তাঁদের সম্পর্কের নানা অধ্যায়।

২০২৫ সালে অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে প্রেমের গুঞ্জন জোরালো হতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। সে সময় বিয়ের খবর নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন অনিরুদ্ধ। গুঞ্জন থামাতে তিনি সকলকে এমন আলোচনা বন্ধ করার আহ্বানও জানান। তবে এরপরও তাঁদের সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ কমেনি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ নভেম্বর ২০২৬ গ্রিসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে আয়োজন করা হতে পারে বিয়ের সংবর্ধনা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যেও চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনার কথা উল্লেখ করা হয়েছে। তবে গ্রিসে বিয়ের নির্দিষ্ট তারিখসহ আয়োজনের সব তথ্য এখনো অনিরুদ্ধ ও কাব্য নিজেদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

সম্ভাব্য এই আয়োজন ঘিরে তারকাদের উপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংগীত, চলচ্চিত্র, ক্রিকেট ও ব্যবসায়িক জগতের পরিচিত ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সম্ভাব্য অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা কিংবা কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

অনিরুদ্ধ রবিচন্দর তামিল চলচ্চিত্রের অন্যতম পরিচিত সংগীত পরিচালক। অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিনোদন ও ক্রিকেট জগতের দুই পরিচিত মুখকে ঘিরে বিয়ের খবরটি তাই বিশেষ আগ্রহ তৈরি করেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে নিজেদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে সরাসরি মুখ খুলবেন অনিরুদ্ধ ও কাব্য।

টাইমস অব ইন্ডিয়া ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অবলম্বনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি প্রশাসনে চারটি পদে নতুন পরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


ইবি প্রশাসনে চারটি পদে নতুন পরিচালক নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের চারটি পদে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান দ্বারা স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

নিযুক্তদের মধ্যে আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান। প্রেস প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ এবং সেন্ট্রাল ল্যাবের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভূঁইয়া।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান আলীর মেয়াদ ২১ অক্টোবরে শেষ হবে। তাই তার স্থলাভিষিক্ত হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মফিজুল ইসলামের মেয়াদ ২০ অক্টোবরে শেষ হবে; তাই তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মোর্শেদকে উপাচার্য নিয়োগ দিয়েছেন।

এছাড়া, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক আইসিটি অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে ১৭ অক্টোবর থেকে সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়াকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।

তথ্য অনুযায়ী, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিঞার বড় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ইউপি চেয়ারম্যান ভারতে অবস্থান করায়, প্রশাসনিক ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

শিখা বেগম বর্তমানে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্বটি ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

এদিকে, চেয়ারম্যান মো. আবু বকর মিঞা তার অসুস্থ ছেলের দ্রুত আরোগ্য কামনায় ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। সফর শেষে তিনি যেন সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া শিখা বেগমও চেয়ারম্যানের ছেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, "আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে শিখা বেগমের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সচেতন মহল। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ নির্বিঘ্নে সকল নাগরিক সেবা পাবেন- এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%