ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম


গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।

তথ্য অনুযায়ী, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিঞার বড় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ইউপি চেয়ারম্যান ভারতে অবস্থান করায়, প্রশাসনিক ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

শিখা বেগম বর্তমানে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্বটি ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে

এদিকে, চেয়ারম্যান মো. আবু বকর মিঞা তার অসুস্থ ছেলের দ্রুত আরোগ্য কামনায় ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। সফর শেষে তিনি যেন সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া শিখা বেগমও চেয়ারম্যানের ছেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, "আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে শিখা বেগমের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সচেতন মহল। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ নির্বিঘ্নে সকল নাগরিক সেবা পাবেন- এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার উপকণ্ঠে বন্যায় নারীর মৃত্যু, স্পেনে আরও ভয়াবহ বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


বার্সেলোনার উপকণ্ঠে বন্যায় নারীর মৃত্যু, স্পেনে আরও ভয়াবহ বন্যার আশঙ্কা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভূত একটি শক্তিশালী ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসের মধ্যে স্পেন ভয়াবহ বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে, এই ঝড়ের কারণে রাস্তাঘাট ডুবে গেছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বার্সেলোনার উপকণ্ঠে বন্যার পানিতে ডুবে এক নারীর মৃত্যু ঘটেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি সোমবার ভোরে ভারী বৃষ্টিপাতের ‘অত্যন্ত বিপজ্জনক’ পরিস্থিতির আশঙ্কায় পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল ও পর্যটকদের জন্য জনপ্রিয় দ্বীপ মায়োর্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বালিয়ারিক দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার মায়োর্কা, ইবিজা ও ফোরমেন্তেরা দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করেছে। অন্যদিকে, ২০২৪ সালে এক প্রজন্মের মধ্যে স্পেনের সবচেয়ে প্রাণঘাতী বন্যার ক্ষত এখনও বহন করা ভ্যালেন্সিয়ায় কয়েকটি কমিউটার ট্রেনের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এদিকে, আন্দালুসিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, রোববার ভ্যালেন্সিয়া ও কাতালোনিয়ায় বন্যার কারণে বাড়িঘর ও সড়ক প্লাবিত হয়েছে, গাছ উপড়ে পড়েছে। এছাড়াও, এ বন্যায় বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইবিজায় সড়কগুলো ঘোলা পানিতে ডুবে জলাশয়ের রূপ ধারণ করেছে। সেখানে বড় বড় ময়লার পাত্র পানিতে ভাসতে দেখা গেছে এবং বেশ কিছু গাড়ি আংশিক ডুবে গেছে। দ্বীপটির বিখ্যাত নৈশক্লাবকেন্দ্রিক পর্যটন এলাকাগুলোও জনশূন্য হয়ে পড়েছে।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এনার তথ্য অনুযায়ী, ইবিজা বিমানবন্দরের প্রধান মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ১৬টি অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে।

এ ছাড়া, মায়োর্কায় আরও ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় মূল ভূখণ্ড থেকে সেনাসদস্য পাঠানো হয়েছে ইবিজা ও মায়োর্কায়।

ভ্যালেন্সিয়া, বালিয়ারিক দ্বীপপুঞ্জ ও আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে একাধিক জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

কাতালোনিয়ার দমকল বিভাগ জানিয়েছে, বার্সেলোনা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে কাব্রেরা দে মার এলাকায় শনিবার একটি ছোট নদীস্রোতে পড়ে যাওয়া এক নারীকে পরে সমুদ্রে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আন্দালুসিয়ায় জরুরি উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে উদ্ধার করেছেন। জনপ্রিয় পর্যটনকেন্দ্র মালাগার বাইরের একটি এলাকায় সমুদ্রসৈকতের পাশের সড়কের বন্যাকবলিত সুড়ঙ্গ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে। গ্রীষ্মকালে সমুদ্রের পানি অতিরিক্ত তাপ শোষণ করে। এর ফলে বাষ্পীভবন বৃদ্ধি পায় এবং শরৎকালে স্পেনের পূর্বাঞ্চলে সাধারণত আঘাত হানা ঝড়ের সঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়।

এদিকে, এইএমইটি চলতি সপ্তাহে জানিয়েছে, গত সেপ্টেম্বর ছিল স্পেনের মূল ভূখণ্ডে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর। এর আগে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টিও দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল হিসেবে রেকর্ড করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজিৎ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্রুত শুনানির আবেদন আপিল বিভাগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


বিশ্বজিৎ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্রুত শুনানির আবেদন আপিল বিভাগে

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার দ্রুত শুনানি করার জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। এই আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ৬ আগস্ট, বিচারিক আদালতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠন ছাত্রলীগের মৃত্যুদণ্ড পাওয়া আটজন নেতাকর্মীর মধ্যে দুজনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছিল। সেই সঙ্গে ছয়জনকে খালাস দেওয়া হয়।

রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের। অন্যদিকে, মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। এছাড়া, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনকে। বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন থেকে খালাস পান এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

তবে, রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর, ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

পরবর্তীতে, একই বছরের ১৮ ডিসেম্বর, বহুল আলোচিত এই হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক। এরপর, হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। সেই সঙ্গে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে আসামিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের ‘ভালো সিদ্ধান্তের’ ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


রুশ নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের ‘ভালো সিদ্ধান্তের’ ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের বিষয়ে ‘খুব ভালো সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো বিশ্বের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তিনি এখনো জানাননি।

রোববার (১৮ অক্টোবর) ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ট্রাম্প বলেন, তাঁর সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেকেই অবগত নন। তবে তিনি মনে করেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে এবং বিশ্বও এর সুফল পাবে। তাঁর ভাষায়, বিষয়টি এখন বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে।

এর আগে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং অন্যান্য দেশের ওপর সংশ্লিষ্ট শুল্ক আরোপের অর্থনৈতিক প্রভাব পর্যালোচনায় ট্রাম্প ৬০ দিন সময় নিতে চান। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা মূল্যায়ন করা হবে।

রুবিও আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং বিভিন্ন সংঘাতের কারণে এই পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিষেধাজ্ঞা ও শুল্কের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পরিস্থিতি আরও বিশ্লেষণ করা প্রয়োজন।

এদিকে, রাশিয়ার ওপর প্রস্তাবিত কঠোর নিষেধাজ্ঞা ও শুল্কের কিছু গুরুত্বপূর্ণ বিধান স্থগিত রাখতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। নতুন আইনের আওতায় এসব ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিবেচনায় সেগুলো স্থগিত রাখার সুযোগ রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর কংগ্রেসে পাস হওয়া বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই আইনে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলো থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

তবে এসব ব্যবস্থা কার্যকর করা হবে কি না, তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রশাসন অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করছে। রুবিওর বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্পের হাতে ৬০ দিনের মূল্যায়নকাল রয়েছে। তথ্যসূত্র: তাস, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

ভারতের আসামে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের উদ্যোগে দুই দিনের মধ্যে ১ হাজারেরও বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানে অধিকাংশ পরিবার বাঙালি মুসলিম। নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় এই অভিযান পরিচালিত হয়েছে।

রাজ্যটিতে প্রান্তিক জনগণের, বিশেষ করে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো এখন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

রোববার, অভিযানের দ্বিতীয় দিনে নগাঁও জেলার লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চল কর্তৃপক্ষ ছয় শতাধিক মুসলিম পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেয়। কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ হওয়া পরিবারগুলো বনভূমির জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল।

এর আগের দিন শনিবার, তিন জেলায় কঠোর নিরাপত্তার মধ্যে ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁও জেলায় ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার অন্তর্ভুক্ত ছিল।

লুটুমারিতে উচ্ছেদ হওয়া পরিবারগুলো সংরক্ষিত বনাঞ্চলের ৩০০ হেক্টরেরও বেশি জমিতে কয়েক দশক ধরে বসবাস করে আসছিল।

সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা মূলত বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সরকারই তাদের সেখানে বসতি স্থাপনের অনুমতি দিয়েছিল।

গত জুনে অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপলস আসাম সরকারকে লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলের গ্রামবাসীদের উচ্ছেদের পরিকল্পনা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিল। সংগঠনটির যুক্তি ছিল, ওই এলাকার চারটি গ্রামের বাসিন্দাদের ঔপনিবেশিক আমলে চালু হওয়া বন ব্যবস্থাপনার ‘তাউঙ্গিয়া’ পদ্ধতির আওতায় সেখানে বসতি স্থাপন করা হয়েছিল। সুতরাং, তাদের সাধারণ অবৈধ দখলদার হিসেবে বিবেচনা করা উচিত নয়।

রোববার উচ্ছেদ অভিযানে বাড়িঘর হারানো লুটুমারির ৪৪ বছর বয়সী বাসিন্দা আবদুল নূর সংবাদমাধ্যমকে বলেন, ‘১৯৭৪ সালে সরকার আমাদের এখানে বসতি স্থাপনের ব্যবস্থা করেছিল। আমরা মূলত কাছের জুরিয়া শহরের বাসিন্দা। আমাদের পূর্বপুরুষেরা ভূমিহীন ছিলেন বলে সরকার আমাদের এখানে বসতি গড়ার ব্যবস্থা করে। সব মিলিয়ে ৩০০টি ভূমিহীন পরিবারকে চার বিঘা করে জমি দেওয়া হয়েছিল।’

এদিকে, উচ্ছেদ অভিযানে ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্ক্রল-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মসজিদ ৫০ বছরেরও বেশি পুরনো।

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%