বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৯ এম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে বিশ্বনেতাদের সম্মানে অনুষ্ঠিত নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এর গ্রিন জোনে এই নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী কুশল বিনিময় করেন।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি এই নৈশভোজের আয়োজন করেন।
এর আগে সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের সময় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফগানিস্তানের রহমত শাহ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা দশে প্রবেশ করেছেন এই আফগান ব্যাটার। জিম্বাবুয়ের বিরুদ্ধে শারজায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলার মাধ্যমে তিনি ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্ট র্যাংকিংয়ের কোনো বিভাগে সেরা দশে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটার হলেন রহমত। অন্যদিকে, বাংলাদেশের তাওহিদ হৃদয়ও তার ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন।
সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন হৃদয়। সিলেট টেস্টে তিনি ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটার।
আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে হৃদয় ৪০ ধাপ এগিয়ে ৬০তম স্থানে পৌঁছেছেন। এর আগে তিনি সেরা ১০০-এর বাইরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সিরিজে ১৬ উইকেট নিয়ে তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। সিরিজসেরার স্বীকৃতিও পেয়েছেন এই ক্যারিবীয় স্পিনার।
এদিকে, জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করে ব্যাটারদের তালিকায় ৪৮তম স্থানে উঠে এসেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে এই মামলা করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আসামিদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্যদের ঘিরে ধরে। তারা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, মারধর করে এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে। পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির কথাও এজাহারে উল্লেখ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে চলাচলকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান এবং বিমানভাড়া সম্পর্কে নতুন নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে যে, অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে বিমানভাড়া ভ্রমণের দূরত্বের ভিত্তিতে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এই নির্দেশনা প্রদান করেন।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কিছু উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার এবং ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।
এ অবস্থায়, বেবিচক নির্দেশনা দিয়েছে যে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। পাশাপাশি, কেবিনের সকল অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বেবিচকের পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করে এবং যাত্রীসেবা প্রদান করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
যাত্রীসেবার মানের ক্ষেত্রে বৈষম্য দূর করার ওপরও গুরুত্বারোপ করেছে বেবিচক। সংস্থাটি বলেছে, কোনো এয়ারলাইন্স যদি অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও স্বাচ্ছন্দ্য প্রদান করে, তাহলে বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা প্রদান করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীরা যেন সেবার মানে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, কিছু রুটে ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় বিমানভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এই প্রেক্ষাপটে, ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমানভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় সার্বিকভাবে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমানভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের সঙ্গে যোগাযোগ করার পর ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন যে তিনি বিরূপ মন্তব্য ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সিলেট শহরের আম্বরখানা এলাকায়, যখন ভুক্তভোগী শিক্ষার্থী সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন। অভিযোগ অনুযায়ী, পার্সেল দেওয়ার সময় সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তার হাত ধরে জোর চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। পরে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে প্রতিবাদ করলে সেলসম্যান চমকে যাওয়ার ভান করেন এবং বিষয়টি অস্বীকার করেন। তিনি উল্টো ধমকাতে থাকেন। আউটলেটের ম্যানেজারকে জানালে তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে বিষয়টি এড়িয়ে যান এবং সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কর্তৃপক্ষ বারবার অনুরোধ করা সত্ত্বেও তা করেননি।
এদিকে, আউটলেট থেকে বেরিয়ে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন। প্রক্টর বিষয়টি শুনে বিরক্ত হয়ে বলেন, যে ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? তিনি বলেন, “সে কি আমার কম্পানিতে চাকরি করে?” এবং ঘটনার স্থান ক্যাম্পাসের বাইরে হওয়ায় প্রক্টর অফিসের দায়ভার অস্বীকার করেন। তিনি বলেন, আগে থানায় জিডি করতে হবে এবং তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।
ভুক্তভোগী ছাত্রী আরো জানান, পুরো সময়জুড়ে তিনি তাকে ধমকাচ্ছিলেন। যখন তিনি বলেন, “স্যার আমি মাত্রই একটা খারাপ ঘটনার শিকার হয়েছি, আপনার এমন কথায় আমার মন আরো খারাপ হয়ে যাচ্ছে,” তখন তিনি ধমক দিয়ে বলেন, “আমার মনের ভালো-খারাপের দায়িত্ব উনাদের দেওয়া হয়নি।”
প্রক্টরের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে একটি পোস্ট দেন ওই শিক্ষার্থী। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টায় ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনার বিষয়ে প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান।
এসময় প্রক্টর অফিসে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিজে অসুস্থ থাকার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
সার্বিক বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এ ছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।”
হয়রানির সঙ্গে জড়িতের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আইন অনুসারে ভুক্তভোগীকে আগে থানায় জিডি করতে হবে। জিডি করার পর আমাদের কাছে আবেদন করলে আমরা পুলিশকে চাপ প্রয়োগ করব, যাতে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আমি ঢাকা থেকে ফেরার পথেই অভিযোগ আসা আউটলেটে গিয়েছি। তাদের ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করেছি। হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জালালাবাদ থানার ওসির সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ