০৯:২৫ পি.এম
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বাসস্থান নির্মাণের পাশাপাশি আর্থিক সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সাততলা বস্তির একটি অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনসিসি প্রশাসক জানান, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
ডিএনসিসি প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনার পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানিও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়।
ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা সম্পর্কে প্রশাসক জানান, আজ দুপুর ও রাত এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হচ্ছে। ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় ভূমির মালিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে। তাই আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশ দেওয়া যাবে না।
আরও পড়ুন: মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ
পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে অনিয়ম ঠেকাতে বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও তিনি জানান। শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজের নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন। সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন