০৯:২৭ পি.এম
গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারির উদ্দেশ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজানের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরাইল। নেতানিয়াহু প্রশাসন এই ছবিগুলো বিশ্লেষণের জন্য অ্যামাজানের ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাঁস হওয়া নথিপত্র ও সামরিক সূত্রের ভিত্তিতে, ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ ওই ছবিগুলো আপলোড করেছে। এই বিভাগের নামকরণ করা হয়েছে ইসরাইলি সামরিক বাহিনীর একটি সিস্টেমের নাম অনুসারে। সিস্টেমটি পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্পর্কিত তথ্যের কেন্দ্রীয় ভাণ্ডার হিসেবে কাজ করে।
২০২৪ সালের শুরুতে রোলিং স্টোন অ্যামাজানকে ছবিগুলো আপলোড করার সিদ্ধান্তের কথা জানায়। এর উদ্দেশ্য ছিল অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চিত্র বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রিকগনিশন’ এর মাধ্যমে চেহারা শনাক্তকরণ প্রকল্প পরিচালনা করা।
আরও পড়ুন: রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন হামলায় ক্ষতিগ্রস্ত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। এরপর থেকে ইসরাইলি সামরিক বাহিনী নিয়মিত চেকপয়েন্টের মাধ্যমে যাতায়াতকারী ফিলিস্তিনিদের ছবি এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আসছে। এসব তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্মতি নেয়া হয়নি।
অ্যামাজনের ‘রিকগনিশন’ প্ল্যাটফর্মে আপলোড করা ছবিগুলো ঠিক এই ধরনের চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন