বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩২ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজিন আহমেদ জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককের শিরোপা জয় করে প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করেছেন। ১২ বছর বয়সে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়ে শুরু করা তার যাত্রা অধ্যবসায়, ত্যাগ এবং স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠেছে।
সিলেটের গোলাপগঞ্জের একটি সাধারণ পরিবারের সন্তান রাজিন ধীরে ধীরে বাংলাদেশের ব্যাডমিন্টনের সম্ভাবনাময় খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। জাতীয় এককে প্রথম শিরোপা জয় তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রাজিন পুরুষ এককের শিরোপা অর্জন করেন। ফাইনালে তার প্রতিপক্ষ বাংলাদেশ আনসারের এসএসএম সিবাগাত উল্লাহ ওয়াকওভার দেওয়ার ফলে তিনি শিরোপা লাভ করেন।
রাজিনের জন্য এই শিরোপা কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়। এটি দীর্ঘদিনের সংগ্রাম এবং আর্থিক সংকটের কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেও পাশে থাকা মানুষের সহযোগিতার প্রতিফলন।
বাসসের সঙ্গে আলাপকালে, রাজিন তার পথচলা, বাংলাদেশের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছেন।
সাফল্যের পেছনে সহযোগিতার হাত
জাতীয় পর্যায়ে সাফল্যের পথে রাজিনের যাত্রা মোটেও সহজ ছিল না। স্থানীয় শুভাকাঙ্খী, পরামর্শদাতা এবং বড় ভাইদের সহযোগিতা তার ব্যাডমিন্টনের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গ্রামের প্রবীণ ব্যক্তি ও সুহৃদদের মধ্যে শাকিল, কাসেম, সন্তোষ, এনাম ও মিঠু ভাইয়ের পাশাপাশি তার কোচ সব সময় তার পাশে ছিলেন।
আর্থিক সংকট কিংবা মানসিক চাপের মুখোমুখি হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যাডমিন্টনের র্যাকেট থেকে শুরু করে প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন তারা। তাদের এই সহযোগিতার কারণে রাজিন খেলোয়াড়ি লক্ষ্য থেকে বিচ্যুত হননি।
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে বিভিন্ন বাধা অতিক্রম করতে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।
আর্থিক সংকট ও সুযোগ-সুবিধার অভাব বড় বাধা
জাতীয় পর্যায়ে সাফল্য পেলেও, রাজিন মনে করেন বাংলাদেশের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক অগ্রগতির পথে বেশ কিছু কাঠামোগত সমস্যা বিদ্যমান।
অপর্যাপ্ত অনুশীলন সুবিধা, আধুনিক কোচিংয়ের অভাব, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সীমিত সুযোগ এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবকে তিনি এ খেলার উন্নয়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
শাটল, কোর্ট ভাড়া ও অন্যান্য অনুশীলন সরঞ্জামের জন্য খেলোয়াড়দের প্রায়ই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান শাটলারের পক্ষে ক্যারিয়ার ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে রাজিন জানান।
রাজিন বিশ্বাস করেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা, উন্নত অনুশীলন সুবিধা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বেশি সুযোগ তৈরি করা গেলে ব্যাডমিন্টনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।
পাঁচ বছরের মধ্যে এশিয়ান সোনা জয়ের স্বপ্ন
বর্তমানে রাজিন উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনার দায়িত্বও সমানভাবে সামলে নিতে চান।
তবে তার স্বপ্ন দেশের গন্ডিতে সীমাবদ্ধ নয়। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের জন্য এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন এই তরুণ শাটলার।
রাজিনের বিশ্বাস, যথাযথ পরিকল্পনা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের রয়েছে।
জাতীয় শিরোপা জয় রাজিনের পথচলার শেষ নয়, বরং এটি আরও বড় অভিযাত্রার সূচনা। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গৌরব বয়ে আনার স্বপ্নই তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কঠিন সময়ের মধ্যে পাশে থাকার জন্য ক্লাব, চিকিৎসক, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৪০ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার সিটি অধিনায়ক গত মাসে বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন দেখার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর মেনিনজিয়াল ইরিটেশন ধরা পড়ে, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণের প্রদাহজনিত সমস্যা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোম্পানি বলেন, "সময়টা খুবই কঠিন ছিল। তখন এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। এখন পেছনে ফিরে তাকালে মনে হয় সবকিছুই ঠিকঠাকভাবে হয়েছে। ক্লাব ও চিকিৎসকদের কাছ থেকে আমি দ্রুত সহায়তা পেয়েছি, এজন্য আমি খুবই কৃতজ্ঞ।"
তিনি আরও উল্লেখ করেন, "এমন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে হয় এবং পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়। সৌভাগ্যবশত সব পরীক্ষার ফল ভালো এসেছে।"
নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোম্পানি মন্তব্য করেছেন, "আমি বলতে পারি, আমি খুবই সুস্থ। অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং সব রিপোর্টই স্বাভাবিক এসেছে। কঠিন সময়গুলো থেকেও শেখার সুযোগ থাকে।"
"এখন আমি আবার খুব ভালো অনুভব করছি এবং দলের সঙ্গে ফিরে আসতে পেরে খুশি।"
কোম্পানির অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস দলের দায়িত্ব সামলেছেন। তাঁর অধীনে বায়ার্ন চারটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের দারুণ পারফরম্যান্সে উজ্জীবিত বায়ার্ন বর্তমানে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডের ওপরে অবস্থান করছে তারা।
দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর শুক্রবার কোলনের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ডাগআউটে ফিরবেন কোম্পানি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : চীনা পেকিন হাঁস পালন জেলার শত শত গ্রামীণ নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই উদ্যোগটি তুলনামূলকভাবে কম বিনিয়োগ, শ্রম ও সময়ের মধ্যে লাভজনক হওয়ায় নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।
দ্রুত বর্ধনশীল এবং মাংস উৎপাদনকারী এই জাতটি দিনাজপুরের নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
পেকিন হাঁস মাত্র ৬০ থেকে ৬২ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। নারীরা ঘরের কাজের পাশাপাশি বাড়তি আয়ের একটি চমৎকার সুযোগ হিসেবে এই হাঁস পালনকে গ্রহণ করেছেন।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, এ বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় ১ হাজারেরও বেশি ছোট-বড় হাঁসের খামার গড়ে উঠেছে। জেলার গ্রামীণ নারীদের মধ্যে পেকিন হাঁস পালনের প্রতি আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি বলেন, মূলত চীনে উদ্ভাবিত এই জাতটি দেশি হাঁসের তুলনায় অনেক বেশি মাংস উৎপাদন করে। হোটেল মালিক ও ভোক্তাদের কাছেও এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। দুই মাসের মধ্যে একটি পেকিন হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে। তাই বাণিজ্যিক ক্রেতাদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
রাস্তার পাশের খাবার দোকান ও স্থানীয় রেস্তোরাঁগুলোতে হাঁসের মাংস ও ভাতের চাহিদা বেড়ে যাওয়ায় আগের বছরগুলোর তুলনায় এই জাতটির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অনেক রেস্তোরাঁ মালিক এখন সরাসরি খামার থেকেই পেকিন হাঁস সংগ্রহ করছেন।
জেলার চিরিরবন্দর উপজেলার সোনামুখী গ্রামের গৃহবধূ ৩০ বছর বয়সি জুলেখা বেগমের জীবনে এই উদ্যোগ আয়ের নতুন উৎস ও আর্থিক স্বাধীনতা নিয়ে এসেছে।
বাসসের সাথে আলাপকালে মো. নাজির হোসেনের স্ত্রী জুলেখা জানান, ২০২৫ সালের ১১ অক্টোবর তিনি ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’ (পিকেএসএফ)-এর সহায়তায় ভর্তুকি মূল্যে ৩৫টি পেকিন জাতের হাঁসের বাচ্চা নিয়ে এই যাত্রা শুরু করেন।
তিনি নিজের বাড়িতে টিনের ছাউনি দেওয়া ও চারপাশ জালে ঘেরা একটি জায়গায় হাঁসের বাচ্চাগুলোকে বড় করেন। সেখানে তিনি নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি, আলো ও অক্সিজেনের সুব্যবস্থা নিশ্চিত করেন। দিনের বেলায় তিনি হাঁসগুলোকে কাছের মাঠে ঘাস খাওয়ার সুযোগ দিতেন এবং পুকুরে সাঁতার কাটার ব্যবস্থা করতেন। হাঁসগুলোর নিয়মিত খাবারের তালিকায় ছিল সেদ্ধ খুদ, চালের গুঁড়া, ভুসি ও পানি। এসব খাবার ভালোভাবে মিশিয়ে তিনি হাঁসকে খেতে দিতেন।
জুলেখা জানান, সাধারণত দুই থেকে আড়াই মাসের মধ্যেই হাঁসগুলো বিক্রির উপযোগী হয়ে ওঠে। প্রতিটি হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়। বাজারের চাহিদার ওপর নির্ভর করে প্রতিটি পূর্ণবয়স্ক হাঁস পাইকারি বিক্রেতাদের কাছে ১,২০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করা যায়। তিনি প্রথম ব্যাচের ৩৫টি হাঁস প্রতিটি ১,২০০ টাকা দরে মোট ৪২,০০০ টাকায় বিক্রি করেন।
প্রাথমিক এই সাফল্যে উৎসাহিত হয়ে জুলেখা আরও ৭০টি হাঁসের বাচ্চা দুই ধাপে বড় করেন এবং প্রতিটি ১,২০০ টাকা দরে বিক্রি করে ৮৪,০০০ টাকা আয় করেন। পরবর্তীতে, ৪ মে তিনি তৃতীয় ব্যাচের ৩৫টি হাঁস প্রতিটি ১,৪০০ টাকা দরে বিক্রি করেন। এ থেকে তার আয় হয় ৪৯,০০০ টাকা।
গত ঈদুল আজহার সময় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় তিনি সেসময় হাঁসগুলো বিক্রি করে তুলনামূলক বেশি দাম পেয়েছিলেন।
দেশি হাঁস ও পেকিন হাঁসের মধ্যে তুলনা করতে গিয়ে তিনি জানান, একটি দেশি হাঁস থেকে সাধারণত এক কেজির সামান্য বেশি মাংস পাওয়া যায়, যার মধ্যে হাড়ের পরিমাণ অনেক বেশি থাকে। অন্যদিকে, একটি পেকিন হাঁস থেকে দেশি হাঁসের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মাংস পাওয়া যায়।
পিকেএসএফ-এর কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বাসস’কে বলেন, গ্রামীণ নারীদের লাভজনক হাঁস পালনের সঙ্গে যুক্ত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, দিনাজপুরের সাতটি সমিতির ২৪২ জন গ্রামীণ নারী ইতোমধ্যে পেকিন হাঁস পালন করে সফল হয়েছেন। এই কর্মসূচির আওতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র’ (এমবিএসকে) পিকেএসএফ-এর সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ নারীদের হাঁস পালনের কাজে যুক্ত করেছে। এমবিএসকে প্রতিটি উপজেলা থেকে ১২৫ জন গৃহবধূকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে এ কার্যক্রম ছড়িয়ে পড়েছে।
আস্করপুর, আউলিয়াপুর, ফাজিলপুর, বিশ্বনাথপুর, ফারাক্কাবাদ, তেঁতুলিয়া, সোনামুখী, রানীবন্দর, নশরতপুর, বেলতলী, ঝাড়বাড়ী, সুজাপুর ও খয়েরবাড়ীসহ বিভিন্ন গ্রাম এই ক্রমবর্ধমান উদ্যোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
রাশেদুল ইসলাম বলেন, পেকিন হাঁস পালনে তুলনামূলক কম যত্নের প্রয়োজন হয়। এগুলোতে রোগবালাইও কম হয়। যার ফলে মৃত্যুর হারও বেশ কম। এই বৈশিষ্ট্যগুলোর কারণে স্বল্প আয়ের গ্রামীণ পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত উপযোগী। তারা সামান্য বিনিয়োগ ও শ্রম দিয়েই এখান থেকে মুনাফা অর্জন করতে পারেন।
তিনি জানান, নারীরা শুরুতে বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়েছেন এবং পরবর্তীতে ভর্তুকি মূল্যে তা পেয়েছেন। পাশাপাশি, হাঁসকে খাওয়ানো ও লালন-পালনের বিষয়েও তাদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এই উদ্যোগে সফল নারীরা সবাই এমবিএসকে-এর সদস্য। তারা হলেন; পারুল রানী, প্রতিমা সরকার, বুলবুলি, মরজিনা, সোহেলি, ময়ূরী, শর্মিলা দাস, সালেহা বেগম, আসমা বেগম ও মরজিনা খাতুনসহ আরও অনেকে।
এমবিএসকে আধুনিক ইনকিউবেশন মেশিন ব্যবহার করে পেকিন জাতের হাঁসের বাচ্চা ফোটানোর একটি ব্যবস্থা গড়ে তুলেছে। যাতে গ্রামীণ নারীদের কাছে নিয়মিতভাবে হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করা যায়। সংস্থাটি নারীদের খামার সফলভাবে পরিচালনার জন্য নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ সার্জন ডা. আশিকা আকবর তিশা জানান, উন্নত চীনা পেকিন জাতের হাঁস পালনে গ্রামীণ নারীদের এই সাফল্য তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, উন্নত জাতের হাঁস ও পোল্ট্রি পালনে আগ্রহী নারীদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়গুলোকে খামারিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যে উদ্যোগটি একসময় ছোট পরিসরে পারিবারিক পর্যায়ে শুরু হয়েছিল, তা এখন দিনাজপুরে একটি সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোগে পরিণত হচ্ছে। এটি নারীদের জন্য তাদের বাড়ির আঙিনাকে একটি উৎপাদনশীল খামারে রূপান্তর করার সুযোগ তৈরি করছে। যা তাদের আরও স্বনির্ভর অর্থনৈতিক ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘকালীন সমস্যার সমাধান হিসেবে ইন্দোনেশিয়ার আইনপ্রণেতারা একটি বহুল প্রতীক্ষিত বিল পাস করেছেন, যা দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের সুযোগ প্রদান করে।
বৃহস্পতিবার, দেশটির পার্লামেন্টে এই বিলটি পাস হয়েছে।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
বৃহস্পতিবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে দেশটির প্রথম সম্পদ বাজেয়াপ্তকরণ আইনটি পাস করা হয়। ১৮ বছর আগে প্রথমবারের মতো বিলটি উত্থাপন করা হয়েছিল এবং অবশেষে তা আইনে পরিণত হলো।
আইনপ্রণেতা হাবিবুরোখমান পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, পূর্বে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদই কেবল বাজেয়াপ্ত করা সম্ভব ছিল।
আইনের চূড়ান্ত পাঠ এখনও প্রকাশ করা হয়নি। তবে এএফপির হাতে আসা একটি খসড়ায় উল্লেখ করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মারা গেলে, অসুস্থ হলে অথবা পলাতক থাকলে তাদের সম্পদ ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত না করেও বাজেয়াপ্ত করা যাবে।
এ ক্ষেত্রে সম্পদের মূল্য অন্তত ১০০ কোটি রুপিয়া (প্রায় ৫৪ হাজার ৭৫৮ ডলার) হতে হবে।
হাবিবুরোখমান আরও বলেন, দুর্নীতি, মাদক পাচার, আর্থিক জালিয়াতি, সন্ত্রাসবাদ এবং মানব পাচারের মাধ্যমে অর্জিত সম্পদ এই আইনের আওতায় বাজেয়াপ্ত করা যাবে।
তিনি জানান, আইনটির অপব্যবহার রোধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ঠেকাতে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে। এই সংস্থার সদস্যদের মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট এবং তাদের অনুমোদন দেবে পার্লামেন্ট।
গত আগস্টে, বিলটি পাসের দাবিতে পার্লামেন্টের বাইরে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচকে ইন্দোনেশিয়া ১০০-এর মধ্যে মাত্র ৩৪ পয়েন্ট অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন (৬০) কে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর থেকে আলোচনায় আসেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হয়। মামলাটি তদন্তকারী সংস্থা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা, অপরাধ সংগঠনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করা, সংঘর্ষের ঘটনায় নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামির পরিচয় উদ্ঘাটনসহ ঘটনার পেছনের পরিকল্পনা অনুসন্ধান এবং আহতদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য প্রবাসফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা ইমামকে মিম্বার থেকে টেনে হিঁচড়ে আঘাত করে নিচে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিলে আসামি রুহুল আমিনের নির্দেশে ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তিনি চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হন এবং ডান চোখে দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিদের পিটুনিতে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ