বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
আগামী ২১ থেকে ২৭ নভেম্বর ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’। প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ। প্রতিদিনের জীবনের পরিবর্তিত বাস্তবতা, স্মৃতি, আলো, শব্দ ও অনুভূতির বিচ্ছিন্ন মুহূর্তগুলোকে এই প্রদর্শনীতে পাঁচ শিল্পী তাঁদের নিজস্ব দৃশ্যভাষায় উপস্থাপন করবেন।
প্রতিদিনের জীবন কি সত্যিই একটি সম্পূর্ণ দৃশ্য? নাকি স্মৃতি, আলো, শব্দ, অনুভূতি এবং ক্ষণস্থায়ী মুহূর্তগুলো মিলে তৈরি করে অসংখ্য খণ্ডচিত্র? কখনো তা স্পষ্ট, কখনো অস্পষ্ট; কখনো পরিচিত দৃশ্য, আবার কখনো ভেতরের কোনো অনুভবের প্রতিফলন। ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ এই ভাঙা-গড়া অভিজ্ঞতাকে পাঁচটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছে।
প্রদর্শনী উপলক্ষে শিল্পীরা এক আড্ডায় তাঁদের কাজ, ভাবনা ও শিল্পচর্চা নিয়ে আলোচনা করেছেন। তাঁদের কথায় এবং প্রদর্শনীর জন্য নির্বাচিত কাজগুলোতে উঠে এসেছে একই থিমের ভেতরে পাঁচটি স্বতন্ত্র শিল্পভাষা। কেউ বাস্তবতার দিকে তাকিয়েছেন প্রকৃতির মধ্য দিয়ে, কেউ মানুষের অনুভবের দিকে, কেউ বিমূর্ততার ভেতর দিয়ে, আবার কেউ দৈনন্দিন জীবনের ছোট ছোট দৃশ্য ও মুহূর্ত থেকে।
শিল্পী আলীর কাজে রঙের তীব্রতা ও স্তরবিন্যাস বিশেষভাবে লক্ষণীয়। The Echoes Within, Celestial Embrace কিংবা The Fake Sun–এ মানব অবয়ব, প্রকৃতি, প্রতীক ও অ্যাবস্ট্রাক্ট উপাদান মিলেমিশে তৈরি করেছে ভিন্ন এক জগৎ। কোথাও মুখ, কোথাও শরীর, কোথাও গাছপালা—দৃশ্যমান বাস্তবতার আড়ালে যেন আরেকটি মানসিক স্তরের ইঙ্গিত রয়েছে। তাঁর কাজে বাস্তব ও পরাবাস্তবের মিশেল একটি আলাদা আবহ তৈরি করে।
দিলরুবা হক কাজরীর কাজ তুলনামূলকভাবে বেশি বর্ণনামুখী। Beyond the Fragments, Golden Hour, Cockatoo ও The Essence of Peace–এর প্রতিটিতেই রয়েছে আলাদা গল্পের ইঙ্গিত। প্রকৃতি, প্রাণী, মানবমুখ ও কল্পনার উপাদান তাঁর কাজে জায়গা করে নেয়। পরিচিত দৃশ্যের সঙ্গে কল্পনার মিশেল তাঁর ছবিগুলোকে সরাসরি বর্ণনার বাইরে নিয়ে যায়।
ইসরাত জাহানের ছবিতে পাওয়া যায় অন্যরকম এক নীরবতা। Morning Glow, Drifting Away, A Quiet Longing, Together We Bloom কিংবা Moments of Stillness—নামগুলোতেও তাঁর আভাস রয়েছে। আলো, ঘর, ফুল, জল, অপেক্ষা কিংবা একাকী মানব অবয়ব তাঁর কাজে আসে বেশ সংযতভাবে। বড় কোনো নাটকীয়তার বদলে দৈনন্দিন জীবনের ছোট ছোট শান্ত মুহূর্ত তাঁর ছবির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
মাহমুদা আসসাফরা মিমের Image of Nature সিরিজে বাস্তব দৃশ্যের সরাসরি উপস্থিতি নেই। রং, জ্যামিতিক বিন্যাস, খণ্ডিত প্লেন ও স্তরবিন্যাসের মধ্য দিয়ে তিনি প্রকৃতির ধারণাকে নতুনভাবে নির্মাণ করেছেন। তাঁর কাজে দৃশ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রং ও ফর্মের পারস্পরিক সম্পর্ক। কোথাও ধূসরতার বিস্তার, কোথাও উজ্জ্বল রঙের ছাপ, আবার কোথাও মৃদু রঙের ব্যবহার—প্রকৃতি এখানে কেবল দৃশ্য নয়, অনুভূতি ও গঠনেরও অংশ।
ফারিন আহমেদের কাজে প্রকৃতির দৃশ্যমান উপস্থিতি তুলনামূলকভাবে প্রবল। The Alchemy of Light, Evening Rain, Into the Blue কিংবা Eternal Love–এ আলো, জল, নগরদৃশ্য, মানুষ ও রঙের গতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আলো ও প্রতিফলনের ব্যবহার তাঁর ছবিতে মুহূর্তের অনুভূতিকে সামনে নিয়ে আসে। পরিচিত দৃশ্যও রঙের ব্যবহারে কখনো কখনো বাস্তবতার চেয়ে স্মৃতির কাছাকাছি চলে যায়।
একই বিষয়কে পাঁচ শিল্পী দেখছেন পাঁচভাবে। কেউ বাস্তবতাকে খুঁজছেন রঙে, কেউ স্মৃতিতে, কেউ নীরবতায়, কেউ প্রতীকে, আবার কেউ আলো ও প্রকৃতির পরিবর্তনে। এই ভিন্নতাই ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’কে একক কোনো ব্যাখ্যার মধ্যে আটকে রাখে না। বরং এই প্রদর্শনী পরিচিত বাস্তবতার ভেতরে ছড়িয়ে থাকা দৃশ্য, স্মৃতি ও অনুভূতির খণ্ডগুলোকে নতুনভাবে দেখার আহ্বান জানায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ মাহফিল আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা করছেন, এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এটি রাজশাহীতে ড. আজহারীর প্রথম তাফসির মাহফিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, "মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে।" তিনি উল্লেখ করেন, মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, "মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন করা হয়েছে, যা সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফিতা কেটে নবনির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনের পর বিওপির নাম ফলক উমোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে কি করছে তার দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার উল্লেখ করেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর বিশ্বাস আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস, যিনি নুরু চেয়ারম্যান নামে পরিচিত, এর পুত্র।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার একটি টিম বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজন আজ ১৯ নভেম্বরের তারিখে ২০২৩ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এই তথ্য তাদের পেজে প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে- এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
যা বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি আজকের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের।
বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়া একটি ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানোর ঘটনা শনাক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ