০৫:১৫ পি.এম
শেরপুর গারো পাহাড়ি অঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহ ধরে ভোরে ঘন কুয়াশা, সন্ধ্যার পর হিমেল বাতাস এবং রাতের ঠান্ডার প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষ শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন। শীতের কষ্ট থেকে পরিবারের সদস্যদের রক্ষা করতে অনেকে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। এর ফলে ঝিনাইগাতীসহ জেলার বিভিন্ন হাট-বাজারে লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তবে গত বছরের তুলনায় তুলা, কাপড়, ফোমসহ লেপ-তোষক তৈরির বিভিন্ন উপকরণের দাম এবং কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় খরচও বৃদ্ধি পেয়েছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বাড়তি আর্থিক চাপে পড়েছেন। প্রয়োজন থাকা সত্ত্বেও অর্থাভাবে অনেকেই চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করতে পারছেন না।
ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের লেপ-তোষক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও মাসুদুর রহমান জানিয়েছেন, তাঁরা প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত। বর্তমানে তাঁদের দোকানে ছয়জন কারিগর কাজ করছেন। প্রতিদিন ৭ থেকে ১০টি লেপ তৈরি হচ্ছে। চার থেকে পাঁচ হাত মাপের প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। এ ব্যবসার আয় দিয়েই তাঁদের পরিবারের ভরণপোষণ হয়ে থাকে।
আরও পড়ুন: ইউনেস্কো: বাংলাদেশে শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি
লেপ-তোষক কিনতে আসা গান্ধীগাঁও গ্রামের মিজানুর রহমান মিজান ও গোমড়া গ্রামের আনোয়ার হোসেন জানিয়েছেন, তাঁরা পরিবারের সদস্যদের শীতের কষ্ট থেকে বাঁচাতে লেপ-তোষক তৈরি করতে এসেছেন। কিন্তু উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ হচ্ছে। অন্যদিকে প্রতাপনগর গ্রামের আশরাফ আলী জানিয়েছেন, আর্থিক সংকটের কারণে দুটি লেপ তৈরির পরিকল্পনা থাকলেও এবার একটি তৈরি করতে হচ্ছে।
এদিকে গারো পাহাড়ের সীমান্তবর্তী ও দুর্গম এলাকার হতদরিদ্র মানুষ শীতের প্রকৃত দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে দিনমজুর, অসহায় বৃদ্ধ, নারী ও শিশুরা শীত বাড়ার সঙ্গে সঙ্গে চরম কষ্টে পড়ছেন। অনেকের ঘরে পর্যাপ্ত শীতবস্ত্র নেই এবং নতুন লেপ-কম্বল কেনার সামর্থ্যও নেই। জরাজীর্ণ ঘরে বসবাস করা এসব মানুষের কাছে শীত যেন বেঁচে থাকার এক কঠিন লড়াই।
এ অবস্থায় শীতের তীব্রতা আরও বাড়ার আগেই প্রকৃত অসহায় মানুষের তালিকা তৈরি করে তাঁদের মধ্যে দ্রুত সরকারি কম্বল বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন, “এখনো সরকারি কম্বলের বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই দ্রুত হতদরিদ্র মানুষের মধ্যে তা বিতরণ করা হবে।”
আরও পড়ুন: উখিয়ায় ইউএনওর নেতৃত্বে টয়লেট দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা র্যালি
সচেতন মহলের দাবি, শীতের প্রকোপ চরমে পৌঁছানোর পর নয়, বরং আগেভাগেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে গারো পাহাড়ের দুর্গম ও সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের কাছে সময়মতো সরকারি কম্বল পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ প্রয়োজন। কারণ, সামর্থ্যবানদের কাছে একটি কম্বল সাধারণ প্রয়োজন হলেও, একজন হতদরিদ্র মানুষের কাছে সেটিই হতে পারে হাড়কাঁপানো শীতের রাতে বেঁচে থাকার একমাত্র উষ্ণ আশ্রয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন