০৫:১৬ পি.এম
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে কাজ করা প্রতিষ্ঠান ‘সোসাইটি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার (স্যান্ড)’ আজ ২৮ নভেম্বর শনিবার তাদের গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন স্যান্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোঃ আমিনুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সালাম সরকার।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক দশকে স্যান্ড-এর বিশেষায়িত শিক্ষা ও থেরাপি সহায়তার মাধ্যমে ৩০০-এর অধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সফলভাবে মূলধারার সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং বর্তমানে তারা নিয়মিত শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ব্যক্তিকেন্দ্রিক ওয়ান-টু-ওয়ান (One-to-One) শিক্ষাব্যবস্থা ও অকুপেশনাল থেরাপি সেবার জন্য ঢাকায় অভিভাবকদের আস্থাভাজন হিসেবে পরিচিতি অর্জন করেছে।
আরও পড়ুন: গান কি সত্যিই প্রাণীদের আচরণে ইতিবাচক প্রভাব ফেলে?
দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং স্যান্ড থেকে সফলভাবে মূলধারার বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। বিশেষ অতিথিরা এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্যান্ড সোসাইটির আজীবন ও সাধারণ সদস্য, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন