০৭:০৬ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজের মালিকের অভিযোগ অনুযায়ী, ডাকাতরা নৈশপ্রহরী এবং এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার এবং একটি থ্রি-হুইলার অটোরিকশা লুট করে নিয়ে গেছে। এ সময় গ্যারেজে উপস্থিত দুইজনের হাত, পা ও মুখ বেঁধে রাখে ডাকাতদল।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান (৩৬) অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী মাহবুবুর রহমান উল্লেখ করেন, জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজ থেকে এলাকার ১৫-২০ জন চালক ভাড়ায় গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকের বাবা রাতে সেখানে অবস্থান করতেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে হত্যাযজ্ঞের চেষ্টা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনা: রাশেদ খান
অভিযোগে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে অধিকাংশ গাড়ি গ্যারেজে জমা হলেও একটি গাড়ি ফিরতে দেরি হওয়ায় মালিকের বাবা গ্যারেজে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল ছুরি, চাপাতি, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে উপস্থিত মালিকের বাবা ও এক গাড়িচালককে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
পরে ডাকাতরা গ্যারেজে থাকা ২৩টি অটোরিকশার মোট ৯২টি ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপ গাড়িতে তুলে নেয়। একই সঙ্গে বড় একটি থ্রি-হুইলার অটোরিকশাও গাড়িতে তুলে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন