ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২


টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বোমা তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক সরঞ্জামাদি, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)-কে আটক করা হয়েছে। এছাড়া, মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত দুইটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: অস্থিরতার কারণে ১৮ দিনে পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

আটককৃতদের কাছ থেকে জব্দ করা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জামাদি সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মন্তব্য করেন, ‘দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডের জলসীমায় ড্রোন হামলায় রুশ কার্গো জাহাজ, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ফিনল্যান্ডের জলসীমায় ড্রোন হামলায় রুশ কার্গো জাহাজ, চলছে উদ্ধার অভিযান

ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলার পর উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ‘স্পার্টা-২’ নামের ওই জাহাজে হামলার ঘটনা ঘটে, এবং পরে এটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী মনে করছে, ইউক্রেন এই হামলার পেছনে থাকতে পারে। তবে কিয়েভ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, রোববার (২২ নভেম্বর) জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পানি দিয়ে আগুন নেভানোর কাজ চলছে, এবং উদ্ধারকাজও অব্যাহত রয়েছে। এ কাজে এস্তোনিয়া ও রাশিয়ার উদ্ধারকারী দলও অংশগ্রহণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে আশপাশের নৌযান চলাচল বা মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এ ঘটনায় কালিনিনগ্রাদের সরবরাহ ব্যবস্থায় কোনো হুমকি সৃষ্টি হয়নি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো মন্তব্য করেছেন, ‘যুদ্ধ আমাদের আশপাশেও ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’

ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে হামলার খবর পায় তারা। ওই সময় জাহাজটি ফিনল্যান্ড উপসাগরে সুসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে আকাশ ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি উদ্ধার অভিযান কিংবা নজরদারির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’: রেড ক্রসের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’: রেড ক্রসের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য দ্রুত আন্তর্জাতিক চুক্তি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা সতর্ক করে বলেছে, দৈত্যকে বোতলে ঢোকানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই অস্ত্রের উন্নয়ন ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগের তুলনায় এগিয়ে যাচ্ছে অনেক দ্রুত। ফলে, কার্যকর বিধিনিষেধ আরোপ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জেনেভায় জাতিসংঘের নির্দিষ্ট প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) ১২০টির বেশি সদস্যদেশের সপ্তাহব্যাপী সম্মেলনের পর এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। তবে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আগামী দুই বছর আলোচনা চালানোর বিষয়ে একটি সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

আইসিআরসির আন্তর্জাতিক আইন, আন্দোলন ও অংশীদারত্ববিষয়ক পরিচালক ড. কর্ডুলা দ্রগে মন্তব্য করেন, “আমরা যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখতে শুরু করেছি। সম্ভবত অস্ত্রব্যবস্থাতেও এর ব্যবহার শুরু হয়েছে। যদি এটিকে অনিয়ন্ত্রিত রাখা হয়, তাহলে জিনিটিকে বোতলে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন হবে।”

স্বয়ংক্রিয় অস্ত্র বলতে এমন সামরিক ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে সক্ষম। এসব অস্ত্র পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির ব্যবহার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সামরিক বাহিনী ও অস্ত্র নির্মাতারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক নানা ধরনের উন্নত অস্ত্র তৈরি করছে। এর মধ্যে রয়েছে ইসরাইলি বাহিনীর গাজায় লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহৃত এআই প্রযুক্তি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যবহৃত আধা-স্বয়ংক্রিয় ড্রোন। এসব ড্রোনের বিশেষ সক্ষমতা হলো, লক্ষ্যবস্তুর একেবারে কাছাকাছি পৌঁছানোর শেষ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

আইসিআরসির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে স্পষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধসহ আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছেন।

আইসিআরসি বিশেষ করে মানুষের বিরুদ্ধে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা, অস্ত্রের আচরণ অনুমানযোগ্য রাখা এবং সামরিক লক্ষ্যবস্তুতে এসব অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দিয়েছে।

কর্ডুলা দ্রগে আরও বলেন, “সব ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে না। বরং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এমন কিছু সীমারেখা নির্ধারণ করতে হবে, যা কখনোই অতিক্রম করা যাবে না। আমরা ইতিমধ্যে সেই সীমারেখার খুব কাছাকাছি পৌঁছে গেছি। বিশেষ করে যন্ত্রের মাধ্যমে মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত।”

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, নিয়ন্ত্রণ আরোপে বিলম্ব হলে বেসরকারি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীগুলোই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের নিয়মকানুন নির্ধারণ করে ফেলবে।

ইতোমধ্যে এসব অস্ত্রের কারণে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত জুলাইয়ে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় এআই প্রযুক্তি দিয়ে পরিচালিত রাশিয়ার একটি ড্রোনের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হন। ড্রোনটির লক্ষ্য ছিল একটি পেট্রল স্টেশন। কিন্তু সেটি দেয়ালে আছড়ে পড়ে এবং বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে কাছের একটি ঝরনায় থাকা তিনজনের মৃত্যু হয়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল এআই প্রযুক্তির সাহায্যে মানুষের পক্ষে সম্ভব নয়, এমন দ্রুতগতিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এর ফলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুর্বল বা সামান্য সম্পর্ক থাকা ব্যক্তিসহ অনেক বেসামরিক মানুষ ভুলভাবে হামলার শিকার হয়েছেন।

এ ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের একটি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয় আক্রান্ত হয়ে ১৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী। এআই ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা ভুল গোয়েন্দা তথ্যের কারণে হামলাটি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের সামরিক এআই পরিচালনা বিভাগের প্রধান আনা হেহির বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চুক্তি করতে আরও দেরি হলে গত ১৮ থেকে ২৪ মাসে দেখা যাওয়া বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানির মতো আরও ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে কিছু ঘটনায় প্রাণহানির মাত্রা অতীতের ঘটনাগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় এক মাসেও অভিযোগ বাক্সগুলোতে জমা পড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


পটিয়ায় এক মাসেও অভিযোগ বাক্সগুলোতে জমা পড়েনি

চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসের ব্যবধানে কোনো অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩২টি অভিযোগ বাক্স খোলা হলে দেখা যায়, সবগুলো খালি রয়েছে।

এ বিষয়ে দুপুরে পটিয়া উপজেলায় নিজের পরিদর্শন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি এনামুল হক এনাম। তিনি বলেন, “পটিয়াবাসী অভিযোগ দিচ্ছেন না, নাকি শান্তিতে আছেন—তা আমি জানি না।”

জানা গেছে, সরকারি দপ্তরের সেবার মান নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম, দখলবাজি বা চাঁদাবাজির তথ্য জানার জন্য গত অক্টোবরে পটিয়ার প্রতিটি সরকারি কার্যালয়, বড় বাজার ও ইউনিয়ন পরিষদে দুটি করে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি এনামুল হক এনাম। ওই সময় তিনি জানিয়েছিলেন, ভুক্তভোগীরা যেকোনো দপ্তরের অনিয়ম কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখে বাক্সে জমা দিতে পারবেন। একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে এসব অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। স্থানীয়রা তখন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

রোববারের সংবাদ সম্মেলনে এমপি এনামুল হক এনাম বলেন, “সমস্যা থাকলেও নানা কারণে সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই সাধারণ মানুষের সমস্যার কথা জানতেই এসব বাক্স স্থাপন করেছিলাম। কিন্তু গত এক মাসে একটি অভিযোগও জমা হয়নি। কারও কোনো সমস্যা থাকলে তা জানানোর জন্য প্রয়োজনে আরও প্রচার চালানো হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, সংবাদকর্মী ও সচেতন মহলেরও।”

সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%