১০:১৬ পি.এম
নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে এই গবেষণা চলছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর অসহায় ও দুস্থ নারীদের জন্য ব্যতিক্রমী আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শরীফুল আলম বলেন, বিদেশ থেকে পাটের বীজ আমদানির প্রয়োজনীয়তা কমানোর লক্ষ্যে দেশীয়ভাবে উন্নতমানের বীজ উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে পাট খাতে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন আবুল কালাম আজাদ
প্রতিমন্ত্রী আরো জানান, দেশের পাটভিত্তিক শিল্পের জন্য কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে কাঁচা পাট রপ্তানিকে আনুষ্ঠানিকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, কৃষকরা এবছরও তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার জন্য পাঁচজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে বিএনপির বিশাল র্যালি, জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন