ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সিরাজগঞ্জে নাট্যচক্রের ২৫ বছর পূর্তির রজতজয়ন্তী উৎসব শুরু


সিরাজগঞ্জে নাট্যচক্রের ২৫ বছর পূর্তির রজতজয়ন্তী উৎসব শুরু

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘নাট্যচক্র গ্রুপ থিয়েটার’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান মো. আব্দুস সাত্তার।

নাট্যচক্রের সভাপতি আব্দুল আলীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উল্লেখ করেন, "দীর্ঘ ২৫ বছর ধরে জেলা শহরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা একটি প্রশংসনীয় উদ্যোগ।" তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত নাট্যচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, ককটেল বিস্ফোরণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন এবং স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জের কৃতি নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সমসাময়িক সামাজিক অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলে ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করেন মিলনায়তনে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র দীর্ঘকাল ধরে মঞ্চনাটক, পথনাটক ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উৎসবের দ্বিতীয় ও শেষ দিন আজ শনিবার আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য এবং নাট্যচক্রের পরিবেশনায় নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হবে।

আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালোইনে সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


হ্যালোইনে সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে নতুন সহিংস বিক্ষোভ ও নাশকতার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে ফ্রান্সের সরকার দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (৩১ অক্টোবর) টানা তৃতীয় সপ্তাহের মতো আন্দোলনকারীরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ আগেভাগেই কাঠের তক্তা দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও লুটপাট ঠেকানো যায়।

আন্দোলনটি শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের আহত হওয়ার ঘটনায় এর পরিধি আরও বেড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং শান্তিপূর্ণ প্রবাদের অধিকার সুরক্ষার দাবি জানাচ্ছেন।

গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৪ অক্টোবরের কর্মসূচিতে ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন, যেখানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হ্যালোইনের মুখোশ পরে দুষ্কৃতকারীরা সহজেই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন যে, হ্যালোইনের সুযোগ নিয়ে মুখ ঢেকে সহিংসতা চালানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী প্যারিসে ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রাম চলাচলে বিঘ্ন ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ড্রোন, হেলিকপ্টার ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, আগামী ছয় মাসের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে জনমত জরিপে কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন এগিয়ে রয়েছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে চলমান অস্থিরতাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের ২৯৩টি শূন্য পাস প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সরকার এসব প্রতিষ্ঠানকে বন্ধ না করে বরং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে। শিক্ষকদের চাকরি যাবে না বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না। তবে সেগুলোকে সীমিত পরিসরে কিভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে।"

তিনি আরো বলেন, "জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কিভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে বিপ্লব

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, যা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে। এ প্রতিষ্ঠানটি ২২টি ফসলের ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ৯৬টি জাত সরাসরি মিউটেশন ব্রিডিং বা বিকিরণ প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত হয়েছে।

এছাড়া, বিনা ১০টি জীবাণুসার এবং ৫৭টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা মূলত প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং বা পরমাণু বিকিরণ (যেমন-গামা রশ্মি, এক্স-রশ্মি বা আয়ন বিম) প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে।

বিনা’র বিজ্ঞানীরা তাদের সফল ও যুগোপযোগী গবেষণা কর্মকাণ্ডের জন্য দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছেন। এ পর্যন্ত বিনা ৩১টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে স্বাধীনতা পদক-২০১৯ সহ জাতীয়ভাবে ২২টি এবং আন্তর্জাতিকভাবে ৯টি পুরস্কার রয়েছে।

বিনা’র ভারপ্রাপ্ত মহাপরিচালক শরীফুল হক ভুঁইয়া জানান, "পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিতে অনেক পরিবর্তন এনেছে বিনা। এ পর্যন্ত ২২টি ফসলের মোট ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।" তিনি বলেন, এর মধ্যে পারমানবিক শক্তি প্রয়োগের মাধ্যমে ৯৬টি জাত উদ্ভাবন করেছে বিনা।

বিনা’র কর্মকর্তাদের মতে, প্রতিষ্ঠানটি ধান, পাট, গম, ডাল, তেলবীজ, সব্জি ও মসলা জাতীয় শস্যের ২২টি ফসলের উচ্চ ফলনশীল এবং উন্নত গুণাবলী সম্পন্ন ১৩৯টি জাত উদ্ভাবন করেছে। ফসলের উন্নত জাতগুলো ছাড়াও ডাল ও শিম জাতীয় তেল ফসলের নাইট্রোজেনের বিকল্প হিসেবে ইনস্টিটিউট ১০টি জীবাণুসার উদ্ভাবন করেছে। বর্তমানে ছোলা, মসুর, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মাষকলাই, বরবটি ও ধৈঞ্চা’র জীবাণু সার ইনস্টিটিউট থেকে তৈরি ও সরবরাহ করা হচ্ছে। এসব জীবাণু সার প্রয়োগে সয়াবিনে ৭৫ থেকে ১৫০ ভাগ এবং ডাল ও শিম জাতীয় শস্যে ২০ থেকে ৪৫ ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পায়। জীবাণু সার প্রয়োগের ফলে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় না। ফসফো-ভার্মিকম্পোস্ট ব্যবহারের মাধ্যমে মৃত্তিকার স্বাস্থ্য সুরক্ষা এবং ফসফেটিক সারসহ অন্যান্য রাসায়নিক সারের সাশ্রয় হয়। এছাড়াও বিনা ৫৭টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

পারমাণবিক পদ্ধতিতে বিনার প্রধান উদ্ভাবন ও সাফল্যের মধ্যে বিনাধান-১৪ উল্লেখযোগ্য। সাধারণত প্রচলিত পদ্ধতিতে ধানের একটি নতুন জাত তৈরি করতে ৮ থেকে ১২ বছর সময় লাগে। কিন্তু বিনা আয়ন বিম প্রযুক্তির সাহায্যে মাত্র ৪ বছরে স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাত বিনাধান-১৪ উদ্ভাবন করেছে।

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটি এবং দেশের বন্যাপ্রবণ এলাকার জন্য বিশেষ জাত (যেমন- বিনাধান-১০, বিনাধান-২৩ ইত্যাদি) উদ্ভাবন করা হয়েছে। এর ফলে উপকূলের প্রায় ৪০ থেকে ৫০ ভাগ পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে। ধান ছাড়াও তারা বিনা সরিষা, বিনা মুগ, বিনা মসুর, বিনা সয়াবিন, বিনা টমেটো এবং বিনা চিনাবাদামের মতো উচ্চ ফলনশীল ও রোগপ্রতিরোধী জাত তৈরি করেছে।

মাটির উর্বরতা বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমাতে বিনা ১০টি জীবাণু সার উদ্ভাবন করেছে। এই জীবাণু সার ব্যবহারে ডাল ও শিম জাতীয় শস্যের ফলন ২০ থেকে ৪৫ ভাগ এবং সয়াবিনের ফলন ৭৫ থেকে ১৫০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি ব্যবহারে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় না, যা কৃষকের খরচ বাঁচায় এবং পরিবেশ রক্ষা করে। বিনা দেশীয় ফসলের জিনগত বৈশিষ্ট্য গভীরভাবে জানার জন্য জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। এর মাধ্যমে তারা খরা, অতিরিক্ত তাপমাত্রা, রোগবালাই এবং পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত তৈরি করছে।

বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহের মধ্যে রয়েছে- ধান ২৬ টি’র মধ্যে আউশ জাতের ধান ২টি, আমন জাতের ধান ১৪টি, বোরো জাতের ধান ১০টি, গম ১টি, তেল জাতীয় ফসল ৩৭ টির মধ্যে সরিষা ১২ টি, চিনাবাদাম ১২ টি, সয়াবিন ৭টি, তিল ৬টি, ডাল জাতীয় ফসল ৪১টির মধ্যে মসুর ১২টি, মুগ ১৩টি, ছোলা ১১টি, মাষ ৩ টি, খেসারী ২টি, উদ্যানতাত্ত্বিক ফসল ২৫টির মধ্যে টমেটো ১৩টি, লেবু ৩টি, পিঁয়াজ ২টি, মরিচ ২টি, হলুদ ১টি, রসুন ১টি, কুল ১টি, সফেদা ১টি, কালিজিরা ১টি, আঁশ জাতীয় ফসল ৪টি ও পাট ৪টি।

এ ছাড়া বিনা উদ্ভাবিত উল্লেখযোগ্য কিছু প্রযুক্তিসমূহের মধ্যে প্রধান প্রধান শস্য পরিক্রমায় সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, ধান ভিত্তিক শস্য পরিক্রমায় ফসফেট সারের ব্যবস্থাপনা, ধান চাষে নাইট্রোজেন সারের ব্যবস্থাপনা, ফসফেটিক জীবাণু সার, লবণাক্ত জমিতে গম চাষ, মাটিতে দস্তার প্রয়োজনীয়তা নির্ণয়, পানি সংরক্ষণের মাধ্যমে বরেন্দ্র এলাকার জন্য নতুন শস্য পরিক্রমা, আর্সেনিকমুক্ত পানি উত্তোলনের জন্য অগভীর নলকূপ স্থাপন, ধানগাছের মাধ্যমে আর্সেনিক শোষণ, মাটি-উদ্ভিদে আর্সেনিকের স্থানান্তর, লবণাক্ত এলাকায় ফসলের সেচ ও পানি ব্যবস্থাপনা, সমন্বিত ব্যবস্থাপনায় টমেটো গাছের ঢলে পড়া রোগ দমন, রোগ প্রতিরোধী শস্য জাত উদ্ভাবন ও বিস্তার, মাটির স্বাস্থ্য সেবা, লবণাক্ত এলাকায় সূর্যমুখী, ভূট্টা ও সয়াবিন চাষে সেচ ও পানি ব্যবস্থাপনা, লবণাক্ত এলাকায় ফারো রোপন পদ্ধতি, লবণাক্ত এলাকায় গম চাষে সেচ ও পানি ব্যবস্থাপনা, মাল্টার কলম করার কলাকৌশল এবং সফেদার বংশবিস্তার কলাকৌশল অন্যতম।

কৃষি গবেষণায় প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউট ১৯৭৯-৮০ সালের কৃষি উন্নয়নে ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ লাভ করেছে। কৃষি গবেষণা ও কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালে ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ অর্জন করে প্রতিষ্ঠানটি।

কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মির্জা মোফাজ্জল ইসলামের নেতৃত্বে বায়োটেকনোলজি বিভাগ, বিনা ২০১৩ সালে কৃষি মন্ত্রণালয় থেকে জাতীয় কৃষি পুরষ্কার রৌপ্য পদক লাভ করে। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় থেকে জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণ পদক লাভ করে।

এ ছাড়া কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক-২০১৬’ স্বর্ণ পদক অর্জন করে। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্বাধীনতা পদক-২০১৯ অর্জন করে।

ফুড সিকিউরিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে ড. মির্জা মোফাজ্জল ইসলাম (প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) জাতিসংঘের এফএও-আইএইএ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ লাভ করেন। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিনা ২০১৬ সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ‘আইডিবি প্রাইজ ২০১৬ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পুরষ্কার লাভ করে।

লবণ ও জলমগ্নতা সহনশীল ধানের জাত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগকে ২০১৮ সালে সম্মাননা প্রদান করা হয়।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম কৃষি গবেষণায় মিউটেশন ব্রিডিং এর স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে ওমেন ইন প্ল্যান্ট ব্রিডিং অ্যাওয়ার্ড অফ এফএও-আইএইএ অফ দ্য ইউনাইটেড ন্যাশনস পুরষ্কার লাভ করেন। মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে ফসলের জাত উদ্ভাবনের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনা ২০২১ সালে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অর্জন করে।

বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান প্রতিষ্ঠানটির উদ্ভাবনী সক্ষমতার কথা তুলে ধরে বলেন, "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিনা, যার প্রধান কাজ হলো- পারমাণবিক কৌশল ও বায়োটেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা-সহনশীল জাত উদ্ভাবন করা।" বর্তমানে প্রতিষ্ঠানটি পারমাণবিক শক্তি প্রয়োগের মাধ্যমে কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে পৃথিবীর অষ্টম অবস্থানে রয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ পর্যন্ত শেয়ারবাজারের মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


২০৩০ পর্যন্ত শেয়ারবাজারের মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারের তারল্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করার উদ্দেশ্যে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতি প্রদানের প্রস্তাব দিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ডিবিএর পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবের কাছে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করা হয়।

বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য তালিকাভুক্ত সিকিউরিটিজের মূলধনি মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি রয়েছে এবং এর অতিরিক্ত মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর প্রযোজ্য। ডিবিএ ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য পূর্ণ কর অব্যাহতি পুনর্বহাল করার পাশাপাশি বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে করব্যবস্থা পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মতে, এই উদ্যোগ লেনদেন বৃদ্ধি, মুনাফার পুনর্বিনিয়োগ, দেশীয় সঞ্চয়ের উৎপাদনশীল ব্যবহার এবং তালিকাভুক্ত কোম্পানির ইকুইটি অর্থায়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

প্রস্তাব অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন এবং নির্ধারিত কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থায় নিষ্পত্তিকৃত যোগ্য লেনদেনের মূলধনি মুনাফা করমুক্ত করার আহ্বান জানানো হয়। তবে স্পনসর, পরিচালক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর বিদ্যমান করব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছে ডিবিএ।

উল্লেখ্য, সেন্ট্রাল কাউন্টারপার্টি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হলে মূলধনি মুনাফা নিরূপণ ও কর হিসাবের প্রক্রিয়া সহজতর হবে বলে মনে করে ডিবিএ। এই বিবেচনায়, সিসিবিএল-এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়া তথা আগামী ২০৩০ সাল পর্যন্ত এই মূলধনি মুনাফার ওপর কর অব্যাহতি চায় সংগঠনটি।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, "ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব করব্যবস্থা নিশ্চিত করা গেলে পুঁজিবাজারে আস্থা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং তালিকাভুক্ত কোম্পানির অর্থায়নের সুযোগ বাড়বে।" একই সঙ্গে এটি পুঁজিবাজারের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নেও সহায়ক হবে।

সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%