০৫:৪৮ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এটি জাতীয় সংসদের স্পিকার কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাধীনতা ও সংস্কৃতির একটি অভিন্ন মেলবন্ধন বিদ্যমান। তিনি বলেন, কসোভোর জনগণ তাদের দেশের স্বাধীনতার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। স্পিকার আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সংস্কৃতির নিবিড় সম্পৃক্ততা রয়েছে।
আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
স্পিকার আরও বলেন, বিগত ১৭ বছর ধরে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বিগত সরকারের বর্বরোচিত শাসনামলের চিত্র উঠে এসেছে। তিনি বলেন, ২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারের অবসান ঘটানো হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনরায় সূচিত হয়।
স্পিকার আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্রকে প্রিয় মনে করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছেন।
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, বাংলাদেশে নতুন একটি গণতান্ত্রিক অধ্যায় শুরু হয়েছে। বর্তমান সংসদের সদস্যদের সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ ও কর্মক্ষম জনগণের সমন্বয়ে গঠিত। তারা মানসম্মত শিক্ষা ও তথ্য-প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম।
রাষ্ট্রদূত এ সময় কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্পিকারকে কসোভো সফরের জন্য আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন
সাক্ষাৎকালে উভয় পক্ষ সংসদীয় ককাস গ্রুপ গঠন, ব্যবসা ও বিনিয়োগের প্রসার, যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে কসোভোর দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন