০৮:৩৪ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে চাঞ্চল্যকর সার লুটের ঘটনার তিন দিন পর বুধবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে ইউরিয়া সার বিতরণ শুরু হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা হলেও সার লুটের নেপথ্যের ঘটনা ও জড়িতদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের উপস্থিতিতে শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণ কার্যক্রম শুরু হয়।
সার ডিলার তাইফুর রহমান মুকুল জানান, ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতা এবং পুলিশের উপস্থিতিতে ৪৩৪ বস্তা ইউরিয়া সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু লিখতে পারেন না
ইউএনও অমৃত দেবনাথ বলেন, গত রবিবার বিক্ষুব্ধ কৃষকরা গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যান। ঘটনার তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত প্রতিবেদনে সার ডিলারের বিরুদ্ধে গাফিলতি, বিক্রির রসিদ না দেওয়া, রেজিস্টার ঘষামাজা এবং সিন্ডিকেটের মাধ্যমে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাবসহ পুরো বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সার ডিলার পয়েন্ট খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে সার বিতরণ স্বাভাবিক রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সার ডিলার তাইফুর রহমান মুকুল আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে আসামি করে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে স্বেচ্ছাসেবক লীগের শপথ ঝালকাঠির নলছিটিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন