বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৫ পি.এম
যদি কোনো শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে ক্ষতির মাত্রা শুধুমাত্র একটি অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব বিস্তার করে ওই শাখার সঙ্গে যুক্ত হাজার হাজার সদস্যের জীবন ও জীবিকার ওপর। তাঁদের সঞ্চয়, ঋণ, ব্যবসা এবং কৃষিকাজের সুযোগ সংকুচিত হয়ে যায়। ক্ষুদ্রঋণ নিয়ে দোকান, হাঁস-মুরগি পালন, সেলাই অথবা কৃষিকাজ শুরু করা মানুষগুলোর সামনে এগিয়ে যাওয়ার পথও বাধাগ্রস্ত হয়।
গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে একটি ছোট উদ্যোগের মাধ্যমে যাত্রা শুরু করে। আজ সেই উদ্যোগ নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামানতবিহীন ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র সঞ্চয় এবং আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং গ্রামীণ জনগণের জন্য নিজেদের সামর্থ্য কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। এই সুযোগ গ্রহণ করে তাঁরা পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সন্তানদের শিক্ষা ও পুষ্টিতে অবদান রাখছেন।
২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সারাদেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন ১ কোটি ৬ লাখের বেশি সদস্য। প্রত্যেক সদস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। ফলে কোনো শাখা ক্ষতিগ্রস্ত হলে কিংবা ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলে তার প্রভাব পড়ে অসংখ্য পরিবারের জীবনে।
গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা বিশেষ গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। অর্থাৎ সদস্যরা শুধু ঋণগ্রহীতাই নন, তাঁরা ব্যাংকটির প্রধান মালিক ও অংশীজন। তাই এই প্রতিষ্ঠানে নাশকতার অর্থ হলো সদস্যদের নিজেদের সম্পদ ও ভবিষ্যতের ওপর আঘাত করা।
এটি উল্লেখযোগ্য যে, গ্রামীণ ব্যাংক কখনো কোনো স্থাপনা নষ্টের সঙ্গে সম্পৃক্ত ছিল না। বরং প্রতিষ্ঠানটির কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে গতিশীল করা।
অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ১০ থেকে ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের মোট ৭২টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় কয়েকটি শাখার আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও শাখা কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে।
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গ্রামীণ ব্যাংক ধর্ম, বর্ণ, গোত্র এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে কাজ করে আসছে। দরিদ্র নারীদের হাতে পুঁজি তুলে দেওয়া এবং জামানতবিহীন ঋণের মাধ্যমে তাঁদের দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন এই প্রতিষ্ঠান নাশকতার শিকার হবে? যে প্রতিষ্ঠান গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে, সেই প্রতিষ্ঠানের শাখায় অগ্নিসংযোগের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ সদস্য ও তাঁদের পরিবার।
দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান, গ্রামীণ ব্যাংককে সুরক্ষা দিতে নিজ নিজ এলাকা থেকে এগিয়ে আসুন। ব্যাংকটির পাশে দাঁড়ানো মানে গ্রামের একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোর ভরসা ও স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে টিকিয়ে রাখা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দাউদকান্দিতে শান্তিপূর্ণ মশাল মিছিল ও রোডমার্চ কর্মসূচি পালন করে দাউদকান্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ কর্মসূচির উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অযাচিত লক ডাউনের নাশকতা ও অরাজগতা রুখে দেওয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু করে দিনব্যাপী দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়াটগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যার পর দাউদকান্দির বিভিন্ন বাজারে শান্তিপূর্ণ মশাল মিছিল করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়।
দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ১৫ কি.মি. দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতে দাউদকান্দি সেতু টোল প্লাজা চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, "পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন এই 'সময়ের সেরা কৌতুক'।" তিনি উল্লেখ করেন, একটি সন্ত্রাসী দল তাদের পলাতক ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার ভূয়া ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। তিনি বলেন, "জাতীয় স্বার্থবিরোধী এইসব কর্মকান্ড বরদাশত করা হবে না।" সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
সারাদিনের বৃষ্টিস্নাত অবস্থায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শত শত মোটর সাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ শোভাযাত্রার অগ্রভাগে খোলা জীপে দাঁড়িয়ে ড. খন্দকার মারুফ হোসেন নেতৃত্ব দেন। মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক নারীপুরুষ নির্বিশেষে হাজারো জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহামুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, সালাউদ্দিন ভুইয়া, মামুন হোসেন ভুইয়া, মো. জসিমউদ্দিন, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আসিফ কবির, আবদুল বাসেদ, রিমন খন্দকার, আবদুল আউয়াল, শাকিল চৌধুরী ও ইব্রাহিম প্রমুখ।
সমাবেশ ও শোভাযাত্রায় দাউদকান্দি উপজেলা, পৌর এবং ১৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুরসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসা খাল থেকে মো. মুন্না (৩২) নামের এক অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ওয়াসার খালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে, মুন্নার পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি মুন্নার বলে শনাক্ত করেন। মুন্না যাত্রাবাড়ীর পশ্চিমপাড়া ৬৩ নম্বর ওয়ার্ডের মান্নানের ছেলে। তিনি ১৭ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি এবং সেই থেকে নিখোঁজ ছিলেন।
উপপরিদর্শক আসাদুজ্জামান জুয়েল আরও জানান, কেন তাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তাস খেলার আয়োজন করেছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীরা, এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সামনে গোল হয়ে তাস খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সালাহউদ্দিন আম্মারের তাস খেলার ছবি পোস্ট করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মন্তব্য করেন, "যেই প্রতিষ্ঠানে পড়ে ডিগ্রি নিয়ে পরিচয় দিতে হবে, সেই প্রতিষ্ঠানের প্রশাসন ভবনে তাস / উনো খেলা কিংবা আড্ডাখানা বানালে - দাবি আদায় তো দূরের কথা, নিজেদেরকেই ছোট করা হয়।"
অন্যদিকে, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাইম তুহিনা লেখেন, "সাধারণ শিক্ষার্থীরা দলে দলে প্রশাসন ভবনের সামনে তাস খেলায় যোগ দিন। রাকসুর প্রায় দেড় কোটি টাকার হিসাব চেয়েছে প্রশাসন, কিন্তু হিসাব নেই। তাই আসুন, বোরিং সময়ে তাস খেলি।"
সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার ছবি ছড়িয়ে পড়ার পর সালাহউদ্দিন আম্মার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে লেখেন, "উনো দিয়ে তাস খেলছে রাবি সংস্কার আন্দোলন, জুয়া খেলতেছিলো, অথেনটিক নিউজ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ