বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ পি.এম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবেন এই সফরের উদ্দেশ্যে।
এই সফরের সময় জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম থাকবেন।
ঢাকা ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক মাইন বিস্ফোরণের ফলে ইরান দাবি করেছে যে, মোট পাঁচটি তেল ট্যাংকারে আগুন লেগেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, প্রণালির দক্ষিণাংশে মার্কিন যুদ্ধবিমানের পাহারায় চলাচলরত দুটি সুপারট্যাংকার মাইন বিস্ফোরণে জ্বলছে। অন্যদিকে, ইরানের নিয়মিত সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বাংশে আরও তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনের মুখে পড়েছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, জ্বলতে থাকা সুপারট্যাংকার দুটি ইরানের নির্ধারিত রুট অমান্য করে ‘অননুমোদিত পথে’ প্রবেশ করেছিল। ইরানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, ওই জাহাজ দুটিতে ৪০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। মার্কিন যুদ্ধবিমান ও নজরদারি ড্রোনের সহায়তায় জাহাজগুলো গোপনে ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে আইআরজিসি দাবি করেছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে যে, হরমুজ প্রণালির পূর্বাংশের নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশ করা তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়ে অচল হয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজগুলো পূর্ব সতর্কতা উপেক্ষা করে এবং নিজস্ব ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় ঢুকেছিল। নিষিদ্ধ জলসীমায় অনুমোদন ছাড়া চলাচল করলে যেকোনো জাহাজের ক্ষেত্রেই একই পরিণতি ঘটতে পারে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে।
বৈশ্বিক জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ট্যাংকারে আগুন লাগার এই দাবি সামনে এল। তবে ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো যাচাই পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (২৩) নামের এক আসামিকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে ডিএমপির আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ছগির রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার রূপাপাড়া এলাকায় মো. গুলজারের বাগানে কাজের উদ্দেশ্যে যান। এরপর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে বাড়ি ফেরার কথা জানান এবং রূপসীপাড়া বাজারে আছেন বলে নিশ্চিত করেন।
কিন্তু সে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া থেকে রূপসীপাড়াগামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছগিরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা (এফআইআর নং-২৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি, জিআর নং-১০৯) দায়ের করেন।
পুলিশের তথ্যমতে, হত্যার পর আসামিরা নিহতের মোবাইল ফোনটি নিয়ে নেয় এবং পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে ছিনতাই করা ফোনটি কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের (২৬) কাছে বিক্রি করা হয়। এর আগে গত ১২ অক্টোবর গ্রেপ্তারকৃত আসামি মো. ইসমাইল হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার এসআই (নিরস্ত্র) সত্যজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন সহযোগী ছিল বলে জানিয়েছেন। এই অভিযান পরিচালনায় সময় এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।
লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়ছার হামিদ জানান, আসামি আব্দুর রহিমকে যথাযথ পুলিশ প্রহরায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত তাঁকে কারাগারে পাঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছে। এ সময় তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের উদ্দেশ্য হলো মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করা। তবে এই খুনি চক্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা অতীতের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং এখন পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।
তিনি বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপস করব না।
তিনি আরো বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ