০৮:০৯ পি.এম
বাগেরহাট, ২৩ আগস্ট, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।
আজ রোববার, উপজেলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীদের মাঝে ট্যাংক বিতরণ কালে তিনি এই সব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলাসহ আশপাশ এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট বিদ্যমান। এই সংকট নিরসনে বৃষ্টির পানি সংগ্রহ করে তার মাধ্যমে চাহিদা পূরণে উপকূলের জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
প্রতিমন্ত্রী আরও জানান, উপকূলের কোন মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার পাশাপাশি সুপেয় পানির উৎস উন্নয়নে সরকারী পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে।
পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এদিন ৬টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনি।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন