ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং


বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং

‘যাঁরা ২০২৬ সালের জন্য ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এই ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।

গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তার অভিনব ভিক্ষা চাওয়ার পদ্ধতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই দৃশ্য দেখা যায়।

মোশাররফ হোসেন হাওলাদার নামে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি এবং অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

মাইকে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে ঘোষণা দেন, “এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।”

এছাড়া, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও তিনি নির্ধারণ করেন। মাইকে ঘোষণা করেন, “আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।”

তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তার কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে তার দাবি।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের তালা কেটে অগ্নিসংযোগ, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই

স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এই অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত

ঢাকাস্থ আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে একটি আনন্দঘন প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে। এই মিলনমেলার আয়োজন করা হয় শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারস্থ ঢাকা মর্ডান সিটির হলরুমে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. আবু রায়হান এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক শিক্ষক রফিকুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণ ও কুশল বিনিময় করেন। দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলন ঘটায় পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কারেন্ট মেমোরি সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ও ঢাকা মর্ডান সিটির ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাইদ, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মজিবুর রহমান, সবুজপত্রের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ হেলাল উদ্দীন, মো. কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী সৈয়দ মুহাম্মদ আবদুছ ছালাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ ১১ জন দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজুল হক এই তথ্য জানান।

এর আগে গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় প্রদান করেন।

জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, ‘গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের মামলার রায় দিয়েছেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।’

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।’

তার দাবি, এসব চেকের মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলাটি দায়ের করে। ১১টি চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলায় বাদীপক্ষ আদালতে ২৮ জনের সাক্ষী উপস্থাপন করেন। তবে অভিযোগ প্রমাণ করতে তারা ব্যর্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। মামলার এক আসামি বিচার কাজ চলাকালীন সময়ে মারা যান।

সিরাজুল হক বলেন, ‘পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘এই রকম মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা থাকার প্রয়োজন।’

আদালতে মামলার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৭০ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শুক্রবার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩৮ জন, তেজগাঁও থানায় ১৬ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩১ সাল পর্যন্ত নয়টি দল নিয়ে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


২০৩১ সাল পর্যন্ত নয়টি দল নিয়ে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা চললেও, বর্তমান কাঠামোতে থাকার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুই চক্রে নয়টি দল নিয়ে প্রতিযোগিতা চালানোর সুপারিশ করেছে। আইসিসির বোর্ড সভায় এই সুপারিশ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এর ফলে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো পূর্ণ সদস্য দেশগুলো আপাতত ডব্লিউটিসির বাইরে থাকবে।

আসন্ন ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ২০২৭-২৯ এবং ২০২৯-৩১—এই দুই চক্রের জন্য বর্তমান কাঠামো বজায় রাখার পক্ষে আইসিসির অবস্থান। যদিও সাম্প্রতিক সময়ে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে জোরালো আলোচনা হয়েছে। বিশেষ করে ১২টি পূর্ণ সদস্য দেশকে একই বিভাগে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের একটি প্রস্তাব গুরুত্ব পেয়েছিল।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুইসের নেতৃত্বে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ এই প্রস্তাবটি সামনে এনেছিল। ডব্লিউটিসির বাইরে থাকা আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে এই প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তাদের যুক্তি হলো, টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত না হওয়ায় টেস্ট ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, পদোন্নতি ও অবনমন পদ্ধতি না থাকায় প্রতিযোগিতার শীর্ষ নয় দলে জায়গা করে নেওয়ার সুযোগও সীমিত।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও বর্ধিত প্রতিযোগিতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি ১২ দলের প্রতিযোগিতার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান এখনো স্পষ্ট নয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভ্রমণ ব্যয় এবং আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা সম্প্রসারণে অনাগ্রহী বলে জানা গেছে।

আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) বৈঠকেও বিষয়টি নিয়ে চার ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। সেখানে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের প্রতিনিধিরা নিজেদের অন্তর্ভুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের মতে, ডব্লিউটিসির বাইরে থাকায় টেস্ট ক্রিকেটে উন্নতির সুযোগ এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির পথ বাধাগ্রস্ত হচ্ছে।

তবে ১২ দলের পরিবর্তে ১০ দলের একটি সমঝোতামূলক কাঠামোর সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সে ক্ষেত্রে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচিত হতে পারে। ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও, চলতি বছর তাদের টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র দুটি। ফলে টেস্ট ক্রিকেটে দেশটির অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও আলোচনা গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে ডব্লিউটিসিতে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার চতুর্থ চক্র এখন শেষ পর্যায়ে। বর্তমান কাঠামো বজায় থাকলে পরবর্তী দুই চক্রেও এই নয় দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনাও আইসিসির বোর্ড সভায় উপস্থাপনের কথা রয়েছে। ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যৎ, বাণিজ্যিক সম্ভাবনা এবং কাঠামোগত পরিবর্তন নিয়ে কাজ করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি। বালিতে শনিবার প্রতিষ্ঠানটির একটি উপস্থাপনাও অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%