ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কারাগারে


চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কারাগারে

চট্টগ্রাম নগরের খুলশী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি পটিয়ার ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী কাশেমের বিরুদ্ধে খুলশী ও বাকলিয়া থানায় একটি করে মামলা রয়েছে এবং পটিয়া থানায় সাতটি মামলা মিলিয়ে মোট ৯টি মামলা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) খুলশী থানার উপ-পরিদর্শক গোলাম মো. নাসিম কালের কণ্ঠকে জানান, মঙ্গলবার রাতে নগরের জিইসি মোড় এলাকায় একটি গোপন বৈঠকের খবর পেয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান হাসান সরকারের

আবুল কাশেম ১৮ বছর ধরে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় দলের নেতাকর্মীরা কাশেমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে নিলামে ১২৬ টন আপেল-আদা, পরিদর্শন শুরু ৫ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


চট্টগ্রাম বন্দরে নিলামে ১২৬ টন আপেল-আদা, পরিদর্শন শুরু ৫ নভেম্বর

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম কাস্টম হাউস পাঁচটি কনটেইনারে পড়ে থাকা পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। কনটেইনারগুলোতে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল ও ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা রয়েছে। মোট ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ টন পণ্য নিলামে তোলা হবে। এসব পণ্যের সংরক্ষিত মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের দায়িত্বে থাকা সহকারী কমিশনার নাজমুল হোসেন জানান, মঙ্গলবার এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজ একটি ই-প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নিলামে অংশগ্রহণের জন্য ৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করা যাবে।

নিলাম বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দুটি ৪০ ফুট কনটেইনারে ২৩ হাজার ৭২০ কেজি করে মোট ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল রয়েছে। প্রতিটি চালানের সংরক্ষিত মূল্য ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা। দুই চালানের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে, তিনটি ৪০ ফুট কনটেইনারে তাজা আদা রয়েছে। এর মধ্যে একটি কনটেইনারে ২৪ হাজার ৩০০ কেজি এবং বাকি দুটি কনটেইনারে ২৭ হাজার কেজি করে মোট ৭৮ হাজার ৩০০ কেজি আদা রয়েছে। এসব আদার মোট সংরক্ষিত মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৮৬১ টাকা ৫৫ পয়সা। সব মিলিয়ে পাঁচটি পণ্যচালানের সংরক্ষিত মূল্য ১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯৯ টাকা ৯৭ পয়সা দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী ক্রেতারা আগামী ৫ নভেম্বর অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পণ্যগুলো পরিদর্শন করতে পারবেন। পণ্য যেভাবে রয়েছে, সেই অবস্থায় বিক্রি করা হবে। তাই দরপত্র দাখিলের আগে পণ্যের প্রকৃতি, পরিমাণ, গুণগত মান ও বর্তমান অবস্থা যাচাই করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ জামানত হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর পে-অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হবে।

নিলামের দরপত্র আগামী ৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কাস্টম হাউসের নিলাম শাখায় উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দর অনুমোদিত হলে সংশ্লিষ্ট ক্রেতাকে ডাকমূল্যের ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। এরপর প্রযোজ্য আইন ও বিধি অনুসরণ করে পণ্য খালাস নিতে হবে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পচনশীল পণ্য দ্রুত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য, বন্দরের পণ্যজট কমানোর লক্ষ্যে, ধারণক্ষমতার সর্বোত্তম ব্যবহার এবং সরকারি রাজস্ব সংরক্ষণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, "পচনশীল পণ্য দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে একদিকে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, অন্যদিকে বন্দরের মূল্যবান জায়গাও আটকে থাকে।" এসব পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্যজট নিরসন ও রাজস্ব আহরণ নিশ্চিত করতে নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতারা সরেজমিনে পণ্য পরিদর্শন করে নির্ধারিত নিয়মে নিলামে অংশ নিতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থাপনায়, আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায়, হাটহাজারী উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ হাটহাজারীর প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় এই অর্থ সহায়তা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম অগ্রাধিকার।"

তিনি জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরপূর্বক পদত্যাগের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি, পূর্বধলায় সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া,নেত্রকোণা জেলা প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


জোরপূর্বক পদত্যাগের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি, পূর্বধলায় সংবাদ সম্মেলন

 নেত্রকোণার পূর্বধলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগের প্রতিবাদ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং থানায় দায়ের করা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেলিম উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ নভেম্বর সন্ধ্যায় কালডোয়ার কুমারখালী বাজার মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি তাঁর আল্লমান অটো রাইস মিলের কার্যালয়ে বসেছিলেন। এ সময় পূর্বধলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষক সেখানে উপস্থিত হন।

উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, দেওটকোন আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম।

সেলিম উদ্দিনের দাবি, আলোচনার একপর্যায়ে আমিনুল ইসলাম জানান, তাঁকে আগিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। তবে অন্য একটি বিদ্যালয়ের তুলনামূলক জুনিয়র সহকারী শিক্ষক হওয়ায় এ দায়িত্ব পালন করতে তিনি বিব্রত বোধ করছেন। এ কারণে পরদিন ২ নভেম্বর শিক্ষা বোর্ডে গিয়ে পদত্যাগ করার ব্যক্তিগত সিদ্ধান্তের কথাও জানান। পরে চা ও কোমল পানীয় পান শেষে সবাই সেখান থেকে চলে যান।

তিনি আরও জানান, ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে আমিনুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। একই ঘটনায় মধ্যরাতে সেলিম উদ্দিনসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন দাবি করেন, অভিযোগের সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার তারিখের অসংগতি রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করা পদত্যাগপত্রে দেখা যায়, আমিনুল ইসলাম ২ নভেম্বর স্বাক্ষর করে ৩ নভেম্বর সেটি বোর্ডে জমা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

এ ধরনের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে তাঁর সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সুনামের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মানহানি হয়েছে বলেও দাবি করেন সেলিম উদ্দিন। সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহ্বায়ক ফকির সাইয়েদ আল মামুন শহীদ, আব্দুল হাসনাত বেপারী, সালাউদ্দিন আহম্মদ নওয়াব, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪ খুন, ৬৪ ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪ খুন, ৬৪ ধর্ষণের মামলা

রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪টি হত্যার ঘটনা, ৬৪টি ধর্ষণ এবং চারটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। ৮ জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মামলার তদন্তের মানোন্নয়ন, পলাতক আসামি গ্রেপ্তার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রংপুর রেঞ্জে মোট ১ হাজার ৬৭৭টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ২৪টি খুন, একটি ডাকাতি, তিনটি দস্যুতা, ১৩টি অপহরণ, ১৬১টি নারী নির্যাতন, ৬৪টি ধর্ষণ, চারটি গণধর্ষণ এবং ৯৯টি চুরির ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় মাদকদ্রব্য-সংক্রান্ত ৫৬৭টি মামলা রুজু হয়েছে। পুলিশ মাসটিতে ১ হাজার ৬৫২টি মামলা নিষ্পত্তি করেছে।

অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও বড় ধরনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবরের শুরুতে রংপুর রেঞ্জে ৩৪ হাজার ৪০৬টি জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। মাসে নতুন করে ৫ হাজার ৬৩৬টি পরোয়ানা যুক্ত হওয়ার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ১৯৫টি। ফলে মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৪৭টিতে।

এদিকে, সড়ক দুর্ঘটনার চিত্রও উদ্বেগজনক। অক্টোবর মাসে রংপুর রেঞ্জে ৪৭টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলা পুলিশের অধীনে ৩১টি এবং হাইওয়ে পুলিশের অধীনে ১৬টি মামলা দায়ের হয়েছে। সবচেয়ে বেশি ১৪টি দুর্ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলায়।

এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮৯৭টি প্রসিকিউশন করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯৭৫ টাকা। হারানো মোবাইল ফোন উদ্ধারে ১ হাজার ৭৫১টি জিডি ও মামলার বিপরীতে উদ্ধার হয়েছে ৩৪৩টি ফোন।

সভায় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন যাতে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা হয়। তিনি মাঠপর্যায়ে সক্রিয় থেকে অপরাধ দমন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি বেসিক কম্পিউটার ও ইংরেজি ভাষা শিক্ষার কোর্স চালুর উদ্যোগ নিতেও নির্দেশনা দেন তিনি।

সভায় অক্টোবর মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%