০৩:০২ পি.এম
জুলাই ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।
এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া ও অন্যান্যরা গ্রেপ্তার না দেখানোর জন্য শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেন।
আরও পড়ুন: টিআইবি: জামায়াতের গবেষণা প্রতিবেদন নিয়ে বিবৃতি বিভ্রান্তিমূলক
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় তিনি শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে আজ গ্রেপ্তার করা হলো।
এদিকে, তিনি ইতিমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন