১০:২২ পি.এম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের গ্রীষ্মকালীন উৎসবের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। এই হামলার ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।
এ তথ্যটি গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে।
টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানিয়েছেন, লাইভ মিউজিক এবং স্থাপত্যবিষয়ক বাড়ি পরিদর্শনের বার্ষিক সমাবেশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভালের কাছে সাড়ে ৫টার দিকে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানায়, গুলাগুলি দেখে মনে হচ্ছিল বন্দুকধারীরা সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছি না
ঘটনাস্থলে বহু লোককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই আহতদের মধ্যে ১০ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকেভিচ স্থানীয় সংবাদমাধ্যম ‘ডব্লিউটিওইএল ১১’-কে জানান, গুলিবিদ্ধ সবাই বেঁচে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
অনলাইনে প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, আচমকা একঝাঁক গুলির শব্দে মানুষজন চিৎকার করতে করতে দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন। অন্য কিছু ভিডিওতে দেখা যায়, দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় একটি শামিয়ানার পাশে ঘাসের ওপর পড়ে আছেন। বিবিসি এই ভিডিওগুলোর সত্যতা এখনো পুরোপুরি যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন