০৭:৫৯ পি.এম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে মো. হেমায়েত উদ্দিন, যিনি কুমিল্লার জেলা ও দায়রা জজ, নিয়োগ পেয়েছেন। অপরদিকে, বর্তমান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার (১৬ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. হেমায়েত উদ্দিনকে কুমিল্লার জেলা ও দায়রা জজের পদ থেকে বদলি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পদায়ন করা হয়েছে। তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল, থানায় ডায়েরি
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে তিনি তার বর্তমান প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দেবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এ আদেশ জারি করা হয়।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর শূন্য হওয়া পদে তাকে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া ২০২৫ সালের ১ ডিসেম্বর তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দিয়েছিলেন। ফলে তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ ট্রাইব্যুনালের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন