প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাগরিকদের সমস্যা, প্রত্যাশা, অনিয়ম, হয়রানি ও অভিযোগ সরাসরি জানার উদ্দেশ্যে এবং সেই অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ‘অভিযোগ বক্স’ চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরে তার বাসভবনে এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে। ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনার এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা-৮ আসনের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে ভোগান্তি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ সরাসরি তার কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে একটি ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে।
এই উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ ও সমস্যার বিষয় মির্জা আব্বাস নিজে সরাসরি তদারকি করবেন এবং গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবেন। জনগণের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ প্রসঙ্গে ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।’
ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।
এ আসনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন