ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

গণধর্ষণের অভিযোগে কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু, অভিযুক্তদের নাম ভিডিওতে


গণধর্ষণের অভিযোগে কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু, অভিযুক্তদের নাম ভিডিওতে

ফরিদপুরের মধুখালীতে স্কুলে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। লোকলজ্জার ভয়ে ওই কিশোরী হারপিক খেয়ে আত্মহননের পথ বেছে নেয়। ঘটনার প্রায় দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই কিশোরী। মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম বলে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার পর থানা পুলিশের দ্বারস্ত হলেও অভিযোগ উঠেছে যে তারা মামলা নিচ্ছে না।

সতেরো বছরের কিশোরী মিথিলা আক্তার। পারিবারিক সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাবিনও হয়েছিল। কিন্তু একদিন স্কুলে যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেয় তিন যুবক। এরপর নির্জন নদীর তীরে নিয়ে করা হয় গণধর্ষণ। এমন পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে তাৎক্ষণিক আত্মহননের চেষ্টা করেন। পরে প্রায় দেড়মাস পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে।

আরও পড়ুন: ময়মনসিংহ বোর্ড, শতভাগ অকৃতকার্য ১৯ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের হুঁশিয়ারি

মেয়ের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা হান্নান শেখ এবং অসুস্থ হয়ে শয্যাশায়ী মা জেসমিন খাতুনও।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল মিথিলা। স্কুলে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলে এসে পাশ্ববর্তী মাগুরা জেলার নাকোল গ্রামের রাফি শেখ (২১), রায়নগর গ্রামের রাহুল শেখ (২০), সায়মন বিশ্বাস (২০) জোরপূর্বকভাবে তাকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা এমন খবর পেয়ে দ্রুত ছুটে গেলেও খুঁজে পায়নি তাদের।

এরপর মাগুরার শ্রীপুর থানাধীন নাকোল গ্রামের মধুমতি নদীর নির্জন স্থান মাটিকাটা ঘাট নামক এলাকায় নিয়ে তিন যুবক ধর্ষণ করেন কিশোরীকে। সহযোগীতা করে সোহাগ শেখ (২০) নামের আরেক যুবক। একপর্যায়ে তাদের হাত থেকে ছুটে গিয়ে মধুমতি নদীতে ঝাপ দেয় মিথিলা। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা পুলিশকে ফোন দেন এবং ঘটনাস্থলে এসে মিথিলাকে উদ্ধার করে নাকোল পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে ছুটে যান।

অভিমানে পুলিশ ফাঁড়ির বাথরুমে গিয়ে সেখানে থাকা বিষাক্ত হারপিক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতায় মাগুরা জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। এতে কঙ্কালসারে পরিণত হয় তার শরীর। গত ২৬ অক্টোবর দিবাগত রাত একটার দিকে বাড়িতেই মারা যায় মিথিলা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানা পুলিশের দ্বারস্ত হলেও অভিযোগ উঠেছে যে তারা মামলা নিচ্ছে না।

আরও পড়ুন: দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন কলি রানীর

এদিকে মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলতে শোনা যায়, তাকে মোটরসাইকেলে জোড়পূর্বক তুলে নিয়ে যায় রাফি শেখ, রাহুল শেখ, সায়মন বিশ্বাস। সহযোগীতা করে সোহাগ শেখ।

সরেজমিনে রোববার (১ নভেম্বর) দুপুরে মিথিলাদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকে স্তব্দ হয়ে আছে পরিবারের সদস্যরা। মেয়ের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা হান্নান শেখ এবং অসুস্থ হয়ে শয্যাশায়ী মা জেসমিন খাতুনও। প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছে।

কোথাও বিচার না পেয়ে সাংবাদিকদের দেখে ক্ষোভ প্রকাশ করেন মিথিলার মা জেসমিন খাতুন। তিনি বলেন, ‘আমরা কম ঘুরি নাই। একটা সন্তান যহন হারায় যায় তারা কি বইস্যা থাহে? কিন্তু এই পুলিশ-দারোগা, যারা অপরাধী তাঁদের শাস্তি দেয় না, খালি ওগো টাহার দরকার, ওগোতো মা-বোন নাই! দুই থানায়তে কেস নিলো না ক্যাম্মায়ে (কেমনে)? কেস নেবে না কেন বলেন? আপনি যে অপরাধী, আপনার শাস্তি নাই? যার মৃত্যু অয়ে গ্যাছে- কেস (মামলা) না নিয়ে তাগের বাড়ি পাঠায় দেয় ক্যাম্মায়ে? তাইলে পুলিশ কত লাখ টাহা খাইছে বোঝেন!’

মিথিলার মা জেসমিন খাতুনের ভাষ্যমতে, এ ঘটনার পর পরিবারের সদস্যদের থানায় ডেকে নেন মধুখালী থানা পুলিশ। পরে তাদের শ্রীপুর থানায় পাঠানো হয়। সেখানে মামলা না নিয়ে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে খেলার মাঠের জন্য সরকার ১২০ শতাংশ জমি ও অবকাঠামো নির্মাণে সহায়তা দেবে

তিনি বলেন, ‘শ্রীপুর থানায় গেলে ওসি মেলা লিখিত নেয় এবং জোর করে একটা কাগজে সই রাইখ্যা দেয়। আর ওসি বলল, কেস ময়নাতদন্তের পর অবে, এহন অবিনা (হবে না)। মনে অচ্ছে উনি (ওসি) প্রাইভেট পড়াচ্ছে। তখন থানায় সোহাগ ও রাফির পরিবারের লোকজনও ছিল। পরে মামলা না নিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে কোনো থানায়ই মামলা নিচ্ছে না। আমার মাইয়্যাডাকে এভাবে মাইর‌্যা ফেলছে, বিচারডা কি কোথাও পাব না।’

মিথিলার ভগ্নিপতি বিপ্লব শেখ অভিযোগ করে বলেন, ‘আমার শ্যালিকাকে তুলে নেয়ার তিন মাস আগে অন্য জায়গা কাবিন হয়েছিল। এতে ওর মামাতো ভাই ক্ষিপ্ত হয়, কারণ সে বিয়ে করতে চেয়েছিল। এরপর পরিকল্পনা অনুযায়ী রাফির সাথে যোগাযোগ করে এই ঘটনা ঘটায়।’

তিনি আরও বলেন, মিথিলা সুস্থ হওয়ার পর ঘটনাটি আমাদের জানিয়েছিল। এরপর ওর ভবিষ্যতের স্বার্থে বা নতুন বিয়ে হওয়ায় আমরাও কোথাও জানায়নি। কিন্তু মিথিলা এসব মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত চলে গেল। আমরা এই চারজনের সর্বোচ্চ শাস্তি চাই।

মিথিলার বাবা হান্নান শেখ বলেন, ‘কোনো থানাই মামলা নিচ্ছে না। সরকারের কাছে দাবি আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে মামলা নেয়া হোক। আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’

আরও পড়ুন: চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

যা বলছে পুলিশ :

শ্রীপুর থানা পুলিশের তথ্যমতে, রাফি শেখের সাথে প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। এর মধ্যে মিথিলার অন্যত্র বিয়ে হয়। এর জের ধরে ১৪ সেপ্টেম্বর মধুমতি নদীর মাটিকাটা ঘাট এলাকায় দুজনে দীর্ঘ সময় গল্প করে এবং নদীতে ঝাপ দেয়। যা ঘাটে থাকা রফিকুল মাঝি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায় এবং এক পর্যায়ে বাথরুমে গিয়ে হারপিক খেয়েছিল মিথিলা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় আমরা একটি তদন্ত প্রতিবেদন করেছি। তদন্তে ওই ঘাট এলাকায় ধর্ষণের শিকার হয়েছে এমন আলামত পাওয়া যায়নি। কারণ, ঘাটটির আশপাশে ঝোপঝাড় নেই এবং ফাঁকা। তাছাড়া সেখানে মানুষের যাতায়াত এবং সার্বক্ষণিক মাঝি থাকে। তারা কেউ এ ধরনের দৃশ্য দেখেনি। তবে অন্য কোথাও ধর্ষণ করেছে কি-না সেটা আমার জানা নেই।

তিনি আরও বলেন, ‘মেয়েটিকে যখন উদ্ধার করা হয় তখন ধর্ষণের কথা জানায়নি। এমনকি দেড়মাসেও কেউ জানায়নি। তার মৃত্যুর পর একটি ভিডিও প্রকাশ করেছে পরিবার, যা রহস্যজনক। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ফাঁড়িতে আসলে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। এসময় ফাঁড়ির বাথরুমে গিয়ে হারপিক খায় কিশোরী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে ধর্ষণের বিষয়টি পুলিশকে জানায়নি ওই কিশোরী।’

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

তিনি আরো জানান, যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তার বাড়ি মধুখালীতে মারা গেছে, সে কারণে মধুখালী থানা ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাটি জানার পর শ্রীপুর থানায় যোগাযোগ করি এবং থানার ওসি পরিবারকে পাঠিয়ে দিতে বলে। এরপর তারা শ্রীপুরে গেলে একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়। পরবর্তীতে জানতে পেরেছি মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু দেড়মাস আগের ঘটনাটি আমাদেরকে কেউ জানায়নি। তবে এ বিষয়ে পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ভুক্তভোগীর অভিযোগ থানা নিতে বাধ্য। অভিযোগ নেয়ার পরে তদন্ত করে ব্যবস্থা নিবে পুলিশ। তবে থানা অভিযোগ না নিলে আদালতেও মামলা দায়ের করতে পারবেন ভুক্তভোগীর পরিবার।

মিথিলা আক্তার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের হান্নান শেখের মেয়ে। সে স্থানীয় কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের নেতৃত্বে হাফিজ ও উজ্জ্বল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা, গঠন হলো নির্মূল কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


পূর্বধলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা, গঠন হলো নির্মূল কমিটি

 নেত্রকোনার পূর্বধলা উপজেলার নয়া পাড়া গ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তির বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সাবেক ইউপি সদস্য মহসিন মোড়লের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল রাহিত, সাংবাদিক হাবিবুর রহমান, ডা. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও স্থানীয় সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে নয়া পাড়া গ্রামে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং সামাজিকভাবে মাদক নির্মূলে কাজ করবেন বলে সভায় জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে ল্যাপটপ, মোবাইল ফোন ও একাধিক সিমসহ ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে ল্যাপটপ, মোবাইল ফোন ও একাধিক সিমসহ ৪ জন গ্রেফতার

নড়াইলে ল্যাপটপ, মোবাইল ফোন ও একাধিক সিমসহ ৪জন অনলাইন প্রতারক ও জুয়াড়ি গ্রেফতার


নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে একটি ল্যাপটপ, দু’টি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মÐল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
 
এরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের (যাদবপুর) গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদরের কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।

গ্রেফতারকৃতরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এক থেকে দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি।

ডিবি পুলিশের ওসি মো: আলাউদ্দীন আরও জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম জব্দ তালিকা করা হয়েছে। এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত করত গ্রেফতারকৃতরা
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ এম


সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে নীরব কূটনীতি চলছে। মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে নতুন করে যুদ্ধের সূচনা না ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মধ্যে পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে যুদ্ধের শঙ্কা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইরানের নেতার সাম্প্রতিক মন্তব্য উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ইরান পাল্টা আঘাত হানবে, যা কোন ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান যোগাযোগ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য কূটনৈতিক আলোচনার পথ খুলে দিয়েছে।

কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে চলা আলোচনার পর ইরানের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, তাদের দাবিগুলো কার্যকরভাবে পূরণ করা হলে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তারা যুদ্ধের অনিবার্যতা দেখা দিলে আক্রমণের পরিধি বাড়ানোর এবং আগাম হামলা চালানোর প্রস্তুতিও জোরদার করেছে।

শনিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রভান্ডার উন্নত করেছি, দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’

তার এ মন্তব্যের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, আলোচনা ‘ভালোভাবেই’ চলছে; তবে তিনি ইরানি কর্তৃপক্ষকে ‘বিশ্বাসযোগ্য’ নয় বলে মন্তব্য করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা হতে পারে। ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো ক্লাবে আয়োজিত হ্যালোইন পার্টিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের এখনো হয়তো এক বা দুটি স্থাপনা নিয়ে কাজ বাকি আছে, তবে আমরা ১০ মিনিটের মধ্যেই তা সেরে ফেলতে পারি।’

‘ভৌগোলিক সীমানার বাইরে’ মন্তব্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা সম্ভাব্য হামলার বিপরীতে তাৎক্ষণিক ও কোনো ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ ছাড়া পাল্টা হামলার হুমকি দিয়েছেন। মোজতবা বলেছেন, ‘যেকোনো ধরনের’ হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এপি জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে আসা ‘যেকোনো ধরনের ও পর্যায়ের’ হুমকির বিপরীতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন, যেখানে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে না আসা খামেনি সামরিক প্রধানদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি হালনাগাদ তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন।

নীরবে চলছে আলোচনা

শুক্রবার তেহরানে এবং শনিবার কাতারে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি নতুন ও দৃশ্যমান ফল বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। ফলে হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবটি কার্যকর হওয়ার মধ্যবর্তী সময়সীমা কমে এসেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, ইরান আগে সাত দিনের সময়সীমার প্রস্তাব দিয়েছিল, যা এখন কমিয়ে দুই দিনে নামিয়ে আনা হয়েছে।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাবি বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কিছু ‘ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। তিনি এ ক্ষেত্রে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক যোগাযোগের কথা উল্লেখ করেন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘তবে ইরান বেশ কিছু ছাড় পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ছাড় দেওয়ার আগেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতি অর্জিত হোক। সুতরাং, মূল সমস্যাটি হলো পদক্ষেপগুলোর পর্যায়ক্রম এবং দরকষাকষির সক্ষমতা (লিভারেজ)। উভয় পক্ষই চায় অন্য পক্ষ আগে পদক্ষেপ নিক।’

কাতারি এলএনজিবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত

কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় তাদের একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এটি সর্বশেষ হামলার ঘটনা।

রোববার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের মালিকানাধীন তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ‘আল মায়দা’তে এ আঘাতের ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ১২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার তৌসিফ হাসান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ এম


যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার তৌসিফ হাসান

রাজধানীর ওয়ারীতে একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতারটি ঘটে রোববার (১ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত ঢাকার ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান পরিচালনার মাধ্যমে।

গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা সংক্রান্ত একটি অনুসন্ধানের ভিত্তিতে তৌসিফের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাসার ভেতরে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পাওয়া যায়। ল্যাব থেকে উদ্ধার হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণও পাওয়া যায়।

তদন্তে জানা যায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। এরপর দেশে ফিরে এসে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও তিনি দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন। তদন্তে উঠে এসেছে যে, এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন।

একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয় এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে ওই ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফকে শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছিল। অবশেষে রোববার তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর তার ডোপ টেস্ট সম্পন্ন করা হলে পরীক্ষার ফলাফলে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড-উভয় উপাদানের উপস্থিতি পজিটিভ পাওয়া যায়।

অভিযানকালে তার কাছে ১০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গ্রেফতার তৌসিফ হাসানের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি পূর্ববর্তী কুশ ল্যাবের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের উৎপাদন, চাষ, সরবরাহ ও আন্তর্জাতিক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%