বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে। তিনি উল্লেখ করেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে একটি স্মার্টফোন ব্যবহার করে সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে—ম্যাট্রিক পাসও না, ক্লাস এইটও পাস না। এই নকল সাংবাদিকরা আসল সাংবাদিকদের সুনাম নষ্ট করছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে এই নকল সাংবাদিকরা সরকারেরও ব্যাপক ক্ষতি করছে। তিনি প্রশ্ন রাখেন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও সুনাম রক্ষায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা এবং সুস্পষ্ট বিধিমালা সরকার তৈরি করবে কি না।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জয়নুল আবদিন ফারুকের প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের কারণে শুধু সংসদ সদস্যরাই নয়, বরং দেশের আপামর জনসাধারণ ও সব শ্রেণির পেশাজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া সমীচীন হবে না। কারণ আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। তবে সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শ ও মতবিনিময়ের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন, সেই প্রস্তাবনা এলেই তা সবচেয়ে ভালো হবে।
সরকার বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও সংসদে জানান প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য চলাকালে জাতীয় সংসদে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধী বেঞ্চের সদস্যদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার জন্য বারবার আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরার পর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে দাঁড়ালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরাতন ও পরিত্যক্ত বাসায় আগুন লাগে। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, মিটার এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আগেই বলে দিয়েছেন যে আগুন লাগানো হয়েছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তথ্য-উপাত্ত ও ছবি হাতে নিয়ে তিনি কথা বলতে শুরু করলে বিরোধী বেঞ্চ থেকে সংসদ সদস্যরা প্রতিবাদ ও হইচই শুরু করেন।
একপর্যায়ে হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য থামিয়ে দিয়ে বলেন, "আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি। দয়া করে আমি কথা বলার সময় একটু শুনুন, আপনারা পরে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য খণ্ডন করতে পারবেন।"
এ সময় স্পিকারের আসনে দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করে সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, "বিরোধী দলের চিফ হুইপ যখন বক্তব্য রাখছিলেন, তখন সবাই তা মনোযোগ দিয়ে শুনেছেন। প্রত্যেকেই যার যার বক্তব্য দেবেন ও শুনবেন, পরবর্তীতে বক্তব্য খণ্ডনের সুযোগ আছে।" ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য অব্যাহত রাখার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করার চেষ্টা করলে বিরোধী বেঞ্চ থেকে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলতে থাকেন এবং অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকেও এ সময় দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপকে উদ্দেশ্য করে বলেন, "আপনার বক্তব্যের সময় সকলেই সুন্দরভাবে শুনেছেন। আপনার দলের অন্যান্য সদস্যদের বক্তব্য শোনার জন্য বিনয়ের সাথে বলা আপনার দায়িত্ব।" পাশাপাশি তিনি সংসদ সদস্য হান্নান মাসুদের নাম ধরে বারবার সতর্ক করে বলেন, "হান্নান মাসুদ সাহেব, আপনার বক্তব্যের সুযোগ আছে, আপনি বসুন। এভাবে সংসদে কথা বলা সমীচীন নয়।"
ডেপুটি স্পিকারের দফায় দফায় অনুরোধ ও হস্তক্ষেপের পর অধিবেশন কক্ষের পরিস্থিতি কিছুটা শান্ত হলে সংসদের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ১৯টি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে, যা দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারকারী ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট, ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সংসদে দেওয়া লিখিত উত্তরে জানানো হয় যে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ফ্যাক্ট চেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন। বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে। এ ছাড়া, গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে, যেখানে ৪ হাজার ৯৫ জন সাংবাদিক অংশ নেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেক বিষয়ে বিশেষ সেশন রাখা হচ্ছে। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার বা হেটস্পিচ শনাক্ত করার কৌশল এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
পিআইবির ডিজিটাল কার্যক্রম সম্পর্কে আরও জানানো হয় যে, প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ‘ফ্যাক্ট চেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রমের’ ডিজিটাল প্ল্যাটফর্ম হলো বাংলাফ্যাক্ট (www.banglafact.com)। এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট চেক, মিডিয়া অ্যানালাইসিস এবং ডিজিটাল লিটারেসি বিষয়ে ভিডিও ও অন্যান্য কনটেন্ট সংগ্রহ করা যাচ্ছে।
এছাড়া, সাংবাদিকদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। দূরশিক্ষণ পদ্ধতিতে চারটি বিষয়ে ই-লার্নিং ও শর্ট কোর্সের সুযোগ থাকার পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকতার গুণগত মানোন্নয়নে তিন মাস মেয়াদি অর্ধশতাধিক শিক্ষামূলক ভিডিও তৈরি করে অনলাইনে বিনামূল্যে শেখার সুযোগ রাখা হয়েছে।
সংসদকে আরও জানানো হয় যে, সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে পিআইবির স্বল্প ও দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি অতিথি গবেষণা কার্যক্রমের আওতায় দীর্ঘমেয়াদি গবেষণার জন্য চারজন গবেষককে গবেষণা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিআইবি গ্রন্থাগারে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার কপি সংরক্ষণ করা হচ্ছে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক পত্রিকা ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়া, সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক বই ও সাময়িকী প্রকাশের পাশাপাশি বিগত শাসনামলে গণমাধ্যম ব্যবহার করে কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহনন করা হয়েছে, তা নিয়ে ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা : নিশানায় খালেদা জিয়া’ শিরোনামে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে পিআইবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ