বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৪ পি.এম
গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যক্তি। তিনি চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকের কর্মী ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌস রহমানের বাড়ি বগুড়া জেলায় অবস্থিত।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফেরদৌস রহমান মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বাইমমারী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাব আগের তুলনায় ১০ গুণ বেশি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে ভবিষ্যতে হামলা হলে তা আগের হামলার চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে বলে হুমকি দেয়ার পর এই সতর্কবার্তা এসেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি মন্তব্য করেন, ট্রাম্পের হুমকি সত্যি হলে ইরানের প্রতিক্রিয়া হবে ১০ গুণ বেশি ভয়াবহ।
আল জাজিরা জানাচ্ছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এই তথ্য পাওয়া গেছে।
শেখারচি সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে বলেন, ইরানের পাল্টা আঘাত বিশ্বকে চমকে দেবে। তিনি উল্লেখ করেন, শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক অবকাঠামোসহ দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে রয়েছে, সেগুলোতে আঘাত হানা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে ইরানিরা ভয় পায় না। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি এবং আগের দুই যুদ্ধে চিহ্নিত দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা হয়েছে।
ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে যে, দেশটি কখনো আগ্রাসী শক্তি হিসেবে কাজ করেনি। তবে কোনো আগ্রাসনের মুখে পড়লে তারা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং শক্তিশালী আক্রমণকারী হিসেবে জবাব দেবে।
এদিকে, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার মতো রাজনৈতিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর নেই বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
মোহসেন রেজায়ি বুধবার (১১ নভেম্বর) লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পক্ষে নতুন করে যুদ্ধ শুরু করার মতো আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নেই। একইভাবে, তাদের নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় সমর্থন তারা হারিয়েছেন।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যমান ও সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস আহরণ সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে।
আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে অতিরিক্ত গ্যাস আহরণ করা সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করতে পারব বলে আমি বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট বিদ্যমান। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এই কারণে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ সীমিত করতে হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেসব কারখানার বিদ্যমান যন্ত্রপাতি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হলে ভবিষ্যতে সব সার কারখানায় গ্যাস সরবরাহ সম্প্রসারণ করা যাবে।
এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে যদি দেখা যায় যে, এসব খনিজ সম্পদ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক, তাহলে সরকার অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।
এছাড়া, তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি স্থানীয় জনগণের জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বি-পক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষের স্মরণে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে উপকূল ফাউন্ডেশন।
এ উপলক্ষে ভোলার চরফ্যাশন পৌরসভা সদর রোডে সংগঠনের চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিটের উদ্যোগে ব্যানারসহ দাবি উত্থাপন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় জনপদের মানুষের জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। সেই দুর্যোগে প্রাণ হারানো অসংখ্য মানুষের স্মৃতি জাতীয়ভাবে স্মরণ করা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করছেন। অথচ এসব এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা জাতীয় উন্নয়ন পরিকল্পনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন।
বক্তারা উপকূলীয় জনপদের অবকাঠামোগত উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উপকূলবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
তাদের মতে, ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতি পেলে একদিকে যেমন ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব হবে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের সমস্যা, সংকট, সম্ভাবনা ও মানুষের অধিকার জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।
উপকূলবাসীর প্রাণের দাবি—১২ নভেম্বর হোক রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ‘উপকূল দিবস’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ