ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাদের দাবি ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা শত শত যাত্রীর ভোগান্তির কারণ হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মৌচাক আমবাগান এলাকায় জড়ো হন। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

আরও পড়ুন: গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক

ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত হন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তারা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি হলো, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা দ্রুত কার্যকর করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ছাদ্দাম, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী রাজিবের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


নারায়ণগঞ্জে নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নার্সের মাধ্যমে ডেলিভারি করার সময় গর্ভের শিশুর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় প্রসূতিকে হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাসিক ১নং ওয়ার্ডের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এই ঘটনা ঘটে।

মৃত শিশুর মা সুরমা আক্তার (১৯) কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তারা নাসিক ১নং ওয়ার্ডের ধনুহাচজি রোডে মানিক টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করেন।

সূত্রে জানা গেছে, গর্ভধারণের শুরু থেকেই সুরমা আক্তার হাসপাতালটিতে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন। মঙ্গলবার রাতে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি ডেলিভারির জন্য তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। কিছুক্ষণ পর একটি শিশু স্বাভাবিকভাবে জন্ম নেয়। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় সন্তানের জন্য নার্সরা চেষ্টা করতে গেলে প্রসূতি তীব্র ব্যথা অনুভব করেন এবং তাকে ইনজেকশন দেওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা গর্ভের আরেকটি শিশুকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর প্রসূতি সুরমা আক্তারকে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের সিসিইউতে ভর্তি করা হয়।

অন্যদিকে, ভুল চিকিৎসার বিষয়টি জানার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে গিয়ে ম্যানেজারকে মারধর করেন।

সুরমার শ্বশুর বলেন, "ডাক্তার না এনে নার্স দিয়ে চিকিৎসা করানোয় আমাদের নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনার সঠিক বিচার চাই।"

এ বিষয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ বলেন, "চিকিৎসাকালীন রোগীর অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয় শিশুটিও নরমালে হবে। যে কারণে দ্বিতীয় সন্তানের সময়ে ডাক্তারকে আসতে নিষেধ করেছিলাম।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পারিবারিক সহিংসতার ঘটনার প্রেক্ষিতে, ঘরের ভেতরে আটকে থাকা শিশুদের বুদ্ধিমত্তার মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা একটি কাগজ তুলে ধরে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এক শিশু। এরপর পুলিশ অভিযান চালিয়ে শিশু এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপদে উদ্ধার করে।

পুলিশ গত ২৬ অক্টোবর জরুরি ফোন পেয়ে কিসিমি শহরের একটি বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যরা পুলিশকে অবহিত করেন যে, বাড়ির ভেতরে শিশুরা রয়েছে এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে পুলিশের ড্রোন ক্যামেরার মাধ্যমে একটি কক্ষে লুকিয়ে থাকা শিশুদের শনাক্ত করা হয়।

এই সময়, এক শিশু হাতে লেখা ‘আমাদের বাঁচান’ বার্তাটি জানালায় ধরে রাখে। অভিযুক্ত আন্দ্রে জানার্ড স্মিথসন অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগে পুলিশ শিশুদের বাড়ি থেকে বের করে আনে।

৩৩ বছর বয়সী স্মিথসন পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ এবং আগের একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ আবারও দেখা দিয়েছে, যা বেতন বৃদ্ধির দাবির সাথে সম্পর্কিত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

তথ্য সংগ্রহ করে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একাধিক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় উপস্থিত হন। কিন্তু তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে যখন কারখানা ছুটি ঘোষণা করা হয়, তখন শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন, যা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে মৌচাক এবং আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, "শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে যান চলাচল বন্ধ রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনে রাজধানীর বিপণিবিতানে নতুন পোশাকের সমাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


শীতের আগমনে রাজধানীর বিপণিবিতানে নতুন পোশাকের সমাহার

শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজধানীর বিপণিবিতানগুলোতে শীতের নতুন পোশাকের সংগ্রহ উন্মোচিত হতে শুরু করেছে। জ্যাকেট, হুডি, সোয়েটার, কার্ডিগান, ব্লেজার এবং শালসহ বিভিন্ন ধরনের গরম কাপড়ে সজ্জিত হয়েছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের শোরুম, ফ্যাশন হাউস এবং ছোট-বড় দোকান। ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে দেশি পোশাকের সঙ্গে আমদানি করা বিদেশি পোশাকও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, সাধ্যের মধ্যে শীতের পোশাক কেনার জন্য ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। তাদের মধ্যে একটি বড় অংশ পুরোনো দেশি-বিদেশি পোশাকের বাজারে ভরসা রাখছেন। সব মিলিয়ে, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর পোশাকের বাজারে শীতের কেনাকাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, গুলিস্তান, মৌচাকসহ বিভিন্ন এলাকার বিপণিবিতান ও ফুটপাতের দোকানে শীতের পোশাকের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দেশি কাপড়ে তৈরি শীতের পোশাক, কোথাও বিদেশি নকশার জ্যাকেট ও হুডি দেখা যাচ্ছে। আবার ফুটপাত ও পুরোনো কাপড়ের দোকানে দেশি-বিদেশি ব্যবহৃত শীতের পোশাকও পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সামর্থ্য এবং পছন্দের ভিত্তিতে তৈরি হয়েছে আলাদা আলাদা বাজার।

দেশি-বিদেশি পোশাকে সাজছে দোকান

ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, রাজধানীতে শীতের প্রকোপ কম থাকায় হালকা সোয়েটার, ফুলহাতা টি-শার্ট, কার্ডিগান এবং শালের চাহিদা বেশি থাকে। চাকরিজীবীদের মধ্যে কোট এবং স্যুটের চাহিদাও থাকে। তবে পোশাকে আরাম, সৌন্দর্য এবং নকশার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। শীত বাড়লে মোটা জ্যাকেট, হুডি এবং ব্লেজারের চাহিদা বেড়ে যায়।

এবারের শীত মৌসুমের জন্য ব্যবসায়ীরা ইতোমধ্যে সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করেছেন। নিউ মার্কেট এলাকার গোল্ডেন গিফট শপিং সেন্টারের ঢাকা বাজারের ম্যানেজার রাকিব হোসেন বলেন, "এখনো সেভাবে গরম কাপড় কেনাবেচা শুরু হয়নি। আমাদের শোরুমে ইতোমধ্যে সাত-আট লাখ টাকার শীতের পোশাক ঢুকেছে। ১২ লাখ টাকার ক্রয়াদেশ হয়ে আছে, দু-একদিনের মধ্যেই সেগুলো পৌঁছাবে। শীত তো শুরুই হয়নি। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনাও বাড়বে। একবারে তো সব টাকা বিনিয়োগ হয় না। কিছু বিক্রি হলে নতুন পণ্য উঠানো হবে।"

শোরুমে ছাড়, নতুন পোশাকে আগ্রহ

নারী, পুরুষ এবং শিশুদের জন্য আলাদা নকশা ও রঙের পোশাক দিয়ে আলমিরা সাজিয়েছেন বিক্রেতারা। দেশি কাপড় ও নকশার পাশাপাশি তরুণদের পছন্দ বিবেচনায় আধুনিক কাটিং এবং নকশার পোশাকও তৈরি করছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে, বিদেশি শীত পোশাকের বাজারেও রয়েছে নানা ধরনের সংগ্রহ। চীন, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের তৈরি জ্যাকেট, হুডি, সোয়েটারসহ বিভিন্ন শীত পোশাক পাওয়া যাচ্ছে দোকান ও শোরুমগুলোতে। এসব পোশাকের মধ্যে অধিকাংশই নতুন আমদানি করা; আবার কিছু গেল বছরের পোশাকও রয়েছে।

মৌচাকের ফরচুন শপিংমলের কোয়েল কটন সেন্টার বাচ্চাদের পোশাক বিক্রি করে। এই শোরুমের সব পোশাকে ৩০ শতাংশ ছাড় চলছে। সেলস ম্যানেজার চৈতী হাসান বলেন, "আমার শোরুমে গরম কাপড়গুলোতে শীতের শেষে ছাড় দেওয়া হয়। কিন্তু তখন ঈদুল ফিতর থাকায় কোম্পানি এখন ছাড় দিচ্ছে। আমাদের কাছে গত বছরের পোশাক নেই, যা ছিল বিক্রি হয়ে গেছে। এখনো দেশি-বিদেশি সব ধরনের পোশাক আছে।"

নকশা, কাপড়ের মান, ব্র্যান্ড এবং স্থায়িত্বের কারণে বিদেশি পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ কম নয়। একটু কষ্ট করে হলেও তারা শোরুম থেকে বিদেশি পোশাক কেনার চেষ্টা করেন। এসব শোরুমে নতুন পোশাকের পাশাপাশি গত বছরের পোশাকও শোভা পাচ্ছে। পুরোনো পোশাকে নকশা, রঙ এবং মানভেদে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে দেখা গেছে। তবে শীত পোশাকের পাশাপাশি মৌসুম পরিবর্তনের কারণে বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতানে নির্বাচিত পোশাকেও ছাড় দিচ্ছে।

নিউ মার্কেটের একটি ব্র্যান্ডের শোরুমে শীত পোশাক কিনতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করা রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, "শীতের পোশাক দেখতে এসেছি। শীতের শুরুতে এবং শেষে শোরুমগুলোতে একটু ছাড় থাকে। সাধ্যের মধ্যে থাকলে একটা কিনব। আর শীত পোশাক তো এক বছরেই নষ্ট হয় না, অনেক দিন যায়। এজন্য একটু ভালো মানের পোশাক কেনার ইচ্ছে আছে।"

নাম প্রকাশে অনিচ্ছুক শোরুমটির এক সেলসম্যান বলেন, "আমাদের এখানে প্রায় সব পণ্যই চায়না থেকে আসে। কোম্পানি অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে আসে। গত বছরের শীতের যে অল্প কিছু পোশাক রয়ে গেছে, সেগুলোতে প্রায় ৪০ শতাংশ ছাড় চলছে। নতুন পোশাকগুলোর দাম ২৬০০ টাকা থেকে শুরু, ছয়-সাত হাজার টাকা পর্যন্ত আছে। এখনো সেভাবে বিক্রি হয়নি। গত ১৫-২০ দিন দু-একটি করে বিক্রি হচ্ছে। শীত শুরু হলে বিক্রি বাড়বে।"

শুধু বিদেশি নয়, দেশি ব্র্যান্ডের শোরুমগুলোতেও শীতের সংগ্রহ সাজানো হচ্ছে। এসব শোরুমে সব বয়সি নারী-পুরুষ ও শিশুদের জন্য আলাদা সংগ্রহ রাখা হচ্ছে। ক্রেতারা এসব পোশাকের নকশা, কাপড়ের মান এবং সেলাইয়ের পাশাপাশি আরামদায়ক ব্যবহারের বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছেন। শোরুমে নির্দিষ্ট মাপ, রঙ ও নকশার পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকায় অনেক ক্রেতা ব্র্যান্ডের দোকানকে প্রাধান্য দিয়ে থাকেন।

নিউ মার্কেটের জিকে ফ্যাশনের মালিক আব্দুল ওয়াদুদ বলেন, "শুধু দেশি পোশাক দিয়ে ব্যবসা চলে না। দেশি-বিদেশি মিলিয়েই দোকান সাজাতে হয়। বিভিন্ন পার্টি আছে, আমরা তাদের কাছ থেকে দেশি-বিদেশি পণ্য সংগ্রহ করি। ক্রেতাদের সব ধরনেরই দেখানো হয়, এর মধ্যে তারা দামের সঙ্গে মিল হলে পছন্দ করে নিয়ে নেন।"

নিম্ন আয়ের মানুষের ভরসা পুরোনো পোশাক

তবে সবার পক্ষে শোরুমে গিয়ে পোশাক কেনা সম্ভব নয়। নিত্যপণ্যের ব্যয় এবং সীমিত আয়ের মধ্যে শীত পোশাক কেনা অনেক পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। ফলে কম দামে পোশাক পাওয়ার আশায় নিম্ন আয়ের ক্রেতাদের একটি অংশ ঝুঁকছেন ফুটপাতের দোকানগুলোতে। গুলিস্তান, পল্টন, নিউ মার্কেটের আশপাশের ফুটপাত ও বিভিন্ন পুরোনো কাপড়ের দোকানে দেশি-বিদেশি পোশাক কিনতে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। জ্যাকেট, সোয়েটার, হুডি, শিশুদের গরম পোশাক, শাল এবং অন্যান্য শীতের সামগ্রী তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকায় এসব দোকান তাদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে।

অবশ্য ক্রেতারা দামের সঙ্গে পোশাকের মান, স্থায়িত্ব, রঙ ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করছেন। একই ধরনের জ্যাকেট বা সোয়েটারের দাম কাপড়ের মান, ব্র্যান্ড, ব্যবহারজনিত অবস্থা এবং নকশাভেদে আলাদা হয়ে থাকে। পছন্দ এবং মান বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষি করতে দেখা গেছে।

ফুটপাতে নারীদের পুরাতন কাপড় নিয়ে বসা মাহবুব হোসেন বলেন, "আমার কাছে শুধু মেয়েদের পুরাতন শীত পোশাক রয়েছে। ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছি। প্রতিদিন ভালোই বেচাবিক্রি হচ্ছে।"

ভালো বেচাকেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, "এসব কম টাকার কাপড় যারা ক্রয় করেন, তাদের মার্কেটের ভেতরে যাওয়ার সাধ্য নেই। এখানে আসা সবাই গরিব মানুষ। তারা অল্প দামে পেয়ে একেকজন দু-তিনটি করে কিনে নিয়ে যাচ্ছেন।"

শীত ও ঈদ ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা

বাজারে দেশি-বিদেশি এবং পুরোনো পোশাকের এই বৈচিত্র্য শীতের কেনাকাটায় ক্রেতাদের সামনে একাধিক বিকল্প তৈরি করেছে। একদিকে নকশা ও মানের জন্য ব্র্যান্ডের শোরুমে আগ্রহী ক্রেতা, অন্যদিকে সীমিত বাজেটে প্রয়োজন মেটাতে ফুটপাত ও পুরোনো পোশাকের দোকানে ভিড় করেন অনেকে। ফলে শীত পোশাকের বাজারে ক্রেতার সামর্থ্য, পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আলাদা বাজার তৈরি হয়েছে। আবার বিপণিবিতানগুলোতে ব্যবসায়িক মন্দা পুষিয়ে নিতে শীত এবং ঈদ সামনে রেখে আশায় বুক বাঁধছেন দোকানি ও ব্যবসায়ীরা।

প্রিয়াঙ্গন শপিং সেন্টারের শুভ ফ্যাশনের মালিক দিলদার আহমেদ বলেন, "ব্যবসার সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা স্যুট, কোর্ট, কোটি, পাঞ্জাবি, শেরওয়ানি ইত্যাদি বিক্রি করে থাকি। এসব পণ্যের চাহিদা সারা বছরই টুকটাক থাকে। তবে শীতের শুরু ও শেষদিকে স্যুট এবং কোটের চাহিদা বেশি থাকে। সারা বছর লোকসান দিয়ে দোকান টিকিয়ে রেখেছি। এবার শীত এবং ঈদ প্রায় একসঙ্গে। আশা করি এবার লোকসান কাটিয়ে উঠতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%