০৪:২৭ পি.এম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম নিশ্চিত করেন।
এদিকে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গুরুদাসপুর শহীদ শাসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এমপিপুত্র মিন্টুর বন্ধু ব্যবসায়ী রাসেল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয়রা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
আরও পড়ুন: আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
এর আগে স্থানীয় এমপি আব্দুল আজিজ জানাজায় উপস্থিত হলে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। এমপি তখন তার ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গত ১৪ অক্টোবর শাকিলের ওপর হামলার পর তিনি ২৬ অক্টোবর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুকে গ্রেফতার করে এবং ৩ দিনের রিমান্ডে নেয়। এদিকে, গতরাতেই মিন্টুকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন