মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি, খুলনা।
০১:৪৪ এম
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রথম দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। এ সময় তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আগামী ৩৯ দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পালাক্রমে রাজপথে সক্রিয় থাকার অনুরোধ জানান। বক্তব্যে তিনি আরও বলেন, “এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের প্রতিনিধিদের যাচাই করা হবে। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”
পথসভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কামরুল ইসলাম শিপার ও ওয়াহিদুজ্জামান ওয়াহেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মোমেন লিটন, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আছাবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, সদস্যসচিব বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার সোনিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি, ছাত্রনেতা আব্দুল জব্বার ও বায়েজিদ বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবির ২০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।
আটক ব্যক্তিরা হলেন-আবিদ মুক্তি (২৬), পিতা মঞ্জু মুক্তি; আনোয়ারা (২০), পিতা আনাকুল; নুরজাহান খাতুন, পিতা শেখ রাজা এবং তিন শিশু। শিশুদের মধ্যে রয়েছে আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার ডানকুনি পোস্ট অফিস এলাকার মনুহারপুর মল্লিকপাড়ায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেলে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার দিনভর এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সিলেট ও নওগাঁর বদলগাছীসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায়।
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল।"
তিনি আরো বলেন, "প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি, বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।"
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি।" তিনি বলেন, "হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।"
দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী প্রমুখ।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে এর প্রতিবাদে চৌমুহনী পৌর বিএনপি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ৩টার দিকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি নাপিতের পোল এলাকায় গিয়ে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের দুটি থাই গ্লাস ভেঙে যায় এবং আগুন ধরে যায়। পরে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন বলেন, "নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। এ সময় আওয়ামী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে।"
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "যারা আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।"
কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির। গত বৃহস্পতিবার রাতে এ পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভের ভিডিও প্রচার হয়। তবে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওটি কোথায়, কখন হয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে মুখোশ পরিহিত কয়েকজনকে মশাল হাতে সরকারবিরোধী স্লোগান দিতে এবং হাসিনার দেশে ফেরার দাবি জানাতে দেখা গেছে।
ভিডিওতে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান ও জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের নামেও স্লোগান দিতে দেখা যায়।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাত ৩টার দিকে উপজেলা শিবির সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিলের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, তিনিও একটি ভিডিও দেখেছেন। তবে এটি ঈদগাঁও উপজেলার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আওয়ামী লীগ রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই।"
তিনি বলেন, "অগ্নিসন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।"
এদিকে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান।
তিনি আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা ১১টার দিকে চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে খেলাপি ঋণের উচ্চ পরিমাণের জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। দেশের জন্য ৬০টি ব্যাংক প্রয়োজন নেই, বরং পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট হবে। এজন্য একটি কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা জরুরি। এখন গুড গভরন্যান্সের প্রয়োজন, যা সব সমস্যার সমাধান বের করে আনবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশকেও শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো ব্যাংকের সংখ্যা কমাতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে এর প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার প্রয়োজন নেই।
শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্যানেল ডিসকাশনে দেশের ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব মন্তব্য করেন।
ফিনএক্স কানেক্টে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ডিরেক্টর মোহাম্মাদ শাকিল ওয়াহেদ, মো. রাহাত খান, মো. আমানুর রহমান, ইমতিয়াজ আহমেদ শামস, মালিক মো. সাঈদ, এ এস এম রফিক উল্লাহ, নাফিস রায়হান, এটিএম শামিম উজ্ জামান, ইরিন আখতার, আবু ইসা মো. মাইনুদ্দিন প্রমুখ।
নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ শীর্ষক প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, ব্যাংকিং কন্সালট্যান্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন এবং রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান এফসিএ।
‘ফাইন্যান্স রিওয়্যার্ড: দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। আলোচনায় অংশ নেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবুত আলী, ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার।
‘নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ’ শীর্ষক প্যানেল ডিস্কাশনে সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। তিনি উল্লেখ করেন, একদিকে কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা এবং অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে বেসরকারি ইনভেস্টমেন্ট ও ব্যবসার সুযোগ সৃষ্টির মধ্যে ভারসাম্য আনাই বর্তমানে মূল চ্যালেঞ্জ।
অধ্যাপক শাহ মো. আহসান হাবিব মন্তব্য করেন, দেশের উচ্চ মূল্যস্ফীতির পেছনে কেবল বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ। এর ফলে রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির মতো দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে। গত ৫-৬ বছরের ডাটা নির্দেশ করে যে কেবল সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর হয়নি। বর্তমানে নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছানো অত্যন্ত জরুরি, যাতে তারা টিকে থাকতে পারে। বেসরকারি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে ৩২-৩৩% খেলাপি ঋণ প্রদর্শন করা অস্বাভাবিক ও অবাস্তব। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বাণিজ্যিক ব্যাংকের কোনো একক বা যৌথ উদ্যোগ কার্যকর হবে না।
তিনি আরও বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডাররা মূলধনের সামান্য অংশের মালিক, আমানতের নয়। কমপ্লায়েন্সের লক্ষ্য কেবল কেন্দ্রীয় ব্যাংককে সন্তুষ্ট করা নয়, জনস্বার্থ রক্ষা; ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব ফ্রন্টলাইনেরও।
মেলিতা মেহজাবিন মন্তব্য করেন, স্বাধীন অডিট এবং অডিট কমিটি থাকা সত্ত্বেও ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। ‘মাছের প্রথমে মাথায় পচন ধরে’ প্রচলিত প্রবাদের মতো, যে-কোনো প্রতিষ্ঠানের পচন বা অবক্ষয় উচ্চপর্যায় থেকেই শুরু হয়। অডিট প্রক্রিয়ায় সঠিক নজরদারি বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ব্যাংক খাতের এই পরিস্থিতির জন্য পর্ষদগুলোও সরাসরি দায়ী। কেউ সঠিক প্রশ্নটি করেনি এবং প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার চেষ্টা করেনি। এর ফলে প্রতি তিন টাকা ঋণের এক টাকা ফেরত আসেনি। এখন গুড গভরন্যান্সই চাওয়া। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান বের হয়ে আসবে। এজন্য একাডেমিয়ায় ও রিসার্চে ইনভেস্ট জরুরি।
সেলিম আর এফ হোসাইন বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারকে ব্যাংক পুনর্গঠন, দেউলিয়া আইন এবং ব্যাংকিং রেজোলিউশন অ্যাক্ট প্রণয়নের জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও প্রভিশনিং মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইনে ব্যাংক কমানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশেও এটি হতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে এর প্রভাব পড়তে পারে, তাই দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার প্রয়োজন নেই।
মীর নওবুত আলী বলেন, গুলশানের কর্পোরেট অফিসে বসে সার্ভিস ডিজাইন করার চেয়ে গাইবান্ধার মতো প্রান্তিক অঞ্চলে গিয়ে গ্রাহকের বাস্তব চাহিদা ও সমস্যা বোঝা অনেক বেশি জরুরি। গ্রাহকের সুবিধার জন্য কোম্পানির নীতি ক্রমাগত সহজ করা হচ্ছে। অভিজ্ঞতা বলছে, প্রান্তিক ও স্বল্পআয়ের মানুষ সময়মতোই ঋণ পরিশোধ করেন।
অরূপ হায়দার বলেন, অপারেশনাল জটিলতার কারণে অতীতে ব্যাংকগুলো মূলত কর্পোরেট ব্যাংকিংয়ে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তি ও ফিনটেকের আগমনে এখন রিটেল গ্রাহকের কাস্টমার জার্নি অনেক সহজ হয়েছে। দেশে ৮ কোটি আমানতকারীর বিপরীতে ঋণ পান মাত্র ১.৫ লক্ষ গ্রাহক। তাই ঋণের গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে ইউটিলিটি বিল পরিশোধের মতো ডাটা বিশ্লেষণ করে কম পরিচালন ব্যয়ে ছোট অঙ্কের ঋণ দেওয়া হচ্ছে।
প্যানেল ডিস্কাশনে বক্তারা উল্লেখ করেন, বিগত ৫০ বছর ধরে অধিকাংশ ব্যাংক (৮০-৯০%) কেবল গুটিকয়েক বড় করপোরেট লোনের ওপর নির্ভর করে ব্যবসা করেছে, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় একটি ২০০ কোটি টাকার লোন খেলাপি হলে পুরো ব্যাংক সংকটে পড়ে, কিন্তু ২০০টি ১ কোটি টাকার লোন একসাথে খেলাপি হওয়া কঠিন। তাই বড় লোন দেওয়ার চেয়ে ছোট লোনে যাওয়া ভালো। কম উপার্জন যারা করেন, তারা ঋণ পরিশোধ করেন। আলোচনায় উঠে আসে, ব্যাংকগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে। ফলে এলসি খোলার প্রক্রিয়া ৭ দিন থেকে কমিয়ে মাত্র এক দিনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ