০১:০৮ এম
একটি সাদা শার্ট। একটি অনাড়ম্বর দৃশ্য। তবে এর ভেতরেই যেন প্রকাশ পায় ক্ষমতার এক ভিন্ন পাঠ। সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে রয়েছেন মেয়ে জাইমা রহমান।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে তারা হেঁটে ফিরছেন। সেখানে রাজকীয় বহরের কোনো দৃশ্যমান আয়োজন নেই। ক্ষমতার চেনা জাঁকজমকও অনুপস্থিত। বরং রয়েছে বাবা-মেয়ের পাশাপাশি পথচলা এবং প্রধানমন্ত্রীর গায়ে একটি সাদা শার্ট।
দৃশ্যটি সাধারণ মনে হলেও, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন অনাড়ম্বর মুহূর্ত বিরল। কারণ, এই দেশে ক্ষমতা প্রায়ই নিজেকে প্রকাশ করে দূরত্বে, আয়োজনে এবং দৃশ্যমান আড়ম্বরে। এখানে এই সাধারণ পথচলা অন্য একটি বার্তা দেয়। মনে করিয়ে দেয়, ক্ষমতার উচ্চতায় থেকেও মানুষের নাগালে থাকা যায়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায়ও ব্যক্তিগত সরলতা হারিয়ে যেতে হয় না।
আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
সেদিন আমার চোখে তাই শুধু একজন প্রধানমন্ত্রী ধরা পড়েননি। বরং ধরা পড়েছিল একটি সাদা শার্ট, যেন অনাড়ম্বরতার এক নীরব প্রতীক।
আমি জানি না, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সাদা শার্ট পরেন কেন। এর পেছনে কোনো দর্শন আছে কিনা, তাও জানি না। পোশাক দিয়ে মানুষের চরিত্রের মাপ নেওয়া যায় না। তবে কিছু দৃশ্য ভাবনার জন্ম দেয়। আমাদের রাজনীতিতে ক্ষমতা মানেই যেখানে দূরত্ব, সেখানে অনাড়ম্বর উপস্থিতি আলাদা করে চোখে পড়ে।
ঢাকার যানজটে প্রধানমন্ত্রীকে নিজেই গাড়ি চালাতে দেখা গেছে। পাশে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। লালবাতিতে গাড়ি থেমেছে। পথচারীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে।
কারণ, আমাদের স্মৃতিতে প্রধানমন্ত্রীর যাত্রা মানেই রাস্তা ফাঁকা, দীর্ঘ গাড়িবহর, সাইরেন এবং অসংখ্য মানুষের অপেক্ষা।
আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি
এই চেনা দৃশ্যপটের বিপরীতে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একজন প্রধানমন্ত্রী অন্য রকম রাজনৈতিক বার্তা দেয়। রাস্তা কারও একার নয়। প্রধানমন্ত্রীরও নয়। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীও নাগরিকদের মতো একই শহরের বাসিন্দা। এই উপলব্ধি ছোট নয়।
রমনা ট্রাফিক বিভাগের একজন এডিসির সঙ্গে এক আলাপে বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল। তার কাছেই শুনেছি, প্রধানমন্ত্রীর চলাচল নিয়ে আগের মতো দীর্ঘ প্রস্তুতি কিংবা আগাম রাস্তা ফাঁকা করার প্রয়োজন অনেক ক্ষেত্রে হচ্ছে না। কাকরাইলের একটি ঘটনার কথাও বলেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর গাড়ি থেমেছিল। তাকে কাছে ডেকে কুশল বিনিময় করেছেন। কাজের খোঁজ নিয়েছেন। উৎসাহ দিয়েছেন। নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
এডিসি সাহেবের কাছে ঘটনাটি ছিল প্রায় অবিশ্বাস্য। তার কণ্ঠে সেই বিস্ময় তখনো ছিল। বলেছিলেন, ঘটনাটি তাকে দায়িত্ব পালনে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভাবুন, যার জন্য একসময় রাস্তা ফাঁকা রাখার কথা, সেই প্রধানমন্ত্রীই থামলেন রাস্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার জন্য। মানুষটির শ্রমকে স্বীকৃতি দিলেন। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কখনো কখনো এমন একটি সৌজন্যেই নতুন অর্থ পায়।
এখানে আমার মনে পড়ে জাক দেরিদার কেন্দ্রের ধারণা। ক্ষমতা সব সময় নিজেকে কেন্দ্র করে পৃথিবীকে সাজাতে চায়। অথচ গণতন্ত্রের সৌন্দর্য হলো, সেই কেন্দ্রকে নাগরিকের দিকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী যদি নিজের যাত্রাকে শহরের অন্য মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে না করেন, তবে সেটি কেবল ব্যক্তিগত বিনয় নয়; ক্ষমতার একটি ভিন্ন অনুশীলন।
আরও পড়ুন: রনজিতের সভাকাণ্ডের ব্যানার হাতে দাঁড়ানো ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায়
একে বলা যায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাষ্ট্রকে নিজের চারপাশে ঘোরানোর বদলে নিজেকে রাষ্ট্রের মানুষের মধ্যে মিশিয়ে দেওয়া।
প্রশাসনিক আচরণেও এমন কিছু সংকেত দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে সচিবালয়ে উপস্থিতি, বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, অপ্রয়োজনে কক্ষের বাতি বন্ধ রাখা কিংবা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার নির্দেশ। শুনতে সামান্য। কিন্তু রাষ্ট্রের সংস্কৃতি গড়ে ওঠে এমন সামান্য অনুশীলনেই। জনগণের অর্থ ব্যবহারে সংযম, সময়ের মূল্য এবং প্রশাসনিক শৃঙ্খলা—এসব বিষয়ে নেতৃত্বের ব্যক্তিগত আচরণও গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের খরচ নিয়েও আলোচনা হয়েছে। তার খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে—এমন বক্তব্য সংসদে আলোচনায় এসেছিল। সেই বক্তব্যের সূত্র ধরেই সংশ্লিষ্ট নেতাকে একদিন একসঙ্গে দুপুরের খাবারের আমন্ত্রণ জানানোর ঘটনাও সংবাদে এসেছে। খাবারের দাম দিয়ে মানুষের মহত্ত্ব মাপা যায় না। তবে ক্ষমতার সঙ্গে ভোগের সম্পর্কটি গুরুত্বপূর্ণ। পদ যত বড় হবে, ব্যক্তিগত বিলাসও তত বাড়তে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে।
প্রখ্যাত সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে এক আড্ডায় তারেক রহমানের প্রসঙ্গ উঠেছিল। তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম। প্রিন্স মাহমুদ বলেছিলেন, মানুষটি অত্যন্ত বিনয়ী। অল্প সময় কথা বললেই তার সৌজন্যবোধ বোঝা যায়। তার পোষা বিড়াল জেবুর প্রতি মমতার কথাও সংবাদমাধ্যমে এসেছে। এসব কোনো রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি নয়। তবে মানুষের সংবেদনশীলতার কিছু অনুষঙ্গ নিশ্চয়ই।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
তবে আমার কাছে ব্যক্তিগত সরলতা কিংবা সৌজন্যের চেয়েও বড় যে বিষয় সেটি হচ্ছে প্রতিহিংসা ও ন্যায়বিচারের প্রশ্ন। তারেক রহমান নিজেই নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতার কথা বলেছেন। তার রাজনৈতিক জীবনের ক্ষতও কম নয়। অথচ বিভিন্ন সময়ে ব্যক্তিগত প্রতিশোধের অসারতা নিয়ে কথা বলেছেন। হারানো সময় প্রতিশোধে ফিরে আসে না। ক্ষতিও পূরণ হয় না। ২০২৪ সালের ৫ আগস্টের পরও তার আহ্বান ছিল প্রতিহিংসা পরিহার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া।
রাজনীতিতে এই অবস্থানের তাৎপর্য আছে। ক্ষমতার পালাবদলের পর প্রতিশোধ প্রায়ই ন্যায়বিচারের ভাষা ধার করে। অথচ প্রতিশোধ আর বিচার এক নয়। প্রতিশোধ ব্যক্তিগত আক্রোশের সম্প্রসারণ। বিচার রাষ্ট্রের দায়িত্ব। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত হবে। প্রমাণের ভিত্তিতে বিচার হবে। অপরাধী যে-ই হোক, আইনের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত প্রতিহিংসা পরিহারের অর্থ অপরাধের দায় মুছে দেওয়া নয়। বরং ন্যায়বিচারকে প্রতিহিংসার হাত থেকে রক্ষা করা। ক্ষমতার আসল পরীক্ষা প্রতিপক্ষকে কতটা পরাস্ত করা গেল, তা নয়; প্রতিপক্ষের প্রতি নিজের ক্ষমতা কতটা সংযত রাখা গেল, সেটিও।
গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও কিছু ইতিবাচক সংকেত আছে। ২০২৪ সালের ১১ আগস্ট কার্টুনিস্ট মেহেদী হকের একটি কার্টুন নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাজনৈতিক কার্টুনের স্বাধীনতা ফিরে আসার কথা বলেছিলেন তারেক রহমান। ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসেও সাংবাদিকের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান জানান।
গণতন্ত্রে ক্ষমতাবানের একটি বড় যোগ্যতা হলো নিজের বিরুদ্ধে বলা কথাও সহ্য করতে পারা। তবে একটি কার্টুন শেয়ার করলেই গণমাধ্যম স্বাধীন হয় না। তার জন্য প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান, সাংবাদিকের নিরাপত্তা, কার্যকর আইন এবং রাষ্ট্রের সমালোচনা করার বাস্তব সুযোগ।
আরও পড়ুন: তৌফিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ
এই লেখাটি কোনো আনুগত্যের দলিল নয়। তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। কখনো দেখা হয়নি। কিছু ঘটনা দেখেছি। কিছু কথা শুনেছি। কিছু বক্তব্য পড়েছি। সেগুলো আমাকে ভাবিয়েছে। সেই ভাবনা থেকেই এই লেখা। মুগ্ধতা থাকতে পারে। মতভেদও থাকবে। সমালোচনা হবে। প্রশ্ন উঠবে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক ব্যাকরণ।
একজন প্রধানমন্ত্রী সাদা শার্ট পরেন, নিজে গাড়ি চালান, সিগন্যালে দাঁড়ান, মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন—এসব অবশ্যই ইতিবাচক। কিন্তু ব্যক্তিগত সরলতা রাষ্ট্র পরিচালনার সাফল্যের বিকল্প নয়। বিনয় দুর্নীতি দূর করে না। ভালো ব্যবহার অর্থনীতির সংকট সমাধান করে না। অনাড়ম্বর জীবনযাপন দিয়ে বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত হয় না। শেষ পর্যন্ত তাকে মাপতে হবে অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, মানবাধিকার এবং সুশাসনের মানদণ্ডে।
তবু আচরণের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ক্ষমতাবানের আচরণ অনেক সময় প্রশাসনের ভাষা হয়ে ওঠে। তার সংযম অন্যদের সংযত করতে পারে। তার অসহিষ্ণুতা ছড়িয়ে পড়তে পারে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে। রাষ্ট্রের একটি মন আছে। সেই মন গড়ে ওঠে ক্ষমতাবানের প্রতিদিনের ব্যবহারে।
নাগরিকের সঙ্গে দূরত্বে। ভিন্নমত গ্রহণের ক্ষমতায়। ভুল স্বীকারের সাহসে। লালনের সেই পঙ্ক্তি মনে পড়ে—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’ রাজনীতিরও শেষ গন্তব্য মানুষ। রাষ্ট্রের সব ক্ষমতা, প্রতিষ্ঠান ও আয়োজন মানুষের মর্যাদা রক্ষার জন্যই।
আরও পড়ুন: আইকাও বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত
সাদা শার্ট তাই আমার কাছে কোনো রাজনৈতিক প্রতীক নয়। এটি একটি দৃশ্যের স্মৃতি। একটি ভাবনার সূত্র। এই শুভ্রতার দাবি তার কাজে প্রতিফলিত হোক। শাসনে। ন্যায়বিচারে। নাগরিকের সঙ্গে সম্পর্কে। সমালোচনা সহ্য করার ক্ষমতায়। একজন প্রধানমন্ত্রী কত বড়, তা মাপব না তার সামনে কতজন মাথা নোয়ালেন, তা দিয়ে। দেখব, তিনি নিজে কোথায় মাথা নোয়াতে জানেন—মানুষের মর্যাদার সামনে, আইনের সামনে, গণতন্ত্রের সামনে।
আজ ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা।
মাহমুদ দিদার
ফিল্ম মেকার , ভিজুয়াল স্ট্রাটেজিস্ট , রাজনীতি পর্যবেক্ষক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন