মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
মিসরের ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন একটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো আশা করছে যে, ‘মিনা ওয়েস্ট’ নামের এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন সর্বোচ্চ ১৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। নতুন এই উৎপাদন দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
রোববার গ্যাসক্ষেত্রটি থেকে উৎপাদন শুরুর ঘোষণা দেয় প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল ও কুয়েত ফরেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (কুফপেক)। মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রটি ভূমধ্যসাগরে মিসরের নর্থ ইস্ট এল-আমরিয়া কনসেশনের আওতাধীন এলাকায় অবস্থিত। ২০২৩ সালে এটি আবিষ্কৃত হয়। অংশীদার প্রতিষ্ঠানগুলো আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে।
গ্যাসক্ষেত্রটিতে শেলের মালিকানা ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশের মালিক কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুফপেকের মিসরীয় সহযোগী প্রতিষ্ঠান। ২০২৫ সালের জুনে গ্যাসক্ষেত্রটির উন্নয়নকাজের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্রুত অবকাঠামো নির্মাণ ও উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
মিনা ওয়েস্ট থেকে উত্তোলিত গ্যাস পরিবহনের জন্য সাত কিলোমিটার দীর্ঘ নতুন একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এই পাইপলাইন গ্যাসক্ষেত্রটিকে বিদ্যমান ওয়েস্ট ডেল্টা ডিপ মেরিন অবকাঠামোর সঙ্গে যুক্ত করেছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস বুরুল্লুস প্রক্রিয়াকরণ কেন্দ্রে পৌঁছাবে। সেখানে প্রক্রিয়াজাত করার পর তা মিসরের জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।
শেল ইজিপ্টের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি চেয়ার ডালিয়া এলগাবরি বলেন, "আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে গ্যাসক্ষেত্রটিতে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, শুরু থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে মিসরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইজিপশিয়ান ন্যাচারাল গ্যাস হোল্ডিং কোম্পানি (ইজিএএস) এবং কুফপেকের সহযোগিতায়।
গ্যাস আমদানির নির্ভরতা কমাতে উদ্যোগ
মিসরে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন কমেছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে জ্বালানির চাহিদা বেড়েছে। ফলে চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে দেশটিকে। নতুন গ্যাসক্ষেত্রের উৎপাদন শুরু হওয়াকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মিসর সরকার অনুসন্ধান, নতুন বিনিয়োগ এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ দেশটির দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রায় ৪২০ কোটি ঘনফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার ব্যবধান কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রের উৎপাদন দেশটির জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কতটা ভূমিকা রাখে, সেটি এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, রয়টার্স, শেল ইজিপ্ট, কুফপেক ও আল-আহরাম অনলাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেশ কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলন গাজীপুর সদর, কোনাবাড়ি, কাশিমপুর, সদর উপজেলার রাজেন্দ্রপুর ভবানীপুর, বাঘেরবাজার ও সালনা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সীমাবদ্ধ ছিল। তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাক শ্রমিকদের আন্দোলন টঙ্গীতে প্রবেশ করে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ টঙ্গী শিল্পাঞ্চলের দুটি গার্মেন্ট বন্ধ ঘোষণা করে। এর ফলে গাজীপুর-২ শিল্পাঞ্চলে ৩০টিরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের কারণে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে শ্রমিকেরা গাছা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় প্রবেশ করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে চলমান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের রাস্তায় নামানোর চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই অবস্থায় টঙ্গী এলাকায় হুপলোন গার্মেন্ট এবং স্যাটান গার্মেন্ট কর্তৃপক্ষ তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম সেবা) বেলা ১টায় কালের কণ্ঠকে বলেন, ‘এই পর্যন্ত আমার নিয়ন্ত্রণাধীন ৩০টির বেশি কারখানায় ছুটি বা বন্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা নজরদারি করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি উল্লেখ করেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদাবি সর্বোচ্চ পর্যায়ে আছে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে তিনি রাজি হননি।
সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’
জাহেদ উর রহমান আশ্বস্ত করেন যে, সরকার দ্রুত জিনিসগুলো ম্যানেজ করে নিতে পারবে।
আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি। তিনি বলেন, ‘গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ