ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ


ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে এসেছে। সিএনএনের প্রতিবেদনে সাত মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে ইরান এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো ইরানের এই তৎপরতাকে আপাতত সম্ভাব্য হামলার বিকল্প হাতে রাখার চেষ্টা হিসেবে দেখছে, আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে নয়। তবে দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে আসা পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। এই কারণে মার্কিন কর্মকর্তারা জরুরি প্রস্তুতি নিচ্ছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।

আরও পড়ুন: মিসরের ভূমধ্যসাগরে নতুন গ্যাসক্ষেত্র মিনা ওয়েস্টে উৎপাদন শুরু

মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের মুখে ইরান সংঘাত আরও বিস্তৃত করার সম্ভাবনা বিবেচনা করছে। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার পরিকল্পনা নিয়ে তৎপরতা থাকলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। ইরানের পক্ষে এ ধরনের হামলা চালানোর মতো পর্যাপ্ত লোকবল আছে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

সিএনএনের দুটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা কয়েকটি বৈঠক করেছেন। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপত্তার স্বার্থে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদমাধ্যমটিতে।

ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগও অন্তর্ভুক্ত। অতীতে এসব তৎপরতা মূলত বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ওপর কেন্দ্রীভূত ছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে না; বরং প্রচলিত বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অস্ত্র তৈরির জন্য বিদেশ থেকে প্রশিক্ষিত কর্মী আনার প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা কাউকে ব্যবহার করেও হামলার চেষ্টা করা সম্ভব বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

আরও পড়ুন: ইয়েমেনের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা, ৯ জন আহত

সিএনএনের এক সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কয়েকজন কর্মকর্তার ধারণা, তেজস্ক্রিয় পদার্থ বা বোমা তৈরির উপকরণ যুক্তরাষ্ট্রে আগে থেকেই মজুত থাকতে পারে।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। তবে ওই কার্যালয় মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইরানি মিশন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের আরেকটি উদ্বেগ হলো, বিদেশি যোগাযোগ নজরদারির একটি গুরুত্বপূর্ণ আইনের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। যদিও আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, তবে আইনটি পুনরায় অনুমোদন না পেলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার গুরুত্বপূর্ণ সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের যুক্তি, বিলম্ব হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা নাগরিক এবং বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন: বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে—এমন গোয়েন্দা তথ্যও পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে। সিএনএনের সূত্রগুলোর দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ আছে। এ কারণে ওই অঞ্চলে কর্মরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জন্য সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও শত্রুতা বন্ধের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো চুক্তির জন্য গুরুত্বপূর্ণ। এ সময় ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর ভেতরের চুক্তিবিরোধী অংশ সংঘাত জিইয়ে রাখতে হামলা চালিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে।

এক মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে কী ধরনের পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে, তা তেহরান জানে। তবে ইরানের নেতারা যদি মনে করেন, তাদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তাঁরা এমন ঝুঁকি নেওয়াকেও যৌক্তিক মনে করতে পারেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠন সিএআইআর-এর সন্ত্রাসী তকমা প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে দুর্যোগকালীন প্রতিক্রিয়াশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন,
উপকূলীয় অঞ্চলগুলো সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে আমরা দেখেছি, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণকাজ শুরু করতে করতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু এই পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি'র মূল সৌন্দর্য হলো দুর্যোগ আঘাত হানার আগেই আমরা মানুষকে সতর্ক করতে পারব এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারব। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠন সিএআইআর-এর সন্ত্রাসী তকমা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠন সিএআইআর-এর সন্ত্রাসী তকমা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমদের অন্যতম বৃহৎ নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পরই এই সিদ্ধান্ত কার্যকর করবেন।

সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট দলের এই নেতা উল্লেখ করেছেন, বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের জারি করা নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন। তার মতে, জননিরাপত্তার জন্য বরাদ্দ ক্ষমতা ও অর্থকে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করা উচিত।

হিনোজোসা বলেন, ‘জননিরাপত্তার ব্যবস্থা জননিরাপত্তার জন্যই ব্যবহার করতে হবে।’ তিনি অ্যাবটের নেওয়া পদক্ষেপকে জননিরাপত্তার নামে ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছেন।

গত নভেম্বরে অ্যাবট সিএআইআর এবং মুসলিম ব্রাদারহুডকে টেক্সাসের আইনে বিদেশি সন্ত্রাসী ও আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন। এই আদেশের ফলে সংগঠন দুটির টেক্সাসে জমি কেনা বা অধিগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি, সংগঠনগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়া হয় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলকে।

অ্যাবটের ওই সিদ্ধান্তের পর সিএআইআরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সংগঠনটির বিরুদ্ধে মামলা করেন। মামলায় সিএআইআরের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী ও আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণার আবেদন জানানো হয়। সিএআইআর এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে, হিনোজোসার ঘোষণাকে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন স্বাগত জানিয়েছে। টেক্সাস ননপ্রফিট প্রোটেকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক স্যাম রবেলস মন্তব্য করেছেন, অ্যাবট তার দপ্তরকে ব্যবহার করে মুসলিমবিদ্বেষ উসকে দিয়েছেন এবং নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোকে ভীত করার চেষ্টা করেছেন।

তিনি আরো বলেন, সিএআইআরকে রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা ছিল এমন একটি প্রচারণার অংশ, যার মাধ্যমে মুসলিমদের নাগরিক কর্মকাণ্ড ও অধিকার আদায়ের প্রচেষ্টাকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে।

টেক্সাসের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এই ঘটনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে পরাজিত হয়েছেন তিন মেয়াদের গভর্নর গ্রেগ অ্যাবট। একই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া কেন প্যাক্সটনও সিনেট নির্বাচনে হেরে যান। ফলে অঙ্গরাজ্যটির প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে গভর্নর হিসেবে শপথ নেবেন হিনোজোসা।

এদিকে, নির্বাচনের পর ১৬ নভেম্বর সিএআইআরকে নিষিদ্ধ করার লক্ষ্যে করা মামলাটিও প্রত্যাহার করেছে প্যাক্সটনের দপ্তর। তবে অ্যাবটের নির্বাহী আদেশ প্রত্যাহারের ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। হিনোজোসা দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও একই ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে সিএআইআর। সেখানে আদালত সংগঠনটির সন্ত্রাসী তকমা প্রত্যাহারের জরুরি আবেদন নাকচ করার পর অঙ্গরাজ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে সংগঠনটি। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সিএআইআর।

সিএআইআর যুক্তরাষ্ট্রের মুসলিমদের নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় কাজ করা অন্যতম বৃহৎ সংগঠন। কর্মক্ষেত্রে বৈষম্য, ধর্মীয় বিদ্বেষ, মসজিদে হামলা এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনায় সংগঠনটি আইনি ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, মিডল ইস্ট আই, দ্য টেক্সাস ট্রিবিউন ও সিএআইআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রাডার স্থাপনার উপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

মঙ্গলবার, ইরানের সামরিক বাহিনী জানায়, হামলাটি দেশটির ইসা বিমানঘাঁটিতে পরিচালিত হয়েছে।

তবে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটিতে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আইআরজিসি একটি বিবৃতিতে জানায়, এ অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে।

হামলার পূর্বে, বাহরাইনের বাসিন্দাদের মোবাইলফোনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। এরপর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। গত কয়েক দিন ধরে আইআরজিসি যুক্তরাষ্ট্রের সামরিক রাডার স্থাপনার বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে।

এর আগে, রোববার বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়ার দাবি করে আইআরজিসি। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের কথিত শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে।

এছাড়া, গত শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী ওই হামলার দাবি অস্বীকার করে জানায়, ইরানের দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে রয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় বাহরাইনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা, ৯ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ইয়েমেনের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা, ৯ জন আহত

ইয়েমেনের রাজধানী সানায় একটি ভয়াবহ বিমান হামলার ফলে অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য প্রকাশ করেছেন।

আক্রমণকারী গোষ্ঠী, যা ইরান-সমর্থিত, জানিয়েছে যে হামলাটি আল-নাহদা এলাকার একটি এতিম ফাউন্ডেশনের মালিকানাধীন জুতা তৈরির কারখানাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তারা উল্লেখ করেছে যে হামলাটি ‘শত্রুপক্ষের বিমান’ দ্বারা সংঘটিত হয়েছে।

তবে, এই বিমান হামলার পেছনে কারা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুতিদের মধ্যে সংঘাত গত জুলাই মাস থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘকালীন এই সংঘাতের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%