০৬:৫৮ পি.এম
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে সড়কবাতির অভাবের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সন্ধ্যার পর এই বিস্তীর্ণ সড়কটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, যার ফলে ছিনতাই ও গাড়ি ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে প্রতিনিয়ত। আতঙ্কের কারণে রাত আটটার পর ওই এলাকায় চলাচল সীমিত করে দিয়েছেন রিক্সা চালক ও পথচারীরা।
সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দিয়াবাড়ি এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসমাগমপূর্ণ হলেও রাতের বেলা এটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। মোহাম্মদ মিজান নামের এক ব্যবসায়ী জানান, যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও এখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা রিকশাচালক ও সাধারণ পথচারীদের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে।
ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন, কিন্তু অন্ধকারের কারণে সবসময় ডাকাত বা সন্ত্রাসীদের আতঙ্কে থাকতে হয়। রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তাদের এই আতঙ্কে দিন কাটাতে হতো না বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
অন্ধকার এই সড়কে পরিবহন চালকরাও আতঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক জানান, নিরাপত্তার অভাবে তারা রাত ৮টা থেকে ৯টার মধ্যে এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি ডিওএইচএস-এর আগে ভোরে একটি খুনের ঘটনা এবং যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের ঘটনা চালকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলমান থাকলেও অন্ধকারে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে তুরাগ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাই রোধে তারা মোটরসাইকেল, পুরাতন প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলোতে নিয়মিত তল্লাশি চালাচ্ছেন। কিন্তু স্ট্রিট লাইটের অভাবে রাতের বেলা পুলিশের কার্যক্রম পরিচালনা করতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে দ্রুত স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছে এবং একাধিকবার আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি টেন্ডার ও ফান্ডের প্রক্রিয়ার কারণে বাতি স্থাপনে কিছুটা সময় লাগছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অবিলম্বে সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং পর্যাপ্ত সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন