০১:৩৬ পি.এম
তুরস্কে চলমান কপ-৩১ সম্মেলনে জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে প্রতিনিধিদের মধ্যে বিতর্ক চলাকালীন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান একটি কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন। তিনি শুক্রবার বলেছেন, এল নিনোর ধ্বংসাত্মক প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, নতুবা ভবিষ্যতে এর জন্য দ্বিগুণ মূল্য দিতে হবে।
আন্তালিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু জানান, এল নিনোর প্রভাব মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হলে ৩ হাজার ৬০০ কোটি ডলার প্রয়োজন হবে। কিন্তু যদি এখন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই ব্যয় বেড়ে ৭ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছাবে। অর্থাৎ, খরচ হবে দ্বিগুণ।
প্রতি দুই থেকে সাত বছর পর প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে এল নিনো পরিস্থিতির সৃষ্টি করে, যা বৈশ্বিক বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনকে বিপরীতমুখী করে। এবারের এল নিনো চক্র ইতোমধ্যে বিশ্বজুড়ে অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে।
আরও পড়ুন: এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
ডি ক্রু সতর্ক করে বলেন, কোনো পদক্ষেপ না নেওয়া আপনার নেওয়া সবচেয়ে ব্যয়বহুল জলবায়ু নীতি হতে পারে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে এই বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বড় সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে আরও বেশি আর্থিক সহায়তা দাবি করছে উন্নয়নশীল দেশগুলো। যদিও ডি ক্রু স্বীকার করেছেন, ধনী দেশগুলোর সরকারও বর্তমানে ভারী ঋণের বোঝা এবং যুদ্ধের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে।
এমনকি, তিনি যুক্তি দেন যে, ঝুঁকিপূর্ণ দেশগুলো একের পর এক বহুমুখী সংকট থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সময়ই পায়নি। তাঁর ভাষায়, কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধ, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া—এবং এখন এল নিনো এবং এর সাথে যুক্ত হয়েছে চড়া সুদে ঋণ নেওয়ার খরচ।
চলতি সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি থেকে ২ হাজার কোটি ডলার হতে পারে। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক কমিশন পূর্বাভাস দিয়েছে যে, আগামী তিন বছরে ওই অঞ্চলের মোট জিডিপি অন্তত ২ শতাংশ কমবে, যার ফলে নতুন করে ৪৮ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০, পেনসিলভানিয়া ও উইসকনসিনে নতুন আক্রান্ত
ডি ক্রু যখন ৪৭টি অংশীদার দেশে মূলধন ব্যয় কমাতে নীতিগত সংস্কার এবং দ্রুত অভিযোজনমূলক বিনিয়োগের জোর দাবি জানাচ্ছেন, ঠিক তখনই আন্তালিয়া সম্মেলনের পার্শ্বআলোচনায় দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন উত্থাপিত হয়েছে।
এদিকে, পৃথক এক খবরে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে বিষয়টি বিবেচনা করার পর অবশেষে ২০২৮ সালে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার কপ-৩১ সম্মেলনে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছেন।
বেইজিংয়ের এই সিদ্ধান্তের ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশের জন্য কপ-৩৩ আয়োজনের পথ খুলে গেল, কারণ নিয়ম অনুযায়ী সে বছর এই অঞ্চলেরই সম্মেলনটি আয়োজনের কথা। এর আগে গত এপ্রিলে কোনো কারণ না দেখিয়েই সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার করে নেয় ভারত। তবে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই এই সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ প্রথম প্রকাশিত এই সংবাদের বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তবে তিনি যোগ করেন যে, চীন বৈশ্বিক সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
আরও পড়ুন: ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা, জিৎ বিশ্বাসের মৃত্যুর পর প্রেমিকা পূজা মণ্ডলও জীবন দিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন