০১:৪৩ পি.এম
যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০-এ পৌঁছেছে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে নতুন করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উইসকনসিনে মারা গেছে এক শিশু। পেনসিলভানিয়ায় মৃত ব্যক্তি ছিলেন মন্টুর কাউন্টির একজন বাসিন্দা।
এই বছর পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন হামে মৃত্যুবরণ করেছেন। তিন দশকেরও বেশি সময় পর রাজ্যগুলোতে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ১৯৯১ সালের পর সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদানের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে ভাইরাসটির পুনরুত্থানকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন: এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে টানা এক বছর ধরে সংক্রমণ চলতে থাকায় দেশটি সেই মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। আগামী মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হতে পারে।
এদিকে, টিকা নেওয়ার বয়স হয়নি এমন শিশুরাও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরে হামে মৃতদের অন্তত চারজনের বয়স এত কম ছিল যে তাদের টিকা দেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের আগাম টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত শিশুদের প্রথম ডোজ দেওয়া হয় এক বছর বয়সে এবং দ্বিতীয় ডোজ চার থেকে ছয় বছর বয়সে। দুই ডোজ টিকা হামের বিরুদ্ধে ৯৭ শতাংশ কার্যকর।
এনবিসি নিউজের এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ কাউন্টি ও প্রশাসনিক এলাকায় হামের টিকাদানের হার প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে রয়েছে। দেশটিতে কিন্ডারগার্টেনে পড়ুয়া শিশুদের টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ শতাংশে নেমেছে।
আরও পড়ুন: ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা, জিৎ বিশ্বাসের মৃত্যুর পর প্রেমিকা পূজা মণ্ডলও জীবন দিলেন
সূত্র: এনবিসি নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন