০৪:৪২ পি.এম
কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন জন আওয়ামী লীগ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া (১৯)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু সক্রিয় নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। ওই সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত হন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে মাদক সেবনে নিষেধ করায় নারীকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
এ ঘটনার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানায় মঙ্গলবার (৯ জুন) ১৯ জন নামীয় এবং অজ্ঞাত ২০/২৫ জন নামে মামলা দায়ের করা হয়। মামলার পর দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী বা উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন