০৪:২৯ পি.এম
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন মন্তব্য করেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো কাজ স্থবির হয়ে থাকলে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী আমরা কাজ এগিয়ে নিয়ে যাব।’
আরও পড়ুন: ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
তিনি উল্লেখ করেন, ‘সব ধর্ম ও মতের মানুষেরা যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যত বেশি যোগাযোগ হবে, ততই ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসন হবে।’
এ সময় ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের ধর্মীয় গুরুদের কাছেও তিনি যাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি
তিনি আরো বলেন, ‘পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরো সুদৃঢ় করা সম্ভব।
বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার জিম্মাদারি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন