ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস


জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে সংসদে সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এক সনাতনী শিক্ষার্থীর পক্ষ থেকে। ডা. শফিকুর রহমান তার জবাবে বলেছেন, "আমার ডিকশনারিতে সংখ্যালঘু বলে কিছু নেই।" তিনি বিশ্বাস করেন যে, এই দেশে বসবাসকারী ও জন্মগ্রহণকারী সকলের সমান অধিকার রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্নের উত্তর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ওই সনাতনী শিক্ষার্থী বলেন, "আপনি তো আমাদের বিরোধীদলীয় নেতা হিসেবে আমাদের আমন্ত্রণ করেছেন। সংসদে সংখ্যালঘুদের জন্য বিরোধী দল সবসময় সরকারের যেগুলো কমতি আছে, সেগুলো তুলে ধরে। কিন্তু সংখ্যালঘুদের ব্যাপারে আমি এখনো পর্যন্ত বিরোধী দলের কাছ থেকে তেমন কোনো আশানুরূপ ভয়েস সংসদে পাইনি। আমি জানতে চাই যে, সংসদে সংখ্যালঘুদের নিয়ে বলার জন্য বিরোধীদলীয় দলনেতা হিসেবে আপনি কী ভাবছেন?"

আরও পড়ুন: দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে প্রাণ হারিয়েছেন ৩০০ সেনা সদস্য

উত্তরে জামায়াতে ইসলামীর আমির বলেন, "আমার ডিকশনারিতে কোনো সংখ্যালঘু নাই। আমি বিশ্বাস করি, এ দেশে বসবাসকারী ও জন্মগ্রহণকারী সবার সমান অধিকার রয়েছে। তার ধর্ম কী হবে, এটা সে সিলেক্ট করবে। আমার কোনো অধিকার নাই, আরেকজনের উপরে আমার ধর্ম চাপিয়ে দেওয়ার।" তিনি আরও বলেন, "আমরা যদি ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু-সংখ্যাগুরু নির্ধারণ করি, তাহলে আরো বহু জিনিস আসবে। চামড়ার রং আসবে, মুখের ভাষা আসবে।"

"একটা দেশ এবং সমাজ যদি এভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে সমাজ একটি টেকসই দেশ গড়ে তুলতে পারবে না এবং সবার উপর ইনসাফ করতে পারবে না। এর ঊর্ধ্বে থাকতে হবে। সবাই শুধু তার ধর্মীয় অধিকার না, তার যত ধরনের নাগরিক মানবিক অধিকার আছে, সবাই সমানভাবে সেটা বোধ করা উচিত। এখন বলবেন, এটার প্রমাণ কী? আপনাদেরকে তো এর পক্ষে আমরা এডভোকেসি করতে দেখি না। আমরা মুসলমানদের পক্ষেও বলি না, আমরা হিন্দুদের পক্ষেও বলি না। আমরা খ্রিষ্টানদের পক্ষেও বলি না। আমরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষেও বলি না। আমরা মানুষের অধিকারের পক্ষে কথা বলি।"

তিনি বলেন, "আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরদিন থেকেই অনেকে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। আমরা যুক্ত হয়েছিলাম মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ ও গির্জা পাহারা দেওয়ার কাজে। মুসলমানরা এ দেশের ৯১ শতাংশ মানুষ। তাহলে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন কেন? কারণ, কেউ হয়ত নাশকতা করে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ আশঙ্কা থেকেই আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছিলাম।"

ডা. শফিকুর রহমান বলেন, "টানা ১৫ দিন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না। আমরা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, আমরা বলেছি, ভালনারেবল সোসাইটির কেউ যদি আমাদের হেল্প চায়, তার বাড়ির পাহারাদার হয়েও আমরা কাজ করব এবং করেছি। আমরা বলেছিলাম, দল হিসেবে জামায়াতে ইসলামী কারো উপর কোনো প্রতিশোধ নেবে না। বাংলাদেশ সাক্ষী, আমরা কারো উপর কোনো প্রতিশোধ নেইনি।"

আরও পড়ুন: ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

"আমরা বলেছিলাম, যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি তাদের উপর যে জুলুম হয়েছে, এটার জন্য আইনি প্রতিকার চায়, আমরা সেক্ষেত্রে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের পজিশন এখনো তা-ই। আমাদের অনেক লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমরা কয়টা মামলা কার বিরুদ্ধে করেছি? সারা বাংলাদেশ আমরা আমাদের লোকদেরকে বলেছি, যারা আমাদের ফলোয়ার, যদি আপনি ভিক্টিম হন, ভিক্টিম ফ্যামিলির মেম্বার হন, অবশ্যই আইনি প্রতিকার চাওয়ার অধিকার আপনার আছে। কিন্তু সাবধান! একজন নিরীহ মানুষকেও মামলার আসামি করা যাবে না।"

"কোনো মামলার আসামি যদি একজনই দেওয়া হয়, তাহলে একজনের নামেই মামলা করতে হবে। দুই নম্বর জন কাউকে টানা যাবে না। অনেকে শত শত আসামি দিয়ে মামলা করেছেন, আমরা তা করিনি।"

এসময় ওই সনাতনী শিক্ষার্থী বলেন, "আমার একটি সম্পূরক প্রশ্ন ছিল। আপনার কথা যদি তা-ই সত্য হয়, আপনি একটু আগে যেটা বললেন, আমাকে খুবই হার্ড করছে যে একদিন মুসলিমরা পৃথিবী শাসন করবে। আপনার মুখ থেকে আমি আশা করছিলাম, আপনি বলবেন, একদিন বাংলাদেশিরা পৃথিবী শাসন করবে।"

উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেখেছি, আমাদের পাশের দেশ আছে, সারা দুনিয়া দেখেছি, বিভিন্ন জায়গার শাসন দেখেছি, এই সব শাসনের মাঝে নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো মানুষ দুনিয়ার শাসন ব্যবস্থাকে বিবেচনায় আনে, তাহলে দেখবে এই ভারতবর্ষ মুসলমানরা সাড়ে ৫০০ থেকে ৬০০ বছর শাসন করেছে, কিন্তু তারা কোনো বৈষম্য করেনি, কারো উপর তাদের ধর্ম চাপিয়ে দেয়নি।"

আরও পড়ুন: বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে

এসময় প্রশ্নকর্তা কিছু বলতে চেয়েছেন।

তখন জামায়াত আমির বলেন, "প্লিজ ভাই, আপনি এভাবে তর্ক করলে তো হবে না। শুনতে হবে। তারা (ভারতবর্ষে মুসলমান শাসকরা) কারো সঙ্গে কোনো বৈষম্য করতে যায়নি, তারা সবাইকে ইকুয়াল জাস্টিস উপহার দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলেছি, এটাই একমাত্র উদাহরণ যে দুনিয়ায় তারাই জাস্টিস দিতে পেরেছে, ওইভাবেই জাস্টিস কায়েম হবে। এখন সারা দুনিয়ার বহু জায়গায়, বেশিরভাগ জায়গায় সোশাল জাস্টিস বলতে যে জিনিস, সেটা নাই। সব জায়গায় দুর্বলের উপর সবলের একটা শোষণ চলছে। এই জায়গা থেকে দুনিয়াকে বের হয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ককটেলটি ব্যারাকে না গিয়ে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কের কোতোয়ালি থানার উত্তর পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানার সীমানাপ্রাচীরের কাছে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের দিকে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এদিকে ঘটনার সময় থানার অপর পাশে মহাকালীর মোড় এলাকায় ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দটি বেশ জোরালো ছিল।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে। দ্বিতীয়ার্ধে তারা তিনবার কোস্টারিকার জালে বল পাঠিয়ে ৩-০ গোলের বড় জয় অর্জন করে। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল ও কোস্টারিকা মুখোমুখি হয়। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই রদ্রিগো জুনিয়রের ভলিতে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বিরতি পর্যন্ত গোলশূন্যই থাকে খেলা।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় ব্রাজিলের কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচি ম্যাচের শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন করেন। তবে এতে দলের আক্রমণাত্মক ফুটবলে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি সঞ্চার করেন ব্রাজিলের কোচ। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে জোয়াও ভিতর পাস দেন কারামিকোকে। তার নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে রদ্রিগো জুনিয়র সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান।

এরপর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। বক্সের ভেতর কারামিকোকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের লিড ২-০ করেন বদলি হিসেবে নামা কাওয়ে ফুরকিম।

ম্যাচের ৭০তম মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন রিকেলমে। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুকাস এমানুয়েল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতকালে ইবাদত পালনে কিছু ভুল এড়িয়ে চলার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ এম


শীতকালে ইবাদত পালনে কিছু ভুল এড়িয়ে চলার পরামর্শ

শীতকাল আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এই সময় রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নফল ইবাদতের সুযোগ বৃদ্ধি পায়। তবে প্রচণ্ড ঠাণ্ডার কারণে অজু-গোসল ও নামাজ আদায়ে কিছুটা কষ্ট অনুভূত হয়। কিন্তু এই কষ্টের অজুহাতে অনেক সময় ইবাদতের ক্ষেত্রে অবহেলা করা হয়। কখনো পবিত্রতা অর্জনে ত্রুটি ঘটে। শীতকালে ইবাদত করতে গিয়ে আমাদের যেসব ভুল এড়িয়ে চলা উচিত, সেগুলো হলো—

১. দীর্ঘক্ষণ জোর করে অজু আটকে রাখা : শীতকালে ঠাণ্ডা পানিতে নতুন করে অজু করার কষ্ট এড়াতে অনেকে দীর্ঘক্ষণ অজু ধরে রাখার চেষ্টা করেন। এর ফলে পেশাব-পায়খানার বেগ অনুভব হলেও তা চেপে রাখেন এবং এই অবস্থায় নামাজ আদায় করেন। অথচ শরিয়তের দৃষ্টিতে এটি নিন্দনীয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে অস্বস্তি, প্রস্রাবের সমস্যা ও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘খাবার উপস্থিত থাকলে এবং পেশাব-পায়খানার বেগ চেপে রাখার অবস্থায় নামাজ নেই।’

(মুসলিম, হাদিস : ৫৬০)

তাহলে অজু নষ্ট হওয়ার ভয়ে প্রাকৃতিক প্রয়োজন চেপে রাখা উচিত নয়; বরং প্রয়োজন পূরণ করে নতুন করে অজু করে প্রশান্ত মনে নামাজ আদায় করতে হবে।

২. ঠাণ্ডার কারণে ঠিকমতো অজু না করা : শীতকালে অনেকে ঠাণ্ডা পানি থেকে বাঁচতে তাড়াহুড়া করে অজু করেন। বিশেষ করে এ সময় অনেকের পা ফাটা থাকে কিংবা চামড়া ভাঁজ হয়ে থাকে। এসব স্থানে পানি পৌঁছেছে কি না, তা খেয়াল না করায় অজুর কোনো অংশ শুকনা থেকে যেতে পারে। অথচ অজুর ফরজ অঙ্গগুলো যথাযথভাবে ধৌত করা আবশ্যক।

রাসুলুল্লাহ (সা.) অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধৌত করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা পরিপূর্ণরূপে অজু করো। গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।’

(বুখারি, হাদিস : ৯৬)

৩. ঠাণ্ডার কারণে নাক, মুখ ঢেকে নামাজ পড়া : শীতের সময় অনেকে চাদর, মাফলার কিংবা অন্য কাপড় দিয়ে মুখ ঢেকে নামাজ আদায় করেন। অথচ শরয়ি ওজর ছাড়া মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজের মধ্যে মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। (আবু দাউদ, হাদিস : ৬৪৩)

ইবরাহিম নাখায়ি (রহ.) বলেছেন, নামাজে পুরুষের মাথা ঢেকে রাখতে অসুবিধা নেই, যতক্ষণ সে মুখ ঢেকে না রাখে। আর মুখ ঢেকে রাখা মাকরুহ।

(কিতাবুল আছার, পৃষ্ঠা-১৬০)

তবে প্রচণ্ড ঠাণ্ডা, অসুস্থতা কিংবা অন্য কোনো বাস্তব প্রয়োজন থাকলে এ বিধানের ক্ষেত্রে অবকাশ রয়েছে।

(মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ৪০৬৫; কিতাবুল আসল : ১/১৩; কিতাবুল আছার, পৃষ্ঠা-১৬০; আল-মাবসুত : ১/৩১; রদ্দুল মুহতার : ১/৬৪৫; ফাতহুল কাদির : ১/৩৯৭)

৪. ঠাণ্ডার অজুহাতে ফজরের নামাজ ও পবিত্রতায় অবহেলা করা : শীতকালে অনেকের ফজরের নামাজ আদায়ে অলসতা দেখা যায়। কেউ লেপ-কম্বল ছেড়ে উঠতে চান না, আবার কেউ ঠাণ্ডার ভয়ে অজু কিংবা ফরজ গোসল করতে অনীহা প্রকাশ করেন। অথচ নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত : ১০৩)

ঠাণ্ডা পানি ব্যবহারে বাস্তব ক্ষতির আশঙ্কা থাকলে এবং পানি গরম করার ব্যবস্থা না থাকলে শরিয়তের শর্ত অনুযায়ী একান্ত অপারগ ব্যক্তির জন্য তায়াম্মুমের সুযোগ আছে।

৫. ঠাণ্ডার অজুহাতে জামাতে নামাজে অবহেলা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায়ের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ।’

(মুসলিম, হাদিস : ৬৫০)

তবে প্রচণ্ড ও অসহনীয় ঠাণ্ডায় মসজিদে যাওয়া কষ্টকর হলে শরিয়তে অবকাশ আছে। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, এক প্রচণ্ড ঠাণ্ডা ও ঝড়ের রাতে তিনি আজান দেওয়ার পর মুসল্লিদের বলেছিলেন, ‘তোমরা নিজ নিজ আবাসস্থলে নামাজ আদায় করো। (বুখারি, হাদিস : ৬৬৬)

অতএব, সাধারণ শীতের কারণে জামাত ছেড়ে দেওয়া জায়েজ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমোথেরাপি নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ এম


কেমোথেরাপি নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কেমোথেরাপির উদ্দেশ্য হলো ক্যান্সার কোষ ধ্বংস করা। তবে প্রচলিত অনেক কেমোথেরাপির ওষুধ কেবল ক্যান্সার কোষকেই লক্ষ্য করে না; বরং শরীরের দ্রুত বিভাজিত সুস্থ কোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। চুলের গোড়া, মুখ ও পরিপাকতন্ত্রের আবরণী, এবং অস্থিমজ্জার কোষ ক্ষতির শিকার হয়। এর ফলে চুল পড়া, মুখে ঘা, বমি এবং রক্তের বিভিন্ন উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

রোগীকে সঠিক তথ্য

জানানো জরুরি

কেমোথেরাপির ফলে মাথার চুল, ভ্রু, চোখের পাপড়ি এমনকি দাড়িও পড়ে যেতে পারে। নারীদের জন্য চুল হারানো একটি বড় মানসিক আঘাত হয়ে দাঁড়ায়। তবে চুল পড়া মানে স্থায়ীভাবে টাক হয়ে যাওয়া নয়। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার পর চুল আবার গজায়। নতুন চুলের গঠন বা ধরনে কিছু পরিবর্তন হতে পারে। চুল পড়া কমানোর জন্য বিশেষ শীতলীকরণ পদ্ধতি রয়েছে, তবে তা শতভাগ কার্যকর নয়। তাই রোগীদের সঠিক তথ্য জানানো জরুরি, অবাস্তব আশ্বাস নয়।

কেমোথেরাপির একটি উদ্বেগজনক জটিলতা হলো রক্তে শ্বেতকণিকার, বিশেষ করে নিউট্রোফিলের, কমে যাওয়া। এতে শরীরের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। যদি এ অবস্থায় জ্বর দেখা দেয়, তবে তা সাধারণ জ্বর মনে করা বিপজ্জনক। এই অবস্থাকে ফেব্রাইল নিউট্রোপেনিয়া বলা হয়।

যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। তাই কেমোথেরাপির পর জ্বর হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া উচিত। রোগীর কাছে অপ্রয়োজনীয় দর্শনার্থীর ভিড় বন্ধ করতে হবে। স্পর্শ করার আগে হাত পরিষ্কার রাখতে হবে এবং রোগীর আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া বাস্তব, কিন্তু এর মানে এই নয় যে চিকিৎসা মানেই অসহনীয় যন্ত্রণা। সব রোগীর ক্ষেত্রে একই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। এটি ওষুধ, মাত্রা এবং রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। তাই অন্য রোগীর অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অমূলক ভয় থেকে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মেনে পরীক্ষা করানো, ওষুধ গ্রহণ এবং অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়াই নিরাপদ উপায়।

রক্তের কণিকা কমলেই আতঙ্কিত হবেন না

কেমোথেরাপির আগে এবং প্রতিটি ধাপের আগে রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা বা সিবিসি করা আবশ্যক। এতে হিমোগ্লোবিন, শ্বেতকণিকা এবং অণুচক্রিকার মাত্রা পর্যবেক্ষণ করা হয়। যদি কোনো উপাদান কমে যায়, তবে রোগীর অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নেন। কখনো রক্ত দিতে হয়, কখনো বিশেষ ইনজেকশন বা অন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে।

অণুচক্রিকা কমলে প্লাটিলেট দিতে হবে—এমন ধারণাও ভুল। চিকিৎসক শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে নয়, বরং রক্তক্ষরণের লক্ষণ এবং রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্লাটিলেট দেওয়ার সিদ্ধান্ত নেন। অপ্রয়োজনীয় প্লাটিলেট গ্রহণ যেমন ঠিক নয়, তেমনি চিকিৎসকের সিদ্ধান্ত উপেক্ষা করাও বিপজ্জনক।

কাঁচা ও আধাসিদ্ধ খাবারের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। কেমোথেরাপির সময় রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই খাবারের নিরাপত্তায় সামান্য অসতর্কতা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। কাঁচা, আধাসিদ্ধ ও অপরিচ্ছন্ন খাবার এড়িয়ে চলা উচিত। ফলমূল ভালোভাবে ধুয়ে খেতে হবে। বাসায় তৈরি তাজা এবং ভালোভাবে রান্না করা খাবারকে অগ্রাধিকার দিতে হবে। অপরিচ্ছন্ন সালাদ, বাইরের খোলা খাবার এবং জাংক ফুড পরিহার করা উচিত। অ্যালকোহল থেকেও দূরে থাকতে হবে।

চিনি খেলে ক্যান্সার বাড়ে?

ক্যান্সার রোগীদের জন্য চিনি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত "চিনি খেলে ক্যান্সার বাড়ে" এমন বক্তব্য রোগীদের বিভ্রান্ত করছে। তবে অতিরিক্ত চিনি গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পরিমিত চিনি গ্রহণ এবং ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য নিয়ন্ত্রণ জরুরি।

লেখক : সাবেক চেয়ারম্যান, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%