ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রত্যাহারের নির্দেশের পরও দাগনভূঞা থানায় ওসি, বলছে পুলিশ প্রশাসন


প্রত্যাহারের নির্দেশের পরও দাগনভূঞা থানায় ওসি, বলছে পুলিশ প্রশাসন

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হলেও তিন দিন অতিবাহিত হওয়ার পরও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। তার দায়িত্ব হস্তান্তরের বিলম্বের কারণে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে একটি আপত্তিকর ফোনালাপ প্রকাশিত হওয়ার পর তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। ফাঁস হওয়া ফোনালাপটি নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। তবে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত দায়িত্ব হস্তান্তর না করায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এর আগে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার কারণে বিতর্কে জড়িয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। গত ১০ আগস্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একটি অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। অভিযোগটি দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান করেছিলেন। কিন্তু আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ উঠেছে ওসি নোমানের বিরুদ্ধে।

আরও পড়ুন: ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

এই ঘটনার পর বিচারক অভিযোগটি তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি ওসি হিসেবে তার দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হয়রানি, গ্রেফতার ও মামলা নিয়ে বাণিজ্য, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা বিতর্কে জড়িয়েছেন নোমান। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের কোনো চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, থানায় সাধারণ সেবা নিতে গিয়ে অনেককে ভোগান্তিতে পড়তে হয়েছে। জিডি ও মামলা গ্রহণের ক্ষেত্রে অর্থ দাবি করা কিংবা টাকা ছাড়া সেবা দিতে অনীহার অভিযোগও উঠেছে। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।

অন্যদিকে, দায়িত্ব হস্তান্তরে বিলম্বের পেছনে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে একাধিক সূত্রের দাবি। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস

এ বিষয়ে ওসি ফয়জুল আজিম নোমান বলেন, "দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। তবে বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।"

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার জানান, "এখনো তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব বুঝে পাননি।"

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, "দায়িত্ব হস্তান্তরে কিছুটা দেরি হলেও শুক্রবারের মধ্যে নোমান থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসির সুযোগ নেই। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত ওসি (তদন্ত) থানার দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন: বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, যেমন জারা ও এইচঅ্যান্ডএম, নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক পোশাকের অর্ডারের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়াই এর পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন কয়েকজন কারখানার মালিক।

কারখানার মালিকরা জানিয়েছেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার (প্রায় ৩১২৫ কোটি টাকা) মূল্যের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে। এই অর্ডারের অধিকাংশই প্রতিবেশী দেশ ভারতে গেছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাতের জন্য এই অর্ডার স্থানান্তর একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান শ্রমিক অসন্তোষের মধ্যে এই প্রবণতা সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্ডার স্থানান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে ক্রেতারা সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের নেতারা।

বুধবার বাংলাদেশের সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়, যা গত চার দশকের মধ্যে সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার। শ্রমিকদের মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলন চললেও এই বৃদ্ধির হার তাদের প্রত্যাশা পূরণে যথেষ্ট ছিল না। ফলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার বলেন, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ‘সন্তোষজনক’। তিনি আশা প্রকাশ করেন, শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরে আসবেন।

শিল্প খাতের নেতারা জানিয়েছেন, মজুরি বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, তা আরো কমে আসবে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার মালিকেরা জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এসব অর্ডারের বড় অংশই পেয়েছে ভারত।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম এবং সেলিও মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের কোনো জবাব দেয়নি।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ভারতের পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। সম্ভাব্য অন্যান্য লাভবান প্রতিষ্ঠান ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি বা সেবা খাতের ব্যয় এবং কাঁচামালের দাম বৃদ্ধি—সবকিছু মিলিয়ে পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ আরো বাড়ছে। তিনি বলেন, ‘এমন এক সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম আরো কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে পোশাক সংগ্রহের প্রতিযোগিতা তীব্র হচ্ছে।’

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ফলে আর্থিক ক্ষতি কমিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা সম্ভব হয়।

ব্যবসা-বাণিজ্যে আরো ঝুঁকি বাড়ছে

কারখানার মালিকেরা জানিয়েছেন, বড় উদ্বেগের বিষয় হলো, ইতিমধ্যে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডারগুলোর পাশাপাশি ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। কারণ, পোশাক কোথা থেকে সংগ্রহ করা হবে, তা নিয়ে ক্রেতারা নতুন করে ভাবনাচিন্তা করছেন।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। দীর্ঘস্থায়ী এই জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং কিছু কারখানাকে তুলনামূলক বেশি ব্যয়বহুল বিকল্প জ্বালানির উৎসের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে সরবরাহের সময়সীমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন কঠোর সময়সীমার মধ্যে পণ্য সরবরাহের চাপের মুখে থাকে, তখন দামের বিষয়টি তাদের কাছে গৌণ হয়ে যায়।’

মহিউদ্দিন চৌধুরীর মতে, ভারত ক্রেতাদের প্রায় এক সপ্তাহ কম সময়ে পণ্য সরবরাহের সুবিধা দিতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম ও কম্বোডিয়া পণ্য সরবরাহের সময়সীমা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে। তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উৎপাদনকেন্দ্রগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে। বিপরীতে বাংলাদেশে এ কাজ শেষ করতে প্রায় ১২০ দিন সময় লাগে।

উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোতে কাজের জটও তৈরি হয়েছে। ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা বিবেচনা করছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোর জন্য প্রধানত পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের প্রভাব ইতিমধ্যে নতুন ব্যবসার ওপর পড়তে শুরু করেছে।

আলম বলেন, ‘১ নভেম্বর থেকে শ্রমিক অসন্তোষের কারণে আমার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তারা আমাদের জানিয়েছেন, আমাদের অর্ডার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়িয়েছে।

শিল্প খাতের নেতারা বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সময়ে যেসব অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়, পরিস্থিতির উন্নতি হলেও সেসব অর্ডার আর বাংলাদেশে ফিরে না-ও আসতে পারে।

তিনি বলেন, ‘সাময়িকভাবে অন্য দেশে অর্ডার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত যাতে দীর্ঘমেয়াদি ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্তে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিতিশীলতা অব্যাহত থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’

সূত্র: রয়টার্স

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে সংসদে সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এক সনাতনী শিক্ষার্থীর পক্ষ থেকে। ডা. শফিকুর রহমান তার জবাবে বলেছেন, "আমার ডিকশনারিতে সংখ্যালঘু বলে কিছু নেই।" তিনি বিশ্বাস করেন যে, এই দেশে বসবাসকারী ও জন্মগ্রহণকারী সকলের সমান অধিকার রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্নের উত্তর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ওই সনাতনী শিক্ষার্থী বলেন, "আপনি তো আমাদের বিরোধীদলীয় নেতা হিসেবে আমাদের আমন্ত্রণ করেছেন। সংসদে সংখ্যালঘুদের জন্য বিরোধী দল সবসময় সরকারের যেগুলো কমতি আছে, সেগুলো তুলে ধরে। কিন্তু সংখ্যালঘুদের ব্যাপারে আমি এখনো পর্যন্ত বিরোধী দলের কাছ থেকে তেমন কোনো আশানুরূপ ভয়েস সংসদে পাইনি। আমি জানতে চাই যে, সংসদে সংখ্যালঘুদের নিয়ে বলার জন্য বিরোধীদলীয় দলনেতা হিসেবে আপনি কী ভাবছেন?"

উত্তরে জামায়াতে ইসলামীর আমির বলেন, "আমার ডিকশনারিতে কোনো সংখ্যালঘু নাই। আমি বিশ্বাস করি, এ দেশে বসবাসকারী ও জন্মগ্রহণকারী সবার সমান অধিকার রয়েছে। তার ধর্ম কী হবে, এটা সে সিলেক্ট করবে। আমার কোনো অধিকার নাই, আরেকজনের উপরে আমার ধর্ম চাপিয়ে দেওয়ার।" তিনি আরও বলেন, "আমরা যদি ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু-সংখ্যাগুরু নির্ধারণ করি, তাহলে আরো বহু জিনিস আসবে। চামড়ার রং আসবে, মুখের ভাষা আসবে।"

"একটা দেশ এবং সমাজ যদি এভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে সমাজ একটি টেকসই দেশ গড়ে তুলতে পারবে না এবং সবার উপর ইনসাফ করতে পারবে না। এর ঊর্ধ্বে থাকতে হবে। সবাই শুধু তার ধর্মীয় অধিকার না, তার যত ধরনের নাগরিক মানবিক অধিকার আছে, সবাই সমানভাবে সেটা বোধ করা উচিত। এখন বলবেন, এটার প্রমাণ কী? আপনাদেরকে তো এর পক্ষে আমরা এডভোকেসি করতে দেখি না। আমরা মুসলমানদের পক্ষেও বলি না, আমরা হিন্দুদের পক্ষেও বলি না। আমরা খ্রিষ্টানদের পক্ষেও বলি না। আমরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষেও বলি না। আমরা মানুষের অধিকারের পক্ষে কথা বলি।"

তিনি বলেন, "আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরদিন থেকেই অনেকে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। আমরা যুক্ত হয়েছিলাম মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ ও গির্জা পাহারা দেওয়ার কাজে। মুসলমানরা এ দেশের ৯১ শতাংশ মানুষ। তাহলে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন কেন? কারণ, কেউ হয়ত নাশকতা করে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ আশঙ্কা থেকেই আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছিলাম।"

ডা. শফিকুর রহমান বলেন, "টানা ১৫ দিন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না। আমরা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, আমরা বলেছি, ভালনারেবল সোসাইটির কেউ যদি আমাদের হেল্প চায়, তার বাড়ির পাহারাদার হয়েও আমরা কাজ করব এবং করেছি। আমরা বলেছিলাম, দল হিসেবে জামায়াতে ইসলামী কারো উপর কোনো প্রতিশোধ নেবে না। বাংলাদেশ সাক্ষী, আমরা কারো উপর কোনো প্রতিশোধ নেইনি।"

"আমরা বলেছিলাম, যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি তাদের উপর যে জুলুম হয়েছে, এটার জন্য আইনি প্রতিকার চায়, আমরা সেক্ষেত্রে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের পজিশন এখনো তা-ই। আমাদের অনেক লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমরা কয়টা মামলা কার বিরুদ্ধে করেছি? সারা বাংলাদেশ আমরা আমাদের লোকদেরকে বলেছি, যারা আমাদের ফলোয়ার, যদি আপনি ভিক্টিম হন, ভিক্টিম ফ্যামিলির মেম্বার হন, অবশ্যই আইনি প্রতিকার চাওয়ার অধিকার আপনার আছে। কিন্তু সাবধান! একজন নিরীহ মানুষকেও মামলার আসামি করা যাবে না।"

"কোনো মামলার আসামি যদি একজনই দেওয়া হয়, তাহলে একজনের নামেই মামলা করতে হবে। দুই নম্বর জন কাউকে টানা যাবে না। অনেকে শত শত আসামি দিয়ে মামলা করেছেন, আমরা তা করিনি।"

এসময় ওই সনাতনী শিক্ষার্থী বলেন, "আমার একটি সম্পূরক প্রশ্ন ছিল। আপনার কথা যদি তা-ই সত্য হয়, আপনি একটু আগে যেটা বললেন, আমাকে খুবই হার্ড করছে যে একদিন মুসলিমরা পৃথিবী শাসন করবে। আপনার মুখ থেকে আমি আশা করছিলাম, আপনি বলবেন, একদিন বাংলাদেশিরা পৃথিবী শাসন করবে।"

উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেখেছি, আমাদের পাশের দেশ আছে, সারা দুনিয়া দেখেছি, বিভিন্ন জায়গার শাসন দেখেছি, এই সব শাসনের মাঝে নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো মানুষ দুনিয়ার শাসন ব্যবস্থাকে বিবেচনায় আনে, তাহলে দেখবে এই ভারতবর্ষ মুসলমানরা সাড়ে ৫০০ থেকে ৬০০ বছর শাসন করেছে, কিন্তু তারা কোনো বৈষম্য করেনি, কারো উপর তাদের ধর্ম চাপিয়ে দেয়নি।"

এসময় প্রশ্নকর্তা কিছু বলতে চেয়েছেন।

তখন জামায়াত আমির বলেন, "প্লিজ ভাই, আপনি এভাবে তর্ক করলে তো হবে না। শুনতে হবে। তারা (ভারতবর্ষে মুসলমান শাসকরা) কারো সঙ্গে কোনো বৈষম্য করতে যায়নি, তারা সবাইকে ইকুয়াল জাস্টিস উপহার দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলেছি, এটাই একমাত্র উদাহরণ যে দুনিয়ায় তারাই জাস্টিস দিতে পেরেছে, ওইভাবেই জাস্টিস কায়েম হবে। এখন সারা দুনিয়ার বহু জায়গায়, বেশিরভাগ জায়গায় সোশাল জাস্টিস বলতে যে জিনিস, সেটা নাই। সব জায়গায় দুর্বলের উপর সবলের একটা শোষণ চলছে। এই জায়গা থেকে দুনিয়াকে বের হয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ককটেলটি ব্যারাকে না গিয়ে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কের কোতোয়ালি থানার উত্তর পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানার সীমানাপ্রাচীরের কাছে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের দিকে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এদিকে ঘটনার সময় থানার অপর পাশে মহাকালীর মোড় এলাকায় ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দটি বেশ জোরালো ছিল।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে। দ্বিতীয়ার্ধে তারা তিনবার কোস্টারিকার জালে বল পাঠিয়ে ৩-০ গোলের বড় জয় অর্জন করে। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল ও কোস্টারিকা মুখোমুখি হয়। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই রদ্রিগো জুনিয়রের ভলিতে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বিরতি পর্যন্ত গোলশূন্যই থাকে খেলা।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় ব্রাজিলের কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচি ম্যাচের শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন করেন। তবে এতে দলের আক্রমণাত্মক ফুটবলে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি সঞ্চার করেন ব্রাজিলের কোচ। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে জোয়াও ভিতর পাস দেন কারামিকোকে। তার নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে রদ্রিগো জুনিয়র সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান।

এরপর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। বক্সের ভেতর কারামিকোকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের লিড ২-০ করেন বদলি হিসেবে নামা কাওয়ে ফুরকিম।

ম্যাচের ৭০তম মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন রিকেলমে। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুকাস এমানুয়েল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%