ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নবীনগরে মন্দিরের তালা ভেঙে ৩০০ অতিথির খাবারের মালামাল চুরি


নবীনগরে মন্দিরের তালা ভেঙে ৩০০ অতিথির খাবারের মালামাল চুরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরের দল একটি মন্দিরের তালা ভেঙে ৩০০ অতিথির খাবারের মালামালসহ মন্দিরের অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নবীনগরের পশ্চিম পাড়ায় অবস্থিত ভবতারিণী কালীমাতা মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।

এটি জানা গেছে যে, ভবতারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার দুপুরে মন্দির চত্বরে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য প্রয়োজনীয় সকল মালামাল মন্দিরের ভেতর রাখা হয়েছিল। মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে চোরেরা সোনা ও শ্রাদ্ধানুষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) এই বিষয়ে বলেন, ‘আমি মন্দিরের পাশের ঘরে থাকি। রাতে চোরের দল আমাকে তালাবদ্ধ করে রাখে। পরে তারা মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে বিভিন্ন সোনা ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আনা মধ্যাহ্নভোজের মালামাল চুরি করে নিয়ে যায়।’

আরও পড়ুন: বেচে থাকা অবস্থায় থানায় অভিযোগ দিয়েও পেলনা বিচার; অবশেষে হামলার শিকার বিভাটেক চালক আজাহারের মৃত্যু, বিচার দাবি শোকাহত পরিবারের

ঢাকা থেকে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসা প্রয়াত সমীর ঘোষের ছোটভাই প্রথম আলোর জি এম অরূপ কুমার ঘোষ কালের কণ্ঠকে জানান, ‘আমার মেজদার (সমীর ঘোষ) শ্রাদ্ধানুষ্ঠান ও আজকের মধ্যাহ্নভোজের জন্য আনা লক্ষাধিক টাকার বাজার গতকাল রাতে মন্দিরের ভেতর রেখেছিলাম। কিন্তু মন্দিরের তালা ভেঙে সব মালামালসহ সোনা পর্যন্ত চুরি হয়েছে। বিষয়টি আমরা কল্পনাও করতে পারছি না।’

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।’

নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম সকালে কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

জেলার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম সেবা) কালের কণ্ঠকে জানান, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: ওভারটেক নিয়ে বিরোধে হাতাহাতির পর ট্রাক চাপায় রিকশাচালক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকের মালিকের ৪০০ বিলিয়ন ডলার মূল্যায়নে শেয়ার পুনঃক্রয়ের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


টিকটকের মালিকের ৪০০ বিলিয়ন ডলার মূল্যায়নে শেয়ার পুনঃক্রয়ের পরিকল্পনা

টিকটকের মূল প্রতিষ্ঠান, চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্স, বর্তমানে বিদ্যমান বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বোচ্চ ৬০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের একটি পরিকল্পনা গ্রহণ করছে। এই উদ্যোগের ফলে কোম্পানিটির মূল্যায়ন প্রায় ৪০০ বিলিয়ন ডলার হবে।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যা প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন দ্বারা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠি এবং পরিকল্পনার সঙ্গে পরিচিত এক ব্যক্তির উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাইটড্যান্সের এই পরিকল্পনার আওতায় বিদ্যমান বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বোচ্চ ৬ বিলিয়ন ডলারের শেয়ার কিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোম্পানিটির মূল্যায়ন প্রায় ৪০০ বিলিয়ন ডলার দাঁড়াবে।

তবে রয়টার্স জানিয়েছে, দ্য ইনফরমেশনের প্রতিবেদনটির তথ্য তারা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

শেয়ার পুনঃক্রয়ের মাধ্যমে সাধারণত কোনো প্রতিষ্ঠান বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে নিজেদের শেয়ার কিনে নেয়। যদি বাইটড্যান্সের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বিনিয়োগকারীরা তাঁদের হাতে থাকা শেয়ারের একটি অংশ বিক্রির সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালের বক্স অফিসের রানি অ্যান হ্যাথওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


২০২৬ সালের বক্স অফিসের রানি অ্যান হ্যাথওয়ে

এক বছরে পাঁচটি সিনেমা এবং বিশ্বব্যাপী বক্স অফিসে আয় প্রায় ২৮০ কোটি ডলার! ২০২৬ সালটি যেন পুরোপুরি নিজের করে নিয়েছেন হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। ভিন্ন ঘরানার পাঁচটি সিনেমায় পাঁচ রকম চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় রয়েছেন, পাশাপাশি বাণিজ্যিক সাফল্যেও অনেক তারকাকে ছাপিয়ে গেছেন। তার জন্মদিনে ফিরে দেখা যাক, কীভাবে ২০২৬ সালের বক্স অফিসের অন্যতম সফল অভিনেত্রী হয়ে উঠলেন অ্যান হ্যাথওয়ে।

হলিউডের অনেক তারকার মাঝে, যারা সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়ার ক্ষমতা রাখেন, অ্যান হ্যাথওয়ে তাদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশনজগতের শিক্ষানবিশ, কখনো ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের জটিল এক চরিত্র—বিচিত্র সব ভূমিকায় অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে বারবার দর্শকের নজর কেড়েছেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

আজ ১২ নভেম্বর তার জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যানের বয়স এখন ৪৪ বছর। তবে বয়সের হিসাব ছাপিয়ে এ বছর আলোচনায় তার সাফল্য। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচটি সিনেমা। ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয়ের পাশাপাশি বক্স অফিসে দাপট দেখিয়েছেন তিনি। সব মিলিয়ে পাঁচ সিনেমার বিশ্বব্যাপী আয় প্রায় ২৭৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৮৮৭ কোটি টাকা। এই অঙ্ক অবশ্য অভিনেত্রীর ব্যক্তিগত পারিশ্রমিক নয়, সিনেমাগুলোর টিকিট বিক্রি থেকে পাওয়া আয়।

এ বছর অ্যান অভিনীত সিনেমাগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি’, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’। পাঁচ সিনেমায় পাঁচ ধরনের চরিত্রে হাজির হয়েছেন তিনি। কোথাও জনপ্রিয় পপ তারকা, কোথাও ফ্যাশনজগতের পরিচিত মুখ, কোথাও গ্রিক মহাকাব্যের রানি, আবার কোথাও রহস্যময় এক লেখক।

আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৮০ কোটি ৩০ লাখ ডলার। এতে ওডিসিউসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যান। মহাকাব্যিক এই গল্পে তার উপস্থিতি দর্শকের আগ্রহের অন্যতম কারণ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। সিনেমাটির আয় ৬৯ কোটি ৩৫ লাখ ডলার। দীর্ঘ দুই দশক পর অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন অ্যান। পাশাপাশি মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির প্রত্যাবর্তনও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ‘ভেরিটি’। কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলারটি আয় করেছে ১৭ কোটি ৭৬ লাখ ডলার। এতে রহস্যময় লেখক ভেরিটি ক্রফোর্ডের চরিত্রে অভিনয় করেছেন অ্যান। ভিন্নধর্মী এই চরিত্রে তাঁর উপস্থিতি সিনেমাটিকে আলোচনায় রেখেছে।

এদিকে অ্যান অভিনীত সায়েন্স ফিকশন ও সারভাইভালধর্মী সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আয় করেছে ১২ কোটি ১৬ লাখ ডলার। এতে তার সহশিল্পী ইওয়ান ম্যাকগ্রেগর। রহস্যময় এক মহাজাগতিক ঘটনার পর একটি আবাসিক এলাকা অচেনা জগতে চলে যায়। সেখানে বাসিন্দাদের টিকে থাকার লড়াই নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

অন্যদিকে ‘মাদার মেরি’ বক্স অফিসে তুলনামূলক পিছিয়ে রয়েছে। ডেভিড লোরি পরিচালিত সংগীতনির্ভর মনস্তাত্ত্বিক নাট্যধর্মী সিনেমাটি আয় করেছে ৩০ লাখ ৩১ হাজার ডলার। এতে জনপ্রিয় পপ তারকা মাদার মেরির চরিত্রে অভিনয় করেছেন অ্যান। নিজের সাবেক পোশাক পরিকল্পনাকারী বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। অভিনয়ের প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্যের দিক থেকে অন্য চার সিনেমার তুলনায় পিছিয়ে রয়েছে এটি।

অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারের অন্যতম শক্তি হলো বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার সাহস। রোমান্টিক কমেডি থেকে শুরু করে থ্রিলার, সায়েন্স ফিকশন, সংগীতনির্ভর নাটক—কোনো একটি ঘরানায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। সময়ের সঙ্গে তাঁর অভিনয়ে এসেছে পরিণতিও। ফলে প্রতিটি নতুন কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত সম্পদ নিয়েও রয়েছে আলোচনা। বিভিন্ন বিনোদনভিত্তিক সম্পদ পরিমাপক ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, অ্যানের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় আট কোটি মার্কিন ডলার। এদিকে ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন তিনি। তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

সব মিলিয়ে ২০২৬ সাল অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নেওয়ার মতো একটি বছর। এক বছরে পাঁচটি সিনেমায় অভিনয়, এর মধ্যে একাধিক বড় বক্স অফিস সাফল্য এবং ক্রিস্টোফার নোলানের মতো নির্মাতার সঙ্গে কাজ—সবকিছু মিলিয়ে হলিউডে নিজের অবস্থান আরও একবার শক্তভাবে জানান দিয়েছেন তিনি। জন্মদিনে তাই শুধু বয়স নয়, আলোচনায় তার সাফল্যের খতিয়ানও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ মাসের ছেলেকে কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা, বাবার জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


১১ মাসের ছেলেকে কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা, বাবার জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ১১ মাস বয়সী নিজের ছেলেকে কুকুরের খাঁচায় ভরে পাইনবনের ঝোপঝাড়ের মধ্যে মাটিচাপা দেওয়ার অভিযোগে মাইকেল কোমার নামে এক ব্যক্তির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার জামিন শুনানিতে লেক্সিংটন কাউন্টি পুলিশ বিভাগের প্রধান তদন্তকারী টাইলার ডগলাস আদালতকে জানান, কোমারের মধ্যে ছেলেকে হত্যার চেষ্টার ঘটনায় কোনো অনুশোচনা দেখা যায়নি। এমনকি তিনি রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এসব তথ্য বিবেচনা করে বিচারক গ্যারি ডব্লিউ. রাইনহার্ট জামিন আবেদন নাকচ করেন।

এছাড়া কোমারের পক্ষে সরকারি আইনজীবী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২৫ বছর বয়সী কোমারের বিরুদ্ধে হত্যার চেষ্টা, বাড়িতে অবৈধভাবে প্রবেশ এবং শিশুকে বিপদের মুখে ফেলার অভিযোগ রয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ জে কুন জানান, মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সোমবার ১১ মাস বয়সী ছেলে কোয়াহ নিখোঁজ হওয়ার পর থেকেই কোমার পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এখনো তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।

মাইকেল কোমারের বাবা জন কোমার জানান, সোমবার তার ছেলে থাকার জায়গার প্রয়োজনের কথা জানালে তিনি মাইকেল ও তার ১১ মাস বয়সী নাতিকে নিজের বাড়িতে আশ্রয় দেন। বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদককে তিনি প্রতিবেশীর জমিতে নিয়ে যান। সেখানে ছোট একটি গর্ত দেখান, যেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।

এপিকে জন কোমার বলেন, ‘কেউ কীভাবে এমন কিছু করার পর্যায়ে পৌঁছাতে পারে, কিংবা কীভাবে এটিকে সঠিক কাজ বলে মনে করতে পারে, তা আমি কল্পনাও করতে পারি না।’ এদিকে কেন মাইকেল কোমার নিজের ছেলেকে এভাবে মাটিচাপা দিয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে গত অক্টোবরে শিশুটির মায়ের সঙ্গে পারিবারিক সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত হন মাইকেল কোমার। ওই ঘটনায় তাকে শর্তসাপেক্ষে মুক্তি বা প্রবেশনে থাকার সাজা দেওয়া হয়েছিল। পুলিশ জে কুন জানান, কোয়াহর বাবা-মায়ের মধ্যে কিছু সমস্যা চলছিল।

তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে অনেক সময় শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়।’ লালচে-সোনালি চুলের শিশুটিকে উদ্ধারে গ্রামীণ এলাকায় ব্যাপক তল্লাশি চালান উদ্ধারকর্মীরা।

পুলিশের ভাষ্যমতে, সারাদিন খোঁজাখুঁজির পর একপর্যায়ে মাটি খোঁড়ার নতুন চিহ্ন দেখতে পান তারা। এ সময় মাটির নিচ থেকে শিশুটির কান্নার শব্দও শুনতে পান উদ্ধারকারীরা।

পুলিশ জানান, ঠান্ডা আবহাওয়া এবং মাটির নিচে খাঁচার চারপাশে জড়ানো একটি তোয়ালের কারণে সেখানে সম্ভবত বাতাস চলাচলের জন্য ছোট একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। এই বাতাসের কারণেই শিশুটি বেঁচে থাকতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত শিশুটিকে মাটি থেকে উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নতুন করে আমার জন্ম হয়েছে’— আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


‘নতুন করে আমার জন্ম হয়েছে’— আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। তিনি কঠিন এক সময় পার করছেন অস্ত্রোপচার, কেমোথেরাপি—সব মিলিয়ে। তবে অসুস্থতাকে অনেকটাই জয় করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। চিকিৎসার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চান তিনি।

দীর্ঘ আট মাস পর গত মাসে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তানিয়া। প্রিয় অভিনেত্রীকে দীর্ঘদিন পর সরাসরি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। সেই লাইভে ভক্তদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কেমন আছেন, কীভাবে অসুস্থ হলেন, অসুস্থতার আগে কোনো লক্ষণ ছিল কি না—এমন অনেক কিছুই জানতে চান তারা। একজন ভক্ত মৌসুমী আক্তার জানতে চান, ‘আপনি শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন, আপনার অসুস্থতার কোনো লক্ষণ ছিল না?’

এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন তানিয়া। তিনি জানান, শুরুতে তেমন কোনো লক্ষণই বুঝতে পারেননি। তবে ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় কিছুটা মাথাব্যথা ছিল তার। তানিয়া বলেন, ‘আমার কোনো লক্ষণ ছিল না। আমি একদমই স্বাভাবিক ছিলাম। কেউ যদি আমার “দাদির আদর” নাটকের ট্রেলার দেখেন, নাটক দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তখন আমার কিছুটা মাথাব্যথা ছিল। সেভাবেই আমি শুটিং করেছি। সচরাচর এমনটা থাকে।’

এদিকে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরেরও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। শুটিং করতে গিয়ে অসুস্থ হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। তানিয়ার ভাষ্য, শুটিংয়ের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখানে একটু কিছু হলেই সেটা নানাভাবে ছড়াতে থাকে। আমি শুটিংয়ে অসুস্থ হইনি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ, আমাকে রাত পর্যন্ত শুটিং করতে হয়েছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে এমনও হয়েছিল যে দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি। কোনো বিরতি ছিল না। কিছু অনিয়মের কারণে ক্লান্ত ছিলাম। এমনটাও কিন্তু শুটিংয়ে হয়ে থাকে।’

শুরুতে মাথাব্যথাকে স্বাভাবিক ক্লান্তি ভেবেই গুরুত্ব দেননি তানিয়া। টানা চার দিন শুটিংয়ের মধ্যে ব্যথা কখনো বাড়ছিল, কখনো কমছিল। কিন্তু পঞ্চম দিন সকালে পরিস্থিতি বদলে যায়। তীব্র মাথাব্যথার পাশাপাশি শুরু হয় বমি। সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তানিয়া বলেন, ‘টানা শুটিং করছি। চার দিন শুটিংয়ে কিছুটা মাথাব্যথা ছিল। এই ব্যথা আসে–যায় টাইপের। আমিও অতটা গুরুত্ব দিইনি। পরে ব্যথাটা আরও বাড়তে থাকে। পঞ্চম দিন সকালে অনেক ব্যথা হয়। সেই সঙ্গে বমি হতে থাকে। সেদিনই আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা দেন। ষষ্ঠ দিনে জানতে পারি, আমার ব্রেন ক্যানসার। তার আগে আমি একদম ভালো, শুটিং করছি। কী থেকে কী হয়ে গেল। পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার।’

এরপর দ্রুত শুরু হয় তার চিকিৎসা। দেশে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ভারতেও যেতে হয় অভিনেত্রীকে। দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে এখন ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। তবে অসুস্থতার পরিচয়ের বাইরে নিজের অভিনয় দিয়েই দর্শকের কাছে ফিরতে চান তানিয়া। তার কথায়, ‘আমি চাই, এখন সবাই আমার কাজ নিয়ে আগের মতো কথা বলুক। আমি কাজ করছি, সেটাই জানুক। আর কারও যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।’

চিকিৎসা এখনো শেষ হয়নি। প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং করা সম্ভব হবে কি না, তা নিয়েও নিশ্চিত নন অভিনেত্রী। তানিয়া বলেন, ‘এটা এখনো বলতে পারছি না। আমি নিজেও নিয়মিত শুটিং করতে চাই না। আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় হয়তো প্রতি মাসে দুই–একটা কাজ করব। আর কেমো শেষ হলে আমি বাসা থেকে বের হতে চাই। তখন আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ, আমি চাই না টিউমার আবার দেখা দিক। যে কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।’

মিডিয়ায় এক যুগের ক্যারিয়ার তানিয়ার। দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফেরা তার কাছে ছিল এক আবেগঘন অভিজ্ঞতা। নতুন করে ক্যারিয়ার শুরুর দিনগুলোর অনুভূতি ফিরে পেয়েছেন তিনি। সহকর্মীদের সহযোগিতাও ছুঁয়ে গেছে তাকে। এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে ভারতের চেন্নাইয়ে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে অভিনেত্রীকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%