প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। তিনি কঠিন এক সময় পার করছেন অস্ত্রোপচার, কেমোথেরাপি—সব মিলিয়ে। তবে অসুস্থতাকে অনেকটাই জয় করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। চিকিৎসার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চান তিনি।
দীর্ঘ আট মাস পর গত মাসে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তানিয়া। প্রিয় অভিনেত্রীকে দীর্ঘদিন পর সরাসরি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। সেই লাইভে ভক্তদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কেমন আছেন, কীভাবে অসুস্থ হলেন, অসুস্থতার আগে কোনো লক্ষণ ছিল কি না—এমন অনেক কিছুই জানতে চান তারা। একজন ভক্ত মৌসুমী আক্তার জানতে চান, ‘আপনি শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন, আপনার অসুস্থতার কোনো লক্ষণ ছিল না?’
এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন তানিয়া। তিনি জানান, শুরুতে তেমন কোনো লক্ষণই বুঝতে পারেননি। তবে ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় কিছুটা মাথাব্যথা ছিল তার। তানিয়া বলেন, ‘আমার কোনো লক্ষণ ছিল না। আমি একদমই স্বাভাবিক ছিলাম। কেউ যদি আমার “দাদির আদর” নাটকের ট্রেলার দেখেন, নাটক দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তখন আমার কিছুটা মাথাব্যথা ছিল। সেভাবেই আমি শুটিং করেছি। সচরাচর এমনটা থাকে।’
এদিকে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরেরও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। শুটিং করতে গিয়ে অসুস্থ হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। তানিয়ার ভাষ্য, শুটিংয়ের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখানে একটু কিছু হলেই সেটা নানাভাবে ছড়াতে থাকে। আমি শুটিংয়ে অসুস্থ হইনি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ, আমাকে রাত পর্যন্ত শুটিং করতে হয়েছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে এমনও হয়েছিল যে দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি। কোনো বিরতি ছিল না। কিছু অনিয়মের কারণে ক্লান্ত ছিলাম। এমনটাও কিন্তু শুটিংয়ে হয়ে থাকে।’
শুরুতে মাথাব্যথাকে স্বাভাবিক ক্লান্তি ভেবেই গুরুত্ব দেননি তানিয়া। টানা চার দিন শুটিংয়ের মধ্যে ব্যথা কখনো বাড়ছিল, কখনো কমছিল। কিন্তু পঞ্চম দিন সকালে পরিস্থিতি বদলে যায়। তীব্র মাথাব্যথার পাশাপাশি শুরু হয় বমি। সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তানিয়া বলেন, ‘টানা শুটিং করছি। চার দিন শুটিংয়ে কিছুটা মাথাব্যথা ছিল। এই ব্যথা আসে–যায় টাইপের। আমিও অতটা গুরুত্ব দিইনি। পরে ব্যথাটা আরও বাড়তে থাকে। পঞ্চম দিন সকালে অনেক ব্যথা হয়। সেই সঙ্গে বমি হতে থাকে। সেদিনই আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা দেন। ষষ্ঠ দিনে জানতে পারি, আমার ব্রেন ক্যানসার। তার আগে আমি একদম ভালো, শুটিং করছি। কী থেকে কী হয়ে গেল। পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার।’
এরপর দ্রুত শুরু হয় তার চিকিৎসা। দেশে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ভারতেও যেতে হয় অভিনেত্রীকে। দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে এখন ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। তবে অসুস্থতার পরিচয়ের বাইরে নিজের অভিনয় দিয়েই দর্শকের কাছে ফিরতে চান তানিয়া। তার কথায়, ‘আমি চাই, এখন সবাই আমার কাজ নিয়ে আগের মতো কথা বলুক। আমি কাজ করছি, সেটাই জানুক। আর কারও যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।’
চিকিৎসা এখনো শেষ হয়নি। প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং করা সম্ভব হবে কি না, তা নিয়েও নিশ্চিত নন অভিনেত্রী। তানিয়া বলেন, ‘এটা এখনো বলতে পারছি না। আমি নিজেও নিয়মিত শুটিং করতে চাই না। আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় হয়তো প্রতি মাসে দুই–একটা কাজ করব। আর কেমো শেষ হলে আমি বাসা থেকে বের হতে চাই। তখন আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ, আমি চাই না টিউমার আবার দেখা দিক। যে কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।’
মিডিয়ায় এক যুগের ক্যারিয়ার তানিয়ার। দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফেরা তার কাছে ছিল এক আবেগঘন অভিজ্ঞতা। নতুন করে ক্যারিয়ার শুরুর দিনগুলোর অনুভূতি ফিরে পেয়েছেন তিনি। সহকর্মীদের সহযোগিতাও ছুঁয়ে গেছে তাকে। এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে ভারতের চেন্নাইয়ে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে অভিনেত্রীকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন