ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে বন্ধকী সম্পত্তি নিলামে জালিয়াতির অভিযোগ


সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে বন্ধকী সম্পত্তি নিলামে জালিয়াতির অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ রয়েছে, বন্ধকী সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে এই অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলা দায়ের করেছেন।

এদিকে, দুদকের অনুসন্ধানের খবর জানার পর মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, মাসরুর আরেফিন ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন। তিনি ৩০ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন। এই সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি অবগত রয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান

দুদক সূত্রে জানা গেছে, রোববারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

অনুসন্ধান চলাকালে যদি কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। অভিযোগটির অনুসন্ধান দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তিনি আরো তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানির সম্ভাবনা বিশাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলাম নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘটে যাওয়া একটি ট্রাকচাপায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৯টার সময় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তেঁতুলিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসহাক আলীর পুত্র।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এ বিষয়ে জানান, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। যখন তিনি ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া এলাকায় পৌঁছান, তখন তার মোটরসাইকেলটি সড়কে পিছলে পড়ে যায়। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ওসি জানান, সুরতহাল শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর পরিকল্পনা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ হ্রাস করার জন্য বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা হয়েছে। ঋণ আদায় তৎপরতা বৃদ্ধি, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং আইনি সংস্কারের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে, যাতে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত হয় এবং খেলাপি ঋণ আদায়ে গতি আনা সম্ভব হয়।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতাভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা দাঁড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে জানান, "খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার।" এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "বিশেষ করে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।" পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

বিশেষ এ সুবিধার মূল উদ্দেশ্য হলো, নির্ধারিত শর্ত পূরণকারী ঋণগ্রহীতাদের দায় নিষ্পত্তির সুযোগ দেওয়া এবং দীর্ঘদিন ধরে খেলাপি হিসাবে আটকে থাকা অর্থ ব্যাংকগুলোকে আদায়ে সহায়তা করা। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণের হার রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বাসসকে বলেন, "বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ঋণ আদায় জোরদার এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নে কাজ করছে তাঁর ব্যাংক।"

তিনি বলেন, "বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে।" এর ফলে দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য সহজ হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ অন্যান্য উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন করতে পারবে এবং এতে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী সময়মতো প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলো আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় ঋণ আদায়ে নিয়োজিত ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা চালু ও নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিদ্যমান প্রণোদনা পর্যালোচনার বিষয়টিও রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঋণ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এর অংশ হিসেবে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে।

এসব পদক্ষেপের লক্ষ্য হলো খেলাপি ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি দ্রুত করা এবং ব্যাংকের আটকে থাকা অর্থ আদায়ের প্রক্রিয়া সহজ করা।

ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে—এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ-একিউআর) জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও ও সম্পদের মান যাচাই করে দুর্বলতা, ঋণঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য আছে।

অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।

ঋণ আদায় কার্যক্রম আরও কার্যকর করতে ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা, জামানতের সঠিক মূল্যায়ন ও তা নগদায়নের প্রক্রিয়া উন্নত করা এবং বড় ও উচ্চঝুঁকির ঋণগ্রহীতাদের ওপর নিবিড় নজরদারিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগ এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী ও সামগ্রিক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠছে জেন-জি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠছে জেন-জি

শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা যুদ্ধ বন্ধের, সামাজিক কল্যাণ খাতে ব্যয় সংকোচন প্রত্যাহারের এবং এমনকি পুঁজিবাদের অবসানের দাবিতে স্লোগান দেয়।

বর্তমান ইউরোপে চলমান এই বিক্ষোভটি চলতি বছরে বিশ্বজুড়ে তরুণদের অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন সংযোজন হিসেবে দেখা যাচ্ছে। একই সঙ্গে, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সাম্প্রতিক নির্বাচনের ফল নির্ধারণে তরুণদের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।

বিভিন্ন জরিপে প্রতিফলিত হচ্ছে যে, হতাশ তরুণেরা বিভিন্ন দেশে নির্বাচনে একটি বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছে। হাঙ্গেরি ও সার্বিয়ায় জাতীয়তাবাদী নেতাদের ক্ষমতা থেকে বিতাড়ন, আমেরিকার মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে প্রথমবারের মতো উগ্র রক্ষণশীলদের বিজয় এই তরুণ শক্তির প্রভাবের উদাহরণ। ফ্রান্স ও স্পেনে আসন্ন নির্বাচনে এ তরুণ শক্তির প্রভাব আরও বড় আকারে দেখা যাবে।

ব্রিটেনের সোশ্যালিস্ট স্টুডেন্টসের ন্যাশনাল চেয়ার অ্যাডাম পাওয়েল-ডেভিস মন্তব্য করেন, ‘আমাদের প্রজন্মের সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সংযুক্ত না করে ভাবনা দিনে দিনে কঠিন হয়ে পড়ছে।’ ২৭ বছর বয়সি এই নেতা আরও বলেন, ‘এটি শুধু বিশেষ কোনো দেশের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বজুড়েই এমন পরিস্থিতি চলছে।’

তরুণদের এই ক্ষোভের উপকারভোগীরা আদর্শিকভাবে বিভিন্ন ধারায় বিভক্ত। তাদের মধ্যে মধ্যপন্থিরা যেমন রয়েছেন, তেমনি চরম উদারপন্থি ও উগ্র রক্ষণশীল রাজনীতিবিদরাও রয়েছেন, যারা বর্তমান অস্থির বিশ্বব্যবস্থার সমস্যাগুলোর জন্য কিছু কঠোর ও স্পষ্ট সমাধান দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই জনপ্রিয় হয়ে উঠছে।

রাজনৈতিক আন্দোলন সংগঠক ও বিশেষজ্ঞরা জানান, বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে তরুণদের এই ক্ষোভের পেছনে হতাশা কাজ করছে। তারা মনে করছেন, অর্থনৈতিক উন্নতির সুযোগ ক্রমেই তাদের হাতছাড়া হচ্ছে।

মহামারি, সংঘাত, বৈশ্বিক উষ্ণায়ন ও অর্থনীতির দুর্গতির এক দশকে তরুণদের মধ্যে ভয় তৈরি হয়েছে যে, তারা তাদের বাবা-মা ও দাদা-দাদির মতো শান্তি, আর্থিক সংগতি ও স্বাধীনতা উপভোগ করতে পারবে না। ফ্রান্সের মতো দেশ উচ্চ সরকারি ঋণের বোঝা নিয়ে হিমশিম খাচ্ছে এবং সামাজিক কল্যাণ ব্যবস্থা চালু রাখার বিষয়ে সংকটে পড়েছে।

স্পেনের বিলবাওয়ের ২৭ বছর বয়সি শিক্ষার্থী লরা স্পিয়ারি বলেন, ‘আমাদের কোনো ভবিষ্যৎ নেই।’ তিনি নিজস্ব আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয়তা পূরণের বিষয়ে সংকটের কথা জানান। লরা বলেন, ‘নিজের জীবন কীভাবে যাপন করবেন, কীভাবে তা গড়বেন, এ বিষয়ে আপনার কোনো পছন্দ করার সুযোগ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিনের পুষ্টিতে ডিমের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


প্রতিদিনের পুষ্টিতে ডিমের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা

একজন মায়ের ভূমিকা পরিবারের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও খাদ্য নির্বাচন, রান্না এবং পরিবারের সদস্যদের পুষ্টিচাহিদার বিষয়টি তার বিবেচনায় রাখতে হয়। এই দায়িত্ব পালনের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম একটি নির্ভরযোগ্য পছন্দ হতে পারে।

বাঙালি পরিবারের খাদ্যতালিকায় ডিম দীর্ঘদিন ধরে পরিচিত ও জনপ্রিয় একটি উপাদান। সকালের নাশতা, দুপুর বা রাতের খাবার, এমনকি বিভিন্ন নাশতা ও মিষ্টান্ন তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহারের কারণে এটি অনেক পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ডিমে উচ্চমানের প্রোটিনের পাশাপাশি বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

ডিমকে সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ তুলনামূলকভাবে কম খরচে এটি মূল্যবান পুষ্টি উপাদান সরবরাহ করে। বর্তমানে বাজারে ওমেগা-৩-সমৃদ্ধ ডিমও পাওয়া যাচ্ছে, যা ভোক্তাদের জন্য একটি অতিরিক্ত বিকল্প হিসেবে কাজ করছে।

শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। সুষম খাদ্যের অংশ হিসেবে ডিম শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়ক পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে। এ কারণে অনেক অভিভাবক সন্তানের নাশতা বা টিফিনে নিয়মিত ডিম অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা আরো বেশি। কৈশোর, কর্মজীবন, গর্ভাবস্থা, মাতৃত্ব কিংবা মধ্যবয়স—প্রতিটি সময়ে শরীরের চাহিদা ভিন্ন হয়। বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে পরিবারের সবার যত্ন নিতে গিয়ে অনেক নারী নিজের পুষ্টির বিষয়টি উপেক্ষা করেন। একজন সুস্থ মা একটি সুস্থ পরিবারের ভিত্তি। তাই নিজের খাদ্যাভ্যাসের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পরিবারের প্রবীণ সদস্যদের জন্যও ডিম একটি উপকারী খাদ্য। এতে থাকা উচ্চমানের প্রোটিন দৈনন্দিন খাদ্যতালিকায় মূল্যবান সংযোজন হতে পারে। ডিমে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান চোখ ও মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।

ডিমের একটি বিশেষত্ব হলো এর বহুমুখী ব্যবহার। সেদ্ধ ডিম, পোচ, অমলেট কিংবা ডিমভাজি ছাড়াও খিচুড়ি, স্যান্ডউইচ, সালাদ, নুডলস, কেক, পুডিংসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক রেসিপিতে ডিম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফলে এটি শুধু পুষ্টিকরই নয়, রান্নাঘরের অন্যতম বহুল ব্যবহৃত খাদ্যও।

তবে পুষ্টির পাশাপাশি খাদ্যের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। ডিম কেনার সময় খোলস পরিষ্কার ও অক্ষত আছে কি না, তা দেখে নেওয়া উচিত। ফাটা বা চিড়যুক্ত ডিম এড়িয়ে চলা ভালো। নির্ভরযোগ্য উৎস থেকে ডিম সংগ্রহ এবং সঠিকভাবে সংরক্ষণ করা নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ।

শীতকালে খাদ্যতালিকায় ডিমের উপস্থিতি বাড়ে। এ সময় সেদ্ধ ডিম সহজেই পাওয়া যায়। সেদ্ধ ডিম বহন করা সহজ এবং দ্রুত খাওয়াও যায়। তাই কর্মস্থলে যাওয়ার পথে, ভ্রমণে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা দৈনন্দিন ব্যস্ততার মাঝে ক্ষুধা লাগলে একটি সেদ্ধ ডিম হতে পারে সহজ, সাশ্রয়ী ও পুষ্টিকর বিকল্প। বাইরে খাবার নির্বাচনের সময় সেদ্ধ ডিমকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

তবে যাদের ডিমে অ্যালার্জি রয়েছে বা কোনো বিশেষ স্বাস্থ্যগত কারণে নির্দিষ্ট খাদ্যবিধি অনুসরণ করতে হয়, তাদের ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করা উচিত।

পরিবারের প্রতি ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় ছোট ছোট যত্ন ও সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করাও তেমনই একটি ইতিবাচক সিদ্ধান্ত। সহজলভ্য ও পুষ্টিকর এই খাদ্য শিশু, নারী, প্রবীণসহ পরিবারের বিভিন্ন সদস্যের সুষম খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই এই শীতে সকালের নাশতা, সন্তানের টিফিন কিংবা চলার পথে খাবার নির্বাচনের ক্ষেত্রে ডিমকে গুরুত্ব দেওয়া যেতে পারে। কারণ একজন মায়ের হাতের ছোট্ট একটি সচেতন সিদ্ধান্তই হতে পারে পরিবারের সুস্থতা, পুষ্টি ও সুন্দর আগামী দিনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ।

লেখক: কনসালট্যান্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স; গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডে অ্যাডভাইজরি কনসালট্যান্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%