০১:৩৩ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে হাজার হাজার জোড়া নাইকি জুতা, মিলওয়াকি ব্র্যান্ডের যন্ত্রপাতি এবং অন্যান্য পণ্য।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। ১৪ মাসের তদন্ত শেষে এ সপ্তাহে অভিযোগপত্র দাখিল করা হয়। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে একে ‘বিস্ময়কর মাত্রার চুরি’ বলে উল্লেখ করেছেন।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ‘লোস ত্রেনেস’ নামে পরিচিত চক্রটির নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা এবং দুই চাচাসহ চক্রের অন্যান্য সদস্য চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাঁদের মধ্যে কেউ নজরদারির দায়িত্ব পালন করতেন, আবার কেউ ট্রেনের বাতাস চলাচলের পাইপ বা এয়ার হোস কেটে দিতেন। এর ফলে বায়ুচাপ কমে গিয়ে ট্রেনের ব্রেক সক্রিয় হয়ে যেত এবং ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেতে বাধ্য হতো।
আরও পড়ুন: দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায়
ট্রেন থেমে যাওয়ার পর চক্রের অন্য সদস্যরা সেখানে গিয়ে পণ্য লুট করতেন। পরে সেগুলো ট্রাক ও ভ্যানে করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়ি ও গোপন স্থানে মজুত করা হতো। অভিযোগ করা হয়েছে যে সেখান থেকে পণ্যগুলো কালোবাজারে বিক্রি করা হতো। ট্রেনের এয়ার হোস কেটে দেওয়ার কারণে দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।
আদালতের নথিতে সংযুক্ত ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে নাথান অ্যাঞ্জেলকে নাইকির পণ্যভর্তি কয়েকটি বাক্সের সামনে সেলফি তুলতে দেখা যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ২৭ বছর বয়সী ডোন্টা হেজম্যান চলন্ত একটি নাইকি পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। ২০২৫ সালে চুরির ঘটনা আরও বেড়ে যায়। ওই বছরের ২৯ এপ্রিল চক্রটি মিলওয়াকি ব্র্যান্ডের ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিষয়ে তদন্ত শুরু করেছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল চক্রের এক অজ্ঞাত সহযোগী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা দিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, তিনি কার কাছ থেকে পণ্যগুলো পেয়েছেন। জবাবে মার্তিনেজ তাঁকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।
২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজরদারির ইঙ্গিতও পাওয়া যায়। তখন মার্তিনেজকে এক সহযোগী সতর্ক করে লিখেছিলেন, তদন্ত গভীরে গেলে তাঁদের বিপদ হতে পারে।
আরও পড়ুন: মঙ্গল গ্রহে বরফের নিচে রহস্যময় 'গাছের বন' আবিষ্কার
২০২৬ সালের ১৬ জানুয়ারি নাথান অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা এক সহযোগীকে পুলিশ আটক করেছে বলে বার্তা আদান-প্রদান করেন। এরপরও চুরির ঘটনা থামেনি। ওই বছরের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। ছবিটিতে মুখোশধারী কয়েকজনকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের একটি ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লোস ত্রেনেস’ লেখা ছিল এবং ওপরে একটি হেলিকপ্টার থেকে সার্চলাইট ফেলা হচ্ছিল।
অভিযোগপত্রে চক্রের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আন্তঃরাজ্য রেলপথে পণ্য চুরি এবং চোরাই পণ্য গ্রহণ বা নিজেদের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর এবং রেলপথে পণ্য চুরির প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং পণ্যগুলো যেন কালোবাজারের পরিবর্তে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।
আরও পড়ুন: ধর্মঘটের কারণে সোমবার অচল হয়ে পড়তে পারে বেলজিয়ামের বিমান চলাচল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন