০৮:৪০ এম
রোববার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সম্পর্কিত তথ্য ও উপাত্ত বিনিময় করবেন। তবে, আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়ে আলোচনা এবারের বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে যৌথ নদী কমিশন জানিয়েছে।
পূর্ববর্তী বৈঠকটি ২২ মে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের আলোচনা হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির আওতায় এটি দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায়, শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এর ফলে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: যুবদলের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বন্টন
এটি উল্লেখযোগ্য যে, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।
আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এছাড়া, বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে যে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।
এসকেডি/ আরটিভি
আরও পড়ুন: মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন